কবি স্বপ্নিল রায়ের কবিতা
*
ঠিকানা-হীন
কবি স্বপ্নিল রায়


শহরের বুকে পথ হাঁটি,
সারাদিন শেষ হলে পরে
ক্লান্ত পা, মাথা কুটি।

রোজ রোজ অফিস-কাছারি
তালা বন্ধ হলে --- অন্ধকার ঘরে
.        নির্লিপ্ত চোখ, মশা মারি।

এ পায়ে অনেক ধুলোবালি
প্রতিদিন ঘুরে যায়
.        আমার চোখ শুধু ‘কর্মখালি’।

ঠিকানা বদল হয় ঠিকানার উদ্দেশে,
মাথা পেতে রোদ নিই, অথচ
.        ঠিকানা নিরুদ্দেশে।

ডিগ্রিগুলো বড়ই বেহায়া দেয় উঁকি,
‘রুগ্ন দেহ তার’ বলে অফিসের বাবু
.        তবু আমার আহাম্মকি।

দিন যায় রাত আসে, রাত যায় দিন,
আদুরে কাগজ ঘুমিয়ে থাকে ফাইলে
.        ফাইল ঘুমিয়ে ঠিকানা-বিহীন।

.                 ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আত্মজীবনী
কবি স্বপ্নিল রায়


কী করে লিখি প্রেম ?
ঝরা পালকের গায়ে জন্মালেম।

কী করে কাটি সাঁতার ?
মাথার ওপরে পাথরের গুরুভার।

কী করে মৃত্যু লিখি ?
কিছু চোখ, চোখ জ্বলে ঝিকিমিকি।

কী করে গোপন থাকি ?
সমস্ত ভাঙাচোরায় বসন্তের পাখি।

চোখ নিয়ে মন নিয়ে চলে যাও প্রেম,
আমি দিন-রাত সব হারালেম।

.                 ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ধর্ষক, ধর্ষিতা ও বিশিষ্টজনেরা
কবি স্বপ্নিল রায়


ধর্ষিতা মেয়েটির শরীর কাঁপছে
.                মন কাঁপছে
.                চোখ লুকানো
.                মুখও ---
.                বাকরুদ্ধ।

চ্যানেলে পেছনমুখী ছবি, বড় বড় হেডলাইন।

সামনে সমব্যথী বিশিষ্টব্যক্তিদের বক্তব্য,
.                তাদের একটাই সুর ---
‘মেয়েটির সবচেয়ে বড় সম্পদ নষ্ট হয়েছে।’

এ-কথার পর ---
.        ধর্ষকের সঙ্গে
.        এইসমস্ত লোকের
.        কোনো পার্থক্য খুঁজে পাই না আমি।

.                 ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
সিন্দুক
কবি স্বপ্নিল রায়


আমি হিন্দু
গো-মাংস খেতে পারি
অঘোষিত আমি সর্বাহারি।

তাতে আমার জাত যাবে না
জাত যাবে না টিকিধারির কাছে
কেননা সত্যিকথা গোপন হয়ে আছে।

গোপন আরও গোপন
আগ্নেয়াস্ত্রের মতো কথা আছে যত
আমি রেখেছি দূরে --- সেসব অসম্মত।

সেই সব --- তার সবই
তোমার-আমার রাখা আছে মন-সিন্দুকে
কী করবে ধার্মিক --- সমাজ --- কী করবে নিন্দুকে?

.                 ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
এক বাড়িতে একটা টিভি আজকাল আর চলে না
কবি স্বপ্নিল রায়


এক বাড়িতে একটা টিভি
.        আজকাল আর চলে না,
সবার আছে টিভির বাতিক
.        অন্য গল্প বলে না।
গল্প চলে সিরিয়ালের
.        গিন্নি বলেন রসিয়ে,
ক্ষেন্তিবুড়ি পাঁচুর মাকে
.        গোলটেবিলে বসিয়ে।
দেখেই আমি বুঝতে পারি
.        মনটা কারও বসে না,
এক বাড়িতে একটা টিভি
.        আজকাল আর চলে না।

বড়ছেলে হ্যাঙলা-প্যাঙলা
.        সারাদিন তার দেখা নাই,
বাড়ি ফিরলেই মারকাটারি
.       
 W.W.F.-টা চাই।
ছোটো ছেলের কার্টুন রোজ
.        নইলে খাবার রোচে না,
এক বাড়িতে একটা টিভি
.        আজকাল আর চলে না।

আমার আছে খবর দেখা
.        অফিস থেকে বাড়ি ফিরে,
তখন দেখি গোলমাল খুব
.        টিভিটাকে রোজ ঘিরে।
মেয়ে বলে—রিমোর্টটা কই
.        ‘রিয়ালিটি শো’ আছে না ?
এক বাড়িতে একটা টিভি
.        আজকাল আর চলে না।

.                 ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
হিসাব
কবি স্বপ্নিল রায়


খাতায় খাতায়          পাতায় পাতায়
তুলি হিসাব,
আমি যে এবার          পেয়েছি সবার
কত কী লাভ।
কত আছে ঠিক         ঠিক বা বেঠিক
বলতো ভাই,
কতদিন ধরে                নগরে নগরে
হাতসাফাই ?
কতদিন আর               আমজনতার
পর্দাফাই ?
এবার হিসাব               হবে বাবুসব
হবে জবাই।

.                          ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
হকার
কবি স্বপ্নিল রায়

দুপুর রোদ
মারছে গোদ
.        বনগাঁ লোকাল ছুটছে
.                ঘুরছে
সান্তারাম
করছে কাম
.        সকাল থেকে সন্ধে
.                আনন্দে
ঝরছে ঘাম
ডাইনে বাম
.        এদিক-ওদিক যাচ্ছে
.                হাঁকছে
চাইগো চাই
বেশি যে নাই
.        মিষ্টি গুড়ের মোয়া
.                শোয়া
যাত্রী বহু
করছে উ-হু
.        কী যে ভীষণ গরম
.                সরম ?
দৃষ্টি নেই
আবরণেই
.        আধখানা গা বাইরে
.                ভাইরে
.        মিষ্টি মোয়া চাইরে ?
ছড়ায় ছড়া
মিষ্টি পড়া
.        বাচ্চাদেরই জন্যে
.                হন্যে
বইওয়ালা
পেনওয়ালা
.        সকাল থেকে সন্ধে
.                ছন্দে
হাঁকছে সুরে
কামরা ঘুরে
.        পাঁচটা পাঁচটি টাকায়
.                ঝাঁকায়
লেবু বোঝা
নামিয়ে সোজা
.        বলছে গরমে খান
.                পান
.        মনেতে শান্তি পান
একটি বুড়ো থুত্থুড়ো
.        হাত পেতে যায় হাতে
.                ভাতে
মরছে সে
যাচ্ছে কেশে
.        পাচ্ছে দু-এক আনা
.                মানা
শুনছে কত
ধুনছে শত
.        তবু যে উদাস চোখ
.                লোক
ওঠা-নামায়
কে থামায়
.        কাজের দিকেই ঝোঁক
.        গরমে কাহিল লোক।

.                   ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ঈশ্বর ও আমি
কবি স্বপ্নিল রায়


ঈশ্বর জানেন আর আমি জানি ---
আমি ঈশ্বরকে ভালোবাসি না
.                       চাইও না,
তবু ঈশ্বর আমাকে চান।
আমি যেখানে হাত রাখি, মাথা রাখি
.               শরীর ছড়িয়ে দিই
ঈশ্বর আমার পেছনে পেছনে …
.               মাথার সিঁথানে,
আর শীতলপাটি হয়ে শরীর আঁকড়ে থাকেন।

প্রতি সন্ধ্যায় আমি যখন মন সংযমের প্রার্থনা করি
ঈশ্বর তখন আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন,
ফিসফিস করে বলেন ---
.               প্রভু, আমাকে আপনার শিষ্য করবেন ?

.                   ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
দৃষ্টি-আগুন
কবি স্বপ্নিল রায়

দৃষ্টিতে বিশ্বাস নেই
যখন-তখন খুন,
ও ছেলে আমি আঠেরোতেই
বুকেতে আগুন।

পরীক্ষা সে যা-তা হবে
মন-যমুনা আঁকি,
সুর-পালঙ্ক আকাশ-নভে
জাল্‌নায় চেয়ে থাকি।

বাঁশি বাজে মনের বাঁশি
কৃষ্ণ তোমার নাম,
তোমার সাথে ঘুরতে যাব
রটুকগে বদনাম।

ও ছেলে তুমি আর এসো না
দৃষ্টি আগুন নিয়ে,
ঘাট-সিঁড়িতে আর বোসো না
ঠিক হয়ে আছে বিয়ে।

.                   ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
নিছক ছড়া নয়
কবি স্বপ্নিল রায়


বুনো যদি বলি বিশ্বটাকে
লাথি মারি সবার টাকে
.       তবে কেমন লাগে ?
সত্যিটাকে মিথ্যে করো
গোপনে যে পেটটি ভরো
.       ছড়ি লিখি তাইতো রাগে।

.                   ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর