কবি লোচনদাসের ত্রিলোচন ভণিতার বৈষ্ণব পদাবলী
*
আলো সই নাগরে দেখিয়া বাসর ঘরে
ভণিতা ত্রিলোচন
কবি ত্রিলোচন দাস
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ৫৭-পৃষ্ঠায় এইরূপে
দেওয়া রয়েছে।

॥ বিহগড়া॥

আলো সই নাগরে দেখিয়া বাসর ঘরে।
মন উচাটন প্রাণ ছন ছন চিত যে কেমন করে॥ ধ্রু॥
গৌরাঙ্গচাঁদের অঙ্গেতে হলুদ দিতে সই গিয়াছিনু।
সে রূপের আগে, হলুদ মলিন, রূপয়ে ঝুরিয়া মনু॥
মনু মনু মনু গো সখি হেরিয়া গৌরাঙ্গরূপে।
সাধ হই হেন কনে হই পুনঃ এ বরে দি সব সঁপে॥
অঙ্গের সৌরভে আকুল করিল কি তার পুণ্যের জোর।
জনম সফল হইবে যখন নাগর করিবে কোর॥
আঁখির ভঙ্গিমা দিতে নারি সীমা কেমন কেমন বাঁকা।
পিরীতি ছানিয়া কে থুইল তাতে, চাহনি পিরীতি মাখা॥
ত্রিলোচন বলে, আলো দিদি শুন, হিয়াটী কর লো দড়।
পরের নাগরে পরাণ সঁপিলে কলঙ্ক হইবে বড়॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
শচী হরষিত হৈঞা নির্ম্মঞ্ছন-সজ্জ লঞা
ভণিতা দাস ত্রিলোচন
কবি ত্রিলোচন দাস
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন
“শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথারাগ॥

শচী হরষিত হৈঞা                         নির্ম্মঞ্ছন-সজ্জ লঞা
আয়োগণ সঙ্গেতে করিয়া।
জয় জয় মঙ্গল পড়ে                        সব জন হরিবোলে
দ্রব্য ফেলে দোঁহারে নিছিয়া॥
সম্মুখে মঙ্গল ঘট                            রায়বার পড়ে ভাট
বেদধ্বনি করয়ে ব্রাহ্মণ।
বিষ্ণুপ্রিয়া-কর ধরি                              বিশ্বম্ভর শ্রীহরি
গৃহে প্রবেশিলা শুভক্ষণ॥
শচী প্রেমে গরগর                          কোলে করি বিশ্বম্ভর
চুম্ব দেই সে চাঁদবদনে।
আনন্দে ব্হ্বল হিয়া                        আয়োগণ মাঝে গিয়া
বধূ কোলে শচীর নাচনে॥
আপনা না ধরে সুখে                    নানা দ্রব্য দেয় লোকে
তুষ্ট হৈয়া যত সব জন।
বিশ্বম্ভর বিষ্ণুপ্রিয়া                           এক মেলি দেখিয়া
গুণ গায় দাস ত্রিলোচন॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সীতানাথ, সীতানাথ, আনন্দে বিভোর
ভণিতা দাস ত্রিলোচন
কবি ত্রিলোচন দাস
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ২৯৭-পৃষ্ঠায় এইরূপে
দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সীতানাথ, সীতানাথ, আনন্দে বিভোর।
দুজনার, অনিবার, ঝরে নেত্রলোর॥
দুজনেতে, বদনেতে, বলে দুঃখ দূর।
জীবতরে, নৈদাপুরে, আসিবেন গৌর॥
সব দিকে, একে একে, দেখে সুমঙ্গল।
স্ত্রীপুরুষে, হেসে হেসে, সুখেতে বিহ্বোল॥
ত্রিলোচন, হর্ষমন, বলে ভালে ভাল।
অবতীর্ণ, শ্রীচৈতন্য, ঘুচিবে জঞ্জাল॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর