শ্রদ্ধাঞ্জলি কবি সতীশচন্দ্র রায় বিজয়চন্দ্র মজুমদার সম্পাদিত “বঙ্গবাণী” পত্রিকার শ্রাবণ ১৩৩২ (অগাস্ট ১৯২৫) সংখ্যায় প্রকাশিত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণে রচিত।
শ্মশানেতে সব শেষ ? ---সেত মিথ্যা ভয়, . শ্মশানেরি না মানি’ শাসন, মৃত্যুবরণে জীবনের নিত্য পরাজয় ? . মরণের না মানি’ বারণ, যুগে যুগে দেশে দেশে হে অমর! অম্লান! অক্ষয়! গাও স্বাধীনতা গান, গাও তুমি জীবনের জয়! . গাও তুমি গীতি-চিরন্তন . দেশবন্ধু হে চিত্তরঞ্জন!
মৃত্যু নিল পদধূলি ভৃত্য সম এসে ; . অনন্তের বিশ্রাম মন্দিরে শ্রান্ত দেহখানি নিল বিস্মৃতির দেশে ; . সে অক্লান্ত ‘চিত্ত’ হেথা ফিরে। সঞ্চারে সে উন্মাদনা আত্মা মাঝে অশরীরী বেশে, সর্ব্বত্যাগী সে তাপস দেশ জননীরে ভালোবেসে, . সে অনন্ত দেহমুক্ত মন ; . দেশপ্রেমী হে চিত্তরঞ্জন।
লক্ষ দেশবাসী বুকে তুমি নববল . জীবনের তুমি যে জীবন, ত্যাগব্রত হে আদর্শ যৌবন! অজর অমর তুমি! পুণ্য স্মৃতি পাথেয় সম্বল, নিবেদিলে দেশ মায়ে জীবনের রক্তজবাদল ; . প্রণমিছে তব ভক্তগণ, . দেশপূজ্য হে চিত্তরঞ্জন। দেশ-আত্মা-বেদী পরে হোমশিখা . পুণ্য অগ্নি নিভিবেনা কভু, ক্ষুদ্র স্বার্থ ভস্ম হয়, যায় অহমিকা . জড়ে প্রাণ জেগে ওঠে তবু। দেশ মাতা তব ভালে এঁকে দিল জ্যোতির্ম্ময় টীকা, ভারতের ইতিহাসে রবে নাম স্বর্ণাক্ষরে লিখা . দেশবাসী করিবে বন্দন ; . মৃত্যুঞ্জয়ী হে চিত্তরঞ্জন! . ************************* . সূচীতে . . .