কবি বঙ্কিমচন্দ্র সেন - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার ঘারিন্দা গ্রামে। পিতার
নাম জগত্চন্দ্র সেন।
বঙ্কিমচন্দ্র ১৯১৭ সালে কলকাতায় এসে “বেঙ্গলী” পত্রিকার প্রুফরীডারের কাজে যোগ দেন। পরে এই
পত্রিকাতেই তাঁর সাংবাদিকতার জীবন শুরু হয়। ১৯২৬ সালে বাল্যবন্ধু তথা “আনন্দবাজার পত্রিকা”-র
সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদারের অনুরোধে তিনি “আনন্দবাজার পত্রিকায়” যোগ দেন। ১৯৩০ সালে
পত্রিকার সম্পাদক গ্রেপ্তার হলে তিনি কিছুদিন অস্থায়ী সম্পাদকের ভূমিকা পালন করেন। ১৯৩৩ সালে
সাপ্তাহিক “দেশ” পত্রিকা শুরু হলে তিনি তার সম্পাদক হন। এই সময়ে তিনি একসঙ্গে “আনন্দবাজার পত্রিকা”
ও “দেশ” পত্রিকার সম্পাদনার কাজ করেছেন।
১৯৪২ সালে আইন অমান্য আন্দোলনের সমর্থনে প্রবন্ধ লেখার জন্য তিনি কারাবরণ করেন।
১৯৪৪ সাল থেকে তিনি আধ্যাত্মিক জগতের দিকে আকৃষ্ট হয়ে ভাগবত সাধনা এবং বৈষ্ণব শাস্ত্র ও ধর্মের
উপর বক্তৃতা দেওয়া শুরু করেন। বৈষ্ণব ধর্মের উপর তিনি কয়েকটি গ্রন্থও রচনা করেন।
২৩বছর দেশ পত্রিকার সঙ্গে যুক্ত থেকে, ১৯৫৬ সালে তিনি অবসর গ্রহণ করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে “গীতামাধুরী”, “লোকমাতা রাণী রাসমণি”, “জীবনমৃত্যুর সন্ধিস্থলে” প্রভৃতি।
আমরা তাঁর দুটি কবিতা পেয়েছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সম্পাদিত নারায়ণ পত্রিকার ভাদ্র ১৩২৩ (অগাস্ট
১৯১৬) সংখ্যায় এবং মৈমনসিংহ থেকে কেদারনাথ মজুমদার দ্বারা প্রকাশিত, “সৌরভ” পত্রিকার আষাঢ়
১৩২৩ (জুলাই ১৯১৬) সংখ্যায়।
তাঁর হাত দিয়েই “দেশ” পত্রিকার সম্পাদনা শুরু হয়। কালে কালে তা আজ বাংলা কবিতার প্রকাশনার
জগতে সবচেয়ে প্রতিষ্ঠিত পত্রিকা। সেই “দেশ” পত্রিকাই আজ বাঙালী কে বলে দেয় কোন কবি ভাল কবিতা
লেখেন, কে ভাল লেখক আর কে ভাল শিল্পী!
দেশ পত্রিকার সুবর্ণ জয়ন্তী কবিতা-সংকলন বা ৭৫বছর উপলক্ষে প্রকাশিত কবিতা সংকলনে তাঁদেরই প্রথম
সম্পাদকের কোন কবিতা স্থান পায় নি! দেশ পত্রিকার কোনও সংখ্যায় এই কবির কোনও কবিতা, আদৌ
প্রকাশিত হয়েছিল কি না তাও আমাদের জানা নেই।
অগত্যা কবি বঙ্কিমচন্দ্র সেনের কবিতা প্রকাশ করা আমাদেরই কর্তব্য বলে মনে হয়েছে, যাতে বাঙালী
“দেশ” পত্রিকার জন্মলগ্নের সম্পাদকের কবিতার কথা, একেবারেই ভুলে না যায়।
কেউ যদি কবির সম্বন্ধে আরও তথ্য, ছবি ও আরও কবিতা আমাদের কাছে পাঠান তাহলে আমরা
কৃতজ্ঞতা স্বরূপ তাঁর নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি বঙ্কিমচন্দ্র সেনের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টাকে সার্থক মনে করবো।
কবি বঙ্কিমচন্দ্র সেনের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স -
- সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাবিধান, ১ম খণ্ড, ১৯৭৬।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৭.৮.২০১৮
...