কবি নিতাই মৃধার কবিতা
*
শব্দের শরীর ছুঁয়ে
কবি নিতাই মৃধা

শব্দের শরীর ছুঁয়ে
গড়ে তুলি মানস প্রতিমা
তিল তিল অক্ষর বিন্যাসে
ফুটে ওঠে অপরূপ রূপ তিলোত্তমা ।
     #
শব্দের শরীর ছুঁয়ে
আনি আমি বৃষ্টিধারা
সাহারার বুকে
ফুল না ফোটাতে পারি
দিতে পারি বসন্ত আশ্বাস ।
     #
শব্দের শরীর ছুঁয়ে
আগুন জ্বালাতে পারি
চকমকি সে শব্দ পাথরে,
কিংবা শব্দের অস্থিতে গড়া
সে অমোঘ শব্দাস্ত্রে
ধ্বংস হোক্, পুড়ে যাক্
বঞ্চনার দীর্ঘ ইতিহাস ।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
শব্দ কখন নিঃশব্দে ছুঁয়েছে আমাকে
কবি নিতাই মৃধা

শব্দ কখন নিঃশব্দে ছুঁয়েছে আমাকে
সে কথা বুঝিনি কখনও,
কখন যে ভেসে গেছি শব্দ মায়াজালে
অনুভব করিনি কখনও ।
              #
কখন যে শব্দভেদী বান-বিদ্ধ
আহত পাখির মতো ঝাপটিয়েছি ডানা
শব্দ কখন এসে নিঃশব্দে তুলেছে ঝড়ৃ—
অন্তর গভীরে, সে কথা হয়নিকো জানা ।
               #
শব্দের কাছে হার মেনে গেছি
গুটিকয় শব্দামৃতের জন্য ভিক্ষা চেয়েছি,
কখনও বা হারিয়ে গিয়েছি আমি
অতলান্ত শব্দ-পারাবারে জানিনা তথনও ।

              #
মনের অজান্তে কখন পৌঁছে গেছি
বহুদূরে বহু উচ্চতার সে শব্দ মিনারে
শব্দ কখন নিঃশব্দে ছুঁয়েছে আমাকে
সে কথা বুঝিনি কখন ও ।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
অলৌকিক মায়া
কবি নিতাই মৃধা

ধূসর আকাশ-নীলে
ডানা মেলে যাযাবর পাখি
উড়ে উড়ে যায় বহুদূর,
রূপালি সে ডানা খোঁজে
মেঘেদের দেশে কোথা
একফালি সোনালি রোদ্দুর !

অনন্ত আকাশে উড়ে
অতৃপ্ত মন,
মনে তার লেগে থাকে বন
অন্তর গভীরে জাগে
সবুজের ছোঁয়া,
বিষণ্ণ বিকেল পড়ে থাকে
শূন্য নীড়, স্বপ্নময় স্মৃতি সুখ,
অলৌকিক মায়া ।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
নীরবতা
কবি নিতাই মৃধা

দূর থেকে চোখে চোখে
কত হয় কথা
মনে হয় কত যুগ চেনা
তবু নীরবতা ।
      #
সে ভাষা বোঝে না কেউ
সে ভাষা জানে না কেউ
জানেনাতো চক্ষুবিশারদ
জানে শুধু চোখ
      #
শিশির ভেজা সে চোখের ভাষা
হৃদয় গভীরে তোলে সুনামির শোক
      #
চোখের তারায় তারায়
অনির্বচনীয় কথা,
সাগরের চেয়ে বেশি ঢেউ
বেশি নীরবতা ।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ঝরা পালকের কান্না
কবি নিতাই মৃধা

ঝরা পালকের মত ঝরে গেছে
কত নিঃসঙ্গ রাত,

বসন্ত কখন এসে

খালি হাতে ফিরে গেছে
অনুভব করিনি কখনও ।
      #
হেমন্তের দুরন্ত দাপট
অন্তর সত্তায় নিশে ছিল
কুয়াশার ঘন আস্তারণে
বসন্তকে চিনিনি তখন ।
      #
যখন চিনলাম, তাকে জানলাম
আমার শরীর থেকে
কামনার সব পালক ঝরে গেছে
ঝরা পালকের কান্না তাই
আমার সমগ্র হৃদয় জুড়ে ।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
হৃদয়ের হিমঘরে
কবি নিতাই মৃধা

হৃদয়ের হিমঘরে
জমিয়ে রেখেছি আমি
পুরানো অনেক সে স্মৃতির বার্তা ।

জমিয়ে রেখেছি আমি
বসন্ত-পলাশ,
জমিয়ে রেখেছি আমি
দারুণ সে শীতে ফোটা
রক্তিম গোলাপ !

শব্দের কফিনে-বন্দী
আমার সে শব্দের লাশ,
যদি কেউ কোনদিন সনাক্ত করে,
যদি কোনদিন সঠিক পোস্টমর্টেম হয়
সেদিন নতুন করে চেনা হবে
সেদিনেই পাবে পরিচয় !

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ভিজিয়ে দাও
কবি নিতাই মৃধা

এতদিন জ্বালিয়েছ, পুড়িয়েছ
ঝলসে দিয়েছ তুমি, আমার শরীর
এবার একটু ভিজতে দাও
তোমার বৃষ্টিস্নাত নয়নের পাতে ।


এসো আজ ভিজি দু’জনায়
এসো মিশে যাই নদী মোহনায়
তুমি আমি ভেসে যাব বৃষ্টিধারায়,
জানিনে তো কোন্ অজনায়

ঠিকানা জানিনে কেউ,
যেমন জানেনা ওই
নদী কিংবা সাগরের ঢেউ ।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
রূপ দেখি তোর পরমসুখে
কবি নিতাই মৃধা

ও মেয়ে তোর শরীর জুড়ে
অনেক কথা, অনেক গান,
অনেক সাগর, অনেক নদী
অনেক সে ঢেউ, অনেক বাণ ।
      #
তোর শরীর ভাঁজে কাব্য-কথা
শরীর তো নয় শিল্পকলা
লুকিয়ে রাখিস ছন্দগাথা
যা বলি, তা কমই বলা ।
      #
কেমন করে লিখব আমি
আসে না যা কলম মুখে,
কল্পনা যে হার মেনে যায়
ওরূপ দেখি পরমসুখে ।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ফেব্রুয়ারির একুশ
কবি নিতাই মৃধা

ফেব্রুয়ারির একুশ সেতো ফাগুন মাসের আট
পলাশ রাঙা প্রভাতী আলোয় রাঙানো পূবের মাঠ ।
ফেব্রুয়ারি একুশ সেতো রক্তিম বর্ণমালা,
শালুক ফুলে, কলমী লতায়, সাজানো মায়ের ডালা ।

ফেব্রুয়ারি-একুশ আমার রক্ত-জবার ফুল,
মুক্তি শপথে ভেসে ওঠা কবি রবীন্দ্র নজরূল ।
ফেব্রুয়ারি একুশ সেতো শিকল ভাঙার গান,
মাতৃভাষার নতুন শপথে জেগে ওঠা এক প্রাণ ।

ফেব্রুয়ারি একুশ জানি আটই ফাগুন মাস,
আগুন জ্বালানো বিদ্রোহীদের এক-বুক নিশ্বাস ।
ফেব্রুয়ারি একুশ আমার মাতৃভাষার-ই জয়,
হারমানতে শেখেনি বাঙালি, শেখেনি পরাজয় ।

ফেব্রুয়ারি একুশ সেতো পূবের সূর্য ওঠা,
বিশ্ব-দরবারে গরবিনী ভাষা, রক্তিম ফুলে ফোটা ।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
জীবন
কবি নিতাই মৃধা

জীবন          কখনো রোদ, কখনো মেঘ
.                কখনো বা বৃষ্টি,
.          কখনো মায়া, কখনো ছায়া
.                তার-ই মাঝে সৃষ্টি !

জীবন          কখনো জ্বরা, কখনো মরা
.                কখনো বা বসন্ত
.          কখনো মরু, কখনো তরু
.                ফুলের মতো ফুটন্ত ।

জীবন         কখনে আশা, ভালোবাসা
.                কখনো বা দুরন্ত,
.          কখনো সকাল, কখনো বিকাল
.                কখনো বা ফুরন্ত ।

জীবন         হাসিকান্না, হীরে-পান্না
.                নাগর দোলায় দুলন্ত,
.          কখনো সুখ, কখনো দুখ
.                চক্রবৎ ফুরন্ত ।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর