সন্ধ্যাতারা
কবি বিভূতিভূষণ মুখোপাধ্যায়
অক্ষয়কুমার নন্দী ও সুরবালা দত্ত সম্পাদিত “মাতৃ-মন্দির” পত্রিকার ফাল্গুন ১৩৩১  
(ফেব্রুয়ারী ১৯২৫) সংখ্যায় প্রকাশিত।


পশ্চিমের প্রান্তদেশে মুছে গেলে মেঘের লালিমা
স্তব্ধ দিনশেষে ; যবে ফুটে উঠে অফুট নীলিমা
সন্ধ্যার ধূসর সাজে ; তুমি এস সঙ্কুচিত পায়ে
জ্বালি সন্ধ্যাদীপখানি, ধীরে নামি আকাশের গায়ে।
সন্ধ্যাবধূ তুমি ;---তব লাজনত গুণ্ঠনের তলে
হিমস্নিগ্ধ রূপশিখা দীপ্ত হয়ে থেকে থেকে জ্বলে।
প্রিয় গেছে দূরে ; তাই পল্লীবধূ, বিরহ-ব্যথায়
সারা দীর্ঘ দিনমান যাপিয়াছে তারি প্রতীক্ষায়
নানা গৃহকাজে, তার এখন যে গৃহে আসিবার
হয়েছে সময় ; তাই দীপ-দেওয়া ছলে অনিবার
দ্বিধায় জড়িত পদে কম্প-বক্ষে গৃহদ্বারে আসে ;
পথিক-প্রিয়কে তার ডাকে শঙ্খ মিলন-উল্লাসে।
প্রাঙ্গণে প্রান্তরে ধ্বনি মরে ঘুরে। ক্ষুব্ধ পথ বাহি
দূর মাঠে কোন চাষা অপূর্ণ কাজের পানে চাহি
ফিরিতেছে শ্রান্তদেহে অবসন্ন দিবসের শেষে
তার শান্ত গৃহ-পানে, সন্ধ্যার সমীরে আসে ভেসে
নিতান্ত সহজ সুরে তার গান ; ছন্দ লয় তান
কিছু নাই হোক্ তবু সেই তব আবাহন গান!
বিশ্বের চলার গতি পথভুলে মুহূর্ত্তে নিঃশেষে
বন্ধ হয়ে যায় ; কোন্ স্বর্ণমায়া স্বপনের দেশে
তোমার এ আলোজ্যোতিঃ লয়ে যায় মোর হাত ধরে!
সৌন্দর্য্য সম্পদে মোর ক্ষুদ্র চিত উঠে যে গো ভরে।

.                ******************       
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
কবি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কবিতা
*