কবি সুদীপ মণ্ডলের গান
*
বন্ধু ; জানি আসবো ফিরে
কবি সুদীপ মণ্ডল
বন্ধু ; জানি আসবো ফিরে
মরণ পার করে,
মৃত্যুঞ্জয়ী হয়ে তোমার কাছেই
আসবো আবার ফিরে।
তোমার ডাক কি ভুলতে পারি
মরণের কাছে কি হারতে পারি,
মৃতসঞ্জীবনী মন্ত্র লয়ে তুমি
দাঁড়ায়ে রয়েছ দ্বারে।
তোমার হাতে রাখবো হাত
ছিনিয়ে আনবো রঙীন প্রভাত,
পৃথিবী ঘুরবে আলোর পথে
রবে না অন্ধকারে।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুদীপ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
মানব শূন্য গ্রহরে ভাই
কবি সুদীপ মণ্ডল
মানব শূন্য গ্রহরে ভাই
মানব শূন্য গ্রহ,
কে খুঁজিবে; কে পূজিবে
দেবতার বিগ্রহ ।
দিকে দিকে হিংসা বিদ্বেষ
একটুও নাই প্রেম অবশেষ,
কে করিবে ; কারে করিবে
একটু অনুগ্রহ ।
কবিরা লেখে কবিতা আর
শিল্পী আঁকে ছবি,
ভালোবাসা আর ফুলে ফুলে
ভরা হোক পৃথিবী ।
মানুষ মারা অনেক সোজা
কঠিন বাঁচানোর পথটি খোঁজা,
যেথা অবিচার ; যেথা অনাচার
কবিরা করে বিদ্রোহ ।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুদীপ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
কোনো কোনো মানুষ শয়তান
কবি সুদীপ মণ্ডল
কোনো কোনো মানুষ শয়তান
কোনো কোনো মানুষ দেবতা,
কোনো কোনো মানুষের কথা
লেখা হয় গান কবিতা ।
কোনো মানুষ চলে আলোর পথে
কোনো মানুষ আলোর বিপরীতে,
কোনো কোনো মানুষ একা কাঁধে
বহে চলে মানব সভ্যতা ।
কোনো কোনো মানুষ করে মাধুকরী
কোনো কোনো মানুষ লয় গো কাড়ি,
কোনো কোনো মানুষ ভালোবাসে ফুল
কোনো কোনো মানুষ পায়ে দলে তা।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুদীপ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
মা গো মা
কবি সুদীপ মণ্ডল
মা গো মা
তোমার হাসি মধুর জোছনা,
তোমার হাসির কাছে হার মেনেছে
চাঁদের জোছনা।
ফুলের চেয়েও কোমল তুমি মা
ওগো সোনা মা,
কার সাথে বা তুলনা করি
তোমার নেই কো তুলনা।
তোমার হাতের পরশ বিনা
ঘুম তো আসে না।
তোমায় কেমনে ভুলি
ওগো আমার জননী,
শিশু মুখে দিয়েছো তুলি
ক্ষীর আর নবনী।
মায়ের মতন কেবা আপন
কেবা বোঝে শিশুর এ মন,
যখন ডাকি মা মা বলে
মা ছাড়া কেউ ডাক শোনে না।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুদীপ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
মা গো মা তোমার
কবি সুদীপ মণ্ডল
মা গো মা তোমার
নেইকো তুলনা,
তোমার কাছে এলে ভুলি
যত যাতনা।
মায়ের মুরতি মমতা মাখা
আঁচলতলে যায় না ঢাকা,
তোমার তুলনা তুমি তো মা
আর তো কেহ না।
আমি মা তোর অধম ছেলে
নে না মাগো কোলে তুলে।
মা যেন হয় তোমার মতো
কান্না মোছায় অবিরত,
মায়ের মমতার কোনোদিন জেনো
হয় না সীমানা।
আলতা রাঙা নূপুর পায়
সিঁথির সিঁদুর শঙ্খবলয়।
মায়ের মুখে মধুর হাসি
হার মেনে যায় পূর্ণ শশী,
মায়ের মায়ার কথা কভু
ভুলেও ভুলো না।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুদীপ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
মসজিদেতে নাইরে আল্লা
কবি সুদীপ মণ্ডল
মসজিদেতে নাইরে আল্লা
মন্দিরে নাই ভগবান,
মিছে কেন দিস রে আজান
মিছে করিস নাম গান।
কেঁদে কেঁদে যতই ডাকিস
মানুষকে না ভালোবাসিস,
পাষাণেতে জাগবে না প্রাণ
শুনবে না রে ভগবান।
মানুষকে যা না ভালোবেসে
জড়িয়ে ধর না হেসে হেসে।
যেদিকে চাবি দেখতে পাবি
চারিধারে আঁকা তারই ছবি,
ফুলের মালা হয়ে দুলবে
যত তীর ধনুক বান।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুদীপ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
এ তোমার কেমন খেয়াল
কবি সুদীপ মণ্ডল
এ তোমার কেমন খেয়াল
ওগো খেয়ালী,
আকাশ পথে লক্ষ তারা
দিলে তুমি জ্বালি।
সেই আলো এসে লাগলো চোখে
দেখতে পেলাম বিশ্বলোকে,
তুমি এসে ফুল যে ফোটাও
বর্ণ গন্ধ ঢালি।
আমি কেবল ভাবতে থাকি
কেমন করে ওড়ে পাখি।
কেমন করে চাঁদ ওঠে
সাগর পানে নদী ছোটে,
তোমার দেখানো আলোর পথে
আমরা পথ চলি।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুদীপ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
বল মা তুই বল
কবি সুদীপ মণ্ডল
বল মা তুই বল
সবার চোখে জল,
কার জল মোছাবো আগে
বল মা তুই বল।
কারো মুখে নেই কো হাসি
সবার মুখে বিষের বাঁশি,
দেখবি সেথা চল।
বুকে বুকে আগুন জ্বলে
হৃদয় পোড়ে দাবানলে।
তুই কিছু বুঝিস না রে
মানুষ কেন মানুষ মারে,
থাকতে জবা দল।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুদীপ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
ওগো প্রিয়া তুমি ভাঙো
কবি সুদীপ মণ্ডল
( শ্রী দেবীর প্রয়াণে রচিত )
ওগো প্রিয়া তুমি ভাঙো
ভাঙো সকল অভিমান,
আমি লয়ে এসেছি প্রিয়া
তোমারই প্রিয় যত গান।
তবে কেন তুমি এখনো ঘুমাও
আঁখি মেলে বারেক ফিরে তাকাও,
আমার কণ্ঠে গান ভালো লাগেনি
পাষাণে জাগেনি প্রাণ।
মালাখানি তব গলাতে
পরাতে এসেছি নিজ হাতে।
যত ভুল সব ভুল ভুলে
তুমি সেজেছো ফুলে ফুলে,
ভুলে ভরা এ ছোট্ট জীবন
আজ ভুল বোঝার অবসান।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুদীপ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
বেলা গেলো সন্ধ্যা হলো
কবি সুদীপ মণ্ডল
বেলা গেলো সন্ধ্যা হলো
সাধন ভজন কর না শেষ,
এ দেশ ছাড়ি দিতে হবে পাড়ি
অন্য কোনো নতুন দেশ।
নতুন দেশে নতুন বেশে
নতুন জল হাওয়া গো,
নতুন সুরে হৃদয় পুরে
নতুন গান গাওয়া গো।
ভুলে গিয়ে মান অভিমান
ভুলে গিয়ে হিংসা দ্বেষ।
পথের শেষে কি আলো আছে
তাই না দেখতে মানুষ বাঁচে।
যতই মোরে পিছু ডাকো
এ পথ চলা থামবে নাকো,
পথের মাঝে জীবন মোদের
পথেই জীবন হবে শেষ।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুদীপ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .