কবি দ্বিজ মাধব দাসের বৈষ্ণব পদাবলী
*
দেখ ভাই আগম নিগমে
কবি দ্বিজ মাধব দাস
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী”, ১৯৩৪, ৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। জগবন্ধু ভদ্র জানিয়েছেন যে, ইতিহাসবিদ ও বৈষ্ণব
সাহিত্যের খ্যাতনামা পণ্ডিত, অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধির মতে গৌরপদ-তরঙ্গিণীতে উদ্ধৃত দ্বিজমাধব
ভণিতাযুক্ত “দেখ ভাই আগম নিগমে” পদটির রচয়িতা কালিদাস মিশ্রের পুত্র মাধব বা মাধবাচার্য্যই। এই
পদটি আমরা মাধবাচার্য্যের শ্রীকৃষ্ণমঙ্গলে পাই নি।

॥ সুহই॥

দেখ ভাই আগম নিগমে।
চৈতন্য নিতাই বিনে                                  দয়ার ঠাকুর নাই
পাপী লোকে তাহা নাহি জানে॥ ধ্রু॥
সত্য ত্রেতা দ্বাপর                                     সত্যযুগের ঈশ্বর
ধ্যান যজ্ঞ পূজা প্রকাশিলা।
সেই বৃন্দাবন চাঁদ                                      ধরি নটবর ছাঁদ
সে যুগে গোপীরে প্রেম দিলা॥
সে জন গোকুল নাথ                            কংস কেশী কৈলা পাত
যারে কহে যশোদাকুমার।
নবদ্বিপে অবতরি                                  সেই হৈল গৌর হরি
পাতকীরে করিতে উদ্ধার॥
তাহার অগ্রজ নাম                                    রোহিণীনন্দন রাম
আর যত পারিষদ মিলে।
নিজনাম প্রেমগুণে                                   পতিত চণ্ডাল জনে
ভাসাইলা প্রেম আঁখি জলে॥
যে মূঢ় পণ্ডিত মানি                               পড়ুয়া তার্কিক জানি
পূরবে অসুর হৈয়া ছিল।
দ্বিজ মাধব দাসে বলে                              সেই অপরাধ-ফলে
এ যুগে বঞ্চিত বুঝি হৈল॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ২৩শ পল্লব, শ্রীচৈতন্য-
নিত্যানন্দের রূপ-গুণ-বর্ণন, পদসংখ্যা ২৩৩৯।

॥ তথারাগ॥ (গান্ধার)

দেখ ভাই আগম নিগমে।
চৈতন্য নিতাই বিনু                                   দয়ার ঠাকুর নাই
পাপী লোকে তাহা নাহি মানে॥ ধ্রু॥
সত্য ত্রেতা দ্বাপর                                     সর্ব্ব যুগের ঈশ্বর
ধ্যান যজ্ঞ পূজা প্রকাশিলা।
সেই বৃন্দাবন-চাঁদ                                        ধরি নটবর-ছাঁদ
সে যুগে গোপীরে প্রেম দিলা॥
যে’জন গোকুল নাথ                              কংস কেশী কৈল পাত
যারে কহে যশোদা-কুমার।
সে জন গোকুল ছাড়ি                                  নবদ্বিপে অবতরি
পাতকীরে করিলা উদ্ধার॥
তাহার অগ্রজ নাম                                   রোহিণী-নন্দন রাম
আর যত পারিষদ মেলে।
নিজ-নাম-প্রেম-গুণে                                  পতিত চণ্ডাল জনে
ভাসাইল প্রেম-আঁখি-জলে॥
যে মূঢ় পণ্ডিত-মানি                               পড়ুয়া তার্কিক জানি
পূরবে অসুর হৈয়াছিল।
দ্বিজ মাধব দাসে বলে                              সেই অপরাধ-ফলে
এ যুগে বঞ্চিত বুঝি হৈল॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর