কবি মাধো - “মাধো” ভণিতার, সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরুতে চারটি এবং জগবন্ধু ভদ্র সংকলিত ও সম্পাদিত গৌরপদতরঙ্গিণী পদাবলী সংকলনে, তার মধ্য থেকে দুটি পদ রয়েছে। হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পাদবলী সংকলনেও চারটি “মাধো” ভণিতার পদ রয়েছে। কিন্তু সেগুলি হুবহু পদকল্পতরু থেকে নেওয়া মনে হয়। সংকলনে, তিনি ওই পদাবলীর উৎসের সূত্র দিয়ে যাননি।
মাধো প্রসঙ্গে জগবন্ধু ভদ্রর মত - গৌরপদতরঙ্গিণীর সংকলক ও সম্পাদক জগবন্ধু ভদ্রের মতে “মাধো” একজন নীলাচলবাসী কবি ছিলেন যিনি শ্যামানন্দের প্রশিষ্য ও রসিকানন্দের শিষ্য। এর কোনো প্রমাণ তিনি দিয়ে যান নি। “শ্যামানন্দ” অথবা “দুঃখী কৃষ্ণদাস” ভণিতার কবির, জন্ম হয় ১৮৫৭ শকাব্দে অর্থাৎ ১৫৩৫ খৃষ্টাব্দে। তাই “মাধো” যদি “শ্যামানন্দ”-এর প্রশিষ্য হন, তবে তাঁকে সপ্তদশ শতকের প্রথমার্ধের বলে ধরা যেতে পারে।
মাধো প্রসঙ্গে সতীশচন্দ্র রায়ের মত - শ্রীশ্রীপদকল্পতরুর ৫ম খণ্ডের ভূমিকায়, সতীশচন্দ্র রায় “মাধো” সম্বন্ধে লিখেছেন . . . “ . . . ‘মাধো’ ভণিতার চারিটী পদ পদকল্পতরুতে উদ্ধৃত হইয়াছে। জগবন্ধু বাবু ইঁহার পরিচয় প্রসঙ্গে লিখিয়াছেন, ‘মাধো’ একজন নীলাচলবাসী কবি, শ্যামানন্দের প্রশিষ্য ও রসিকানন্দের শিষ্য। নীলাচলে অন্যান্য দেশেরও বহু লোক বাস করিতেন, সুতরাং নীলাচল-বাসী বিশেষণের সাহায্যে ইঁহার জন্মস্থান জ্ঞাত হওয়া যায় না। ‘মাধো’ ভণিতার পদ চারিটীর ভাষা বাঙ্গালার ‘ব্রজবুলী’ নহে, উহা ব্রজমণ্ডলের প্রচলিত ‘ব্রজ-ভাষা’ ; সুতরাং ‘মাধো’ যে, ঐ অঞ্চলের লোক, তাহা নিঃসন্দেহে প্রতীত হয়।
‘মাধব’ নামের অপভ্রংশে ‘মাধো’ নামটীও হিন্দুস্থানেরই বিশেষত্ব। বাঙ্গালা বা উড়িষ্যায় ‘মাধব’ শব্দের অন্তস্থ ‘ব’-কার বর্গীয় ‘ব’-কারের ন্যায় উচ্চারিত হওয়ায়, উহার অপভ্রংশে ‘মাধো’ হয় না। এ দেশে ‘মাধব’ নামের অপভ্রংশ ‘মাধাই’ বা ‘মাধা’ --- ‘মাধো’ নহে।”
বিভিন্ন রূপে "মাধব" ভণিতা ও তার অপভ্রংশ -পাতার উপরে . . . আমরা মিনলসাগরে যে বিভিন্ন রূপে “মাধব” ও তার অপভ্রংশ রূপের ভণিতাযুক্ত পদ সংগ্রহ করতে পেয়েছি তা হলো "মাধব", "মাধব দাস", "দ্বিজ মাধব", "মাধব আচার্য্য", "শ্রীমাধব", "মাধাই", "মাধো", "মাধব ঘোষ", "মাধবেন্দ্র পুরী", "মাধবী" এবং "মাধবী দাসী"।
এই পাতা প্রথম প্রকাশ - ৮.৫.২০১৭ পরিবর্ধিত সংস্করণ - ৩.৮.২০১৭ ...
কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো। আমাদের ঠিকানা - srimilansengupta@yahoo.co.in