বাংলা জ্বলছে তাই জ্বলুক
কণ্ঠ - প্রবীর বল ও অমিত রায় (এই ভিডিওতে গায়কদের দেখা যাচ্ছে রেকর্ডিং-এর সময়)
বাংলা জ্বলছে সিডির গান।
সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের গান।
সুর দেবাশিস রায়, কথা দুষ্টকবি, সঙ্গীতায়োজন অমিত রায়, ভিডিও নির্দেশনা মানিক মণ্ডল।


বাংলা জ্বলছে, তাই জ্বলুক
আরও জ্বলুক, আরও জ্বলুক |

নির্ঝঞ্ঝাটে ভাল বাবুরা
এখনও সুখ নিদ্রায়
ভীত, পথে নেমে হাঁটতে
বা শঙ্কিত নানা দ্বিধায়---
তাই জ্বলুক, বাংলা জ্বলুক
আরও জ্বলুক, আরও জ্বলুক |

বাঁচন মরণ লড়াই যখন
কড়া নাড়ে এসে দরজায়
অতি শিক্ষিত বাবুরা তখনও
শান্তির পথ হাতরায়---
তাই জ্বলুক, বাংলা জ্বলুক
আরও জ্বলুক, আরও জ্বলুক |

শাসক যখন শান্তিকে করে
পরিহাসে পরিনত
অশান্তিকেই মন্ত্র মেনে
শোষণেরে কও দূর হটো---
তাই জ্বলুক, বাংলা জ্বলুক
আরও জ্বলুক, আরও জ্বলুক |

দুষ্ট কবির লেখনির খোঁচে
মনের গহন জ্বলে উঠুক
সুখ-শান্তির ভ্রমে আছে যারা
কালের ডাকে পথে নামুক---
তাই জ্বলুক, বাংলা জ্বলুক
আরও জ্বলুক, আরও জ্বলুক ||

.        ******************             
.                                            
সূচীতে . . .   


মিলনসাগর
অসীম যাতনা পার হয়ে তবে
কণ্ঠ - প্রবীর বল (এই ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে রেকর্ডিং-এর সময়)
বাংলা জ্বলছে সিডির গান।
সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের গান।
সুর দেবাশিস রায়, কথা দুষ্টকবি, সঙ্গীতায়োজন অমিত রায়, ভিডিও নির্দেশনা মানিক মণ্ডল।


অসীম যাতনা শেষ হয়ে গিয়ে নিস্তার পেল যারা
অজানা কোন ভূতলে চির নিদ্রায় শুয়ে তারা
তারাও মাটির গন্ধে মিশে সুবাসিত করে যায়
নন্দীগ্রাম, তোমাকে কি আর কখনও ভোলা যায় ॥

যে ফুটফুটে শিশুরা সেদিন খেলাছলে ছিল পাশে
তারা আজ কোনো পানা পুকুরের পাঁকে শায়িত আছে
হয়তো তাঁরা শাপলা হয়ে ফুটে চেয়ে দেখে তোমাকে
হয়তো কচুরিপানা হয়ে ভেসে খুঁজে ফেরে তার মাকে
তারাই চড়ুই শালিক হয়ে ফিরে খেলে তব আঙ্গিনায়
নন্দীগ্রাম, তোমাকে কি আর কখনও ভোলা যায় ॥

যারা লাশের পাহাড় হয়ে গিয়ে মিশেছে মোহানায়
তাদের অশ্রু সাগরের জলে নুনের স্বাদ বাড়ায়
তারাও তোমার চরণ জোয়ারে জোয়ারে ছুঁয়ে যায়
নন্দীগ্রাম, তোমাকে কি আর কখনও ভোলা যায় ॥

তোমাকে বাঁচাতে যে মায়েদের সব কিছু গেল সেথায়
এখন তাঁরা হয়তো নীরবে শায়িত কে জানে কোথায়
দক্ষিণা বাতাসে বয়ে এসে তারা সোনাদের চুমু খায়
নন্দীগ্রাম, তোমাকে কি আর কখনও ভোলা যায় ॥

নদী খাল বীলে ভেসে গেছে যারা ঘুমিয়ে অতল জলে
গাঙচিল হয়ে ফিরে বসে তার নিঝুম ঘরের চালে
তৃষিত চোখে পাখিরা তোমাকে শুধু ফিরে ফিরে চায়
নন্দীগ্রাম, তোমাকে কি আর কখনও ভোলা যায় ॥

তোমার শ্যামলা আঁচল মুখর যাদের শ্বাসে বাসে
তারা যে শুধু তোমাকেই এত মনে প্রাণে ভালবাসে
সে কথা তারা জীবন দিয়ে ইতিহাসে লিখে যায়
তাইতো তারা নানারূপে এসে তোমাকেই দেখে যায়
দুষ্ট কবি সাশ্রুনয়নে তোমাদের কথা লিখে যায়
নন্দীগ্রাম, তোমাকে কি আর কখনও ভোলা যায় ॥

.   ************** কলকাতা ২৫/৪/২০০৭


.        ******************             
.                                            
সূচীতে . . .   


মিলনসাগর
কবি প্রবীর বলের "বাংলা জ্বলছে" সিডির দুটি গান
*
*