প্রার্থনা
কবি অম্বিকাসুন্দরী দাশগুপ্তা
অধ্যাপক বিধুভূষণ গোস্বামী ও অধ্যাপক সত্যেন্দ্রনাথ ভদ্র সম্পাদিত “সম্মিলন” (ঢাকা
রিভিউ ও সম্মিলন) পত্রিকার কার্তিক-অগ্রহায়ণ ১৩১৮ (নভেম্বর-ডিসেম্বর ১৯১১) সংখ্যায়
প্রকাশিত। আমাদের অনুমান অনুযায়ি এই কবি ও কবি অম্বুজাসুন্দরী দাশগুপ্তা একই
ব্যক্তি। এ বিষয়ে বিস্তারিত পড়ুন কবির পরিচিতির পাতায়।


অন্তর্যামী জানিছ সকল
.        প্রয়োজন কিবা বলিবার
কি বলিব বুঝিনা যখন
.        চাহিব কি বিপুল ব্যাপার!
পরাহত বচন অক্ষর
.        ভাষা নাই করিতে ব্যকত
হৃদয়ের আকুল উচ্ছ্বাস
.        চিরদিন ও চরণে নত।
দিও নাথ এমন দর্শন
.        যে দর্শনে পুরে সব সাধ
পৃথিবীর দৃশ্য আখি মেলে
.        দেখিবারে ঘটায় বিবাদ!
শুনাইও সে সুধা শ্রবণে
.        যাহে হয় বধির শ্রবণ
পৃথিবীর বৃথা কোলাহল
.        নাহি পশে শ্বরণে কখন।
দিও প্রাণে এমন আলোক
.        ঘুচে যাহে প্রাণের আঁধার
অপরূপ চিন্ময় সুন্দর---
.        উজলিবে হৃদয় আগার।
দিও নাথ এমন রতন
.        যাহা পেলে তুচ্ছ সমুদয়
ত্রিলোকের সৌভাগ্য সম্পদ---
.        শ্রীচরণ দিওগো আমায়,
কর মোরে নির্ব্বোধ অজ্ঞান
.        দিয়ে সেই অচিন্ত্য চিন্ত।
যে চিন্তায় চিন্তামণি লভি
.        বৃথা চিন্তা করে পলায়ন।
দিও মোরে সেই নিত্য প্রেম
.        যাহে হয় সব একাকার
তোমা ময় হেরিয়া জগত
.        বিলাইব মমতা আসার।
কি আর বলিব প্রভু
.        জানিতেছ অন্তর বাসনা
তোমাময় কর এ জীবন
.        নাহি মম অপর সাধনা।

.                        অম্বিকাসুন্দরী দাশ গুপ্তা

.                ******************       
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
কবি অম্বিকাসুন্দরী দাশগুপ্তার কবিতা
*