কবি সুদীপ মণ্ডলের কবিতা
*
সোনাই নদীর আত্মকথা
কবি সুদীপ মণ্ডল


যার তটে                       অশ্বত্থ বটে
দুলে ওঠে হিয়া,
যার বুকে                        পরম সুখে
মাঝি বায় খেয়া।

যেথা কবিমন                   হয়ে উচাটন
খোঁজে গোপন প্রিয়া,
নীড়ে পাখি                করে ডাকাডাকি
পথিক পেলে ছায়া।

ছেলের দল                        সহজ সরল
করে কত দাপাদাপি,
যুবতী মেয়ে                      ভরা ঢেউয়ে
দুহাতে বুক চাপি।

পূর্ণিমা রাতে                ক্লোজ-আপ দাঁতে
হেসে ওঠে চাঁদ,
একি মায়া!                       জীবন্ত কায়া
ভাঙে মনের বাঁধ।

দাউ দাউ করে                   বিষাদ ভরে
জ্বলে ওঠে চিতা,
ভাসায় পিণ্ড                       জীবন খণ্ড
স্বর্গতঃ পিতা মাতা।

ওরে ভাই                    মোদের সোনাই
প্রোমোটারের পাতা ফাঁদে,
নিশিদিন ধরে                  ডুকরে ডুকরে
সোনাই মোদের কাঁদে।।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
বিস্ফোরণ
কবি সুদীপ মণ্ডল


আমার ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম -
ঘোষণা করছি জেহাদ।
আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি -
শ্রেষ্ঠ আমাদের চাঁদ।

কেউ কিছু বোঝার আগেই
গাড়ি বোমা বিস্ফোরণ,
নিরীহ-নিরস্ত্র মানুষের সাথে
সন্ত্রাসবাদের রণ।

বাতাসে বারুদের গন্ধ
রক্ত চাপ চাপ,
কে মরেছে? কে মেরেছে?
কার হাতের ছাপ?

অ্যাম্বুলেন্স-সাইরেন-পুলিশ
উৎসুক জনতার ভিড়,
পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ -
সব দিকে সন্দেহের তীর।

সারি সারি লাশের মাঝে -
ছোট্ট দেহটি কার?
এ যে আমার বহিন;
বহিন আমার।

হাত নেই, পা নেই,
মুণ্ড গেছে উড়ে -
সন্ত্রাসবাদের ক্ষত চিহ্ন
সারা শরীর জুড়ে।

চিৎকার করে বলে উঠি -
কোথা মোর আম্মাজান;
ভাইজান তার হিন্দু বটে,
বহিন মুসলমান।

কচি-কচি তার দুটি হাতে
বেঁধে সে দিত রাখি,
সভ্যতার ইতিহাস লজ্জায়
রয়েছে মুখ ঢাকি।

কে খুলেছে ওয়েবসাইট?
কে করেছে দায় স্বীকার?
একটি সন্তানের জন্ম দিতে -
(জানো) কত রক্ত ঝরে মার?

কোরাণ-ত্রিপিটক-বেদ-বাইবেল
সর্বত্র ঈশ্বর খোঁজা,
সারারাত উপবাসী থেকে -
সারাদিন রেখেছি রোজা।।

.             ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
পূজা
কবি সুদীপ মণ্ডল


ভোরের আলোয় ফুল তুলেছি -
সাঁজি গেছে ভরে,
ফুলের মালিকা গেঁথে আজি
ভুল করেছি রে।

মন্দির-মসজিদ-গুরুদ্বার-গীর্জা
বৃথা তারে খোঁজা,
মানবতার মন্দিরে হবে আজি
মানব দেবতার পূজা।।

.             ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
আমি
কবি সুদীপ মণ্ডল


সস্তা দরের বস্তা পচা কবি আমি নই,
আমি কবিতা লিখি জীবনের ব্ল্যাকবক্স থেকে -
বুকের পাঁজরের হাড় ক’খান দিয়ে
তৈরী করেছি পাশা,
আর সেই পাশাতেই
খেলি আমি সর্বনাশীর সর্বনাশা।
জীবন আমার জ্বলে পুড়ে হয়েছে অঙ্গার
অঙ্গার ঘেঁটে খুঁজে পেয়েছি আধপোড়া সব হাড়,
সেই হাড়েতে বাতাস হয়ে যখন আমি পশি -
বেজে ওঠে বাঁশি।
বাঁশিতে তো সুর ঝরেনা,
শুধুই আগুন লেলিহান -
বিদ্রোহেরই গান।।

.             ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
অনুতাপ
কবি সুদীপ মণ্ডল


দূরে দাঁড়িয়ে আছো কেন
কাঠের পুতুলের মতো?
আজতো আমি জীবিত নই -
এখনতো আমি মৃত।

দেহে নেই যৌবনের উত্তাপ,
মন আজ নিষ্পাপ;
আমায় ছুঁলে-তোমার মুখে
লাগবেনা কলঙ্ক-ছাপ।

জীবনের সকল চাওয়া-পাওয়া
ক্ষণিক পরে ছাই।
মরণের মাঝে জিতে-গিয়েও
তোমার জয় গাই।

অস্ত্রের ঝনঝনানি আর নয়,
ছুঁড়ে ফেলো অস্ত্রের খাপ।
আজকে শুধুই অনুশোচনা -
এখন শুধুই অনুতাপ।।

.             ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
হে পথিক
কবি সুদীপ মণ্ডল


হে পথিক!
.            ক্লান্ত তব চরণ দু’খানি,
.            লেগেছে কত ধূলা।
.            বুকের মাঝে দাও অভিমানী,
.            ধুয়ে’দি এই বেলা।
হে পথিক!
.            কত আঘাত করেছি হিয়ায়,
.            জমেছে একরাশ ঘৃণা।
.            বন্ধু! বিশ্বাস করো আমায়,
.            কোন সংশয় বিনা।
হে পথিক!
.            রক্ত আঁখি দেখেছ তুমি,
.            করুণ আঁখি পাতে।
.            সেই অপরাধে বিনিদ্র আমি,
.            অশ্রু ঝরেছে রাতে।
হে পথিক!
.            করায়েছি আমি, তব হাতে,
.            কত না অকাজ কুকাজ।
.            সে কথা ভাবিতে, আজ মনেতে,
.            পাই যে বড়ই লাজ।
হে পথিক!
.            অনন্তকালের সেই যাত্রাপথে -
.            মহাকালের অমোঘ ডাক।
.            দ্বেষ-হিংসা-খ্যাতি মাটিতে,
.            সব পড়ে থাক।
হে পথিক!
.            পাথেয় হোক-চলার পথের,
.            শুধু বুক ভরা ভালোবাসা।
.            নবীন এ কবির আগামী দিনের,
.            স্বপন দেখানো আশা।।

.             ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
আমার সোনার গাঁ
কবি সুদীপ মণ্ডল


গাঁয়ে আছে মায়ের আদর
প্রিয়ার মুখে হাসি,
গাঁয়ে আছে মেঠো পথ
রাখালিয়া বাঁশি।

গাঁয়ে আছে দিদির ফোঁটা
বোনের রাঙা রাখি,
গাঁয়ে আছে স্নিগ্ধ ভোর
গাছে ডাকা পাখি।

গাঁয়ে আছে খড়ের চাল
খোলা সে আঙিনা,
গাঁয়ে আছে মাটির দেওয়াল
আতপের আলপনা।

গাঁয়ে আছে দুধেল গাভী -
হাম্বা হাম্বা ডাক,
তুলসী মঞ্চে প্রদীপ জ্বালা
বধূর হাতে শাঁখ।

গাঁয়ে আছে শাপলা পুকুর
জলে চরে হাঁস,
গাঁয়ে আছে ঠাকুর দালান
মাথায় নীলাকাশ।

গাঁয়ে আছে মিলে মিশে
হিন্দু মুসলমান,
গাঁয়ে আছে শ্মশান চিতা
চির শান্তি গোরস্থান।

গাঁয়ে আছে সবুজ খেত
গোলায় ভরা ধান,
আটপৌড়ে শাড়ির তরে
প্রিয়ার অভিমান।

গাঁয়ে আছে জোছনা রাতে
মন মাতানো হাওয়া,
গাঁয়ে আছে বাঁকা নদী
বুড়ো বটের ছায়া।

গাঁয়ে আছে আদুল কিশোর
কিশোরীর সরলতা,
গাঁয়ে আছে হিঞ্চে শাক
আর কলমী লতা।

গাঁয়ে আছে পিঠে পুলি
খেঁজুর গাছের গুড়,
গাঁয়ে আছে আজান ধ্বনি
সংকীর্ত্তনের সুর।

গাঁয়ে আছে পান্তা ভাত
লঙ্কা পোড়া নুন,
চোখের জলে নিভে যায়
খিদের আগুন।

গাঁয়ে আছে চাষা জেলে
তাদের নোনা ঘামে,
মনে হয় যেন সব স্বর্গ।
হেথায় এসে নামে।

এই যে আমার গাঁ;
আমার সোনার গাঁ,
হেথায় এসে চরণ তোর
একটুখানি থামা।।

.             ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ইনিই মমতা
কবি সুদীপ মণ্ডল


পরণে আটপৌড়ে শাড়ী
কাঁধে ঝোলানো ব্যাগ,
পায়ে চটি, ঢোঙায় মুড়ি
ইনিই মমতা।

হৃদয়ে রবীন্দ্রনাথ,
চেতনাতে নজরুল,
বিবেকে বিবেকানন্দ,
ইনিই মমতা।

রং তুলি হাতে
রাত জেগে রাতে
আঁকেন অগগন ছবি-টা
ইনিই মমতা।

মুমুর্ষু পায় প্রাণ
কথা হয় গান
গান হয় কবিতা
ইনিই মমতা।

৩৪ বছর বাম নীতি
হারিয়ে মানব প্রীতি
হারায় ক্ষমতা,
ইনিই মমতা।

বাংলা আবার সেরা
ফুলে ফলে ভরা।
পথ দেখাল সততা,
ইনিই মমতা।।

.             ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
রবি পূজা
কবি সুদীপ মণ্ডল


কে জাগাল মোরে                  আজিকার ভোরে
কোন সে রবিরছটা,
কার তরে এত                   আয়োজন শত শত
কেন যে ঘনঘটা।

আজি ২৫শে বৈশাখ                 হাতে লয়ে শাঁখ
আয়লো নগরবাসী,
বাজা ধামসা মাদল              আকাশ ছেয়ে বাদল
রবিপূজা না হয় বাসি।।

.             ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ওঁম শান্তি
কবি সুদীপ মণ্ডল


জঙ্গলমহলে লাশ পড়ে নেই
পাহাড় আজিকে শান্ত,
মানুষ হয়ে মানুষের কাছে
এটাই আপনি চান তো?

সিঙ্গুরে নেই জমি দখল
নন্দীগ্রামে গণহত্যা,
নেতাইয়ে নেই গুলির শব্দ
হার্মাদ বাহিনী বেপাত্তা।

বাংলার হাসি, বাংলার খুশি,
বাংলার ভাদু গান,
বাংলা ভাষি মোরা ভালোবাসি
বাংলা মাটির টান।

শান্তি শান্তি ওঁম শান্তি
চারিদিকে শান্তির বাতাবরণ,
শান্তি সলিলে পূজিব রাঙা
বাংলা মায়ের চরণ।।

.               ****************                 
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর