দীর্ঘ দুবছর আগে তার সঙ্গে হয়েছিল আলাপচারিতাঃ দুগালে গোলাপ গাঢ় রক্তোচ্ছাসে কিশোরী লজ্জার প্রতিচ্ছবি এঁকেছিল আর কাঁটা মাঝে মাঝে আলিঙ্গনে বৃথা গোড়ালিতে বিঁধে যেত, এ দুর্বল গোড়ালিতে, গ্রীক কবিতার হতাম নায়ক রোজ, যে চুম্বন অধরের দু মিলিমিটার দূরত্বে নিশ্চল হত, তা আজও হয় নি পাওয়া, মস্কো নদীজলে যে স্বর্ণ প্রতিমাখানি অসঙ্কোচে ভাসিয়েছি তা আজও আমার দ্বারপ্রান্তে কড়া নাড়ে, হাত রাখে নিষিদ্ধ অর্গলে কোথায় বন্দিনী আছো, বাংলা শব্দ এখনও কি কানে গঙ্গার কল্লোলে বাজে, মনে কি রেখেছো কোনো বিস্মৃত ধ্বনির রেশটুকু, জয়া নাম, উজ্জ্বল সুখের নীল এখনও সন্ধানে আছো নাকি, খরস্রোতা নদী বুঝি ফুটো করেছিল তরণীর ভিতজমি, ধাতুমূর্তি হয়ে তাই কি যে চাও প্রার্থনায় সীতা কি যে দেবো উপহারে, ভাঙাচোরা ফাটাছেঁড়া হতশ্রী কবিতা ।
বসন্তে আজ কৃষ্ণচূড়ায় ঝলসে ওঠে রোদের সোনা এলেই যদি এত দেরি করলে কেন বসন্তকাল জ্বলে পুড়ে ছাই তো সবই, লোপ পেয়েছে সব চেতনা একটু দূরে ওই ওখানে খুঁড়লে পাবে তার কংকাল
করার ছিল অনেক কিছু, বলার ছিল অনেক কথা গাছের ডালে কচি সবুজ পাতারা দেয় উঁকিঝুঁকি দশ দশটি মাস পেরিয়ে জন্ম নিল নীরবতা যেসব কাজের ইচ্ছে ছিল করা হলো তার কিছু কি?
প্রতীক্ষায় তো সবাই ছিল, যুবক এবং যুবতীরা একটু আধটু ভালোবাসার, দু এক টুকরো চুম্বনেরও যখন এলে তখন প্রেমের শিথিল স্নায়ু ছিন্ন শিরা যতই ফুটুক বনে কুসুম, বসন্তকাল ঘরে ফেরো
চন্দনবন গন্ধে মধুর, সমুদ্রে নীল তরঙ্গেরা আবেশ বিহ্বল, হাতছানি দেয় মাতাল করা ইশারাতে যাবো কোথায়, কাঁটাতারের বেড়ায় আমার ঘর যে ঘেরা শরীর ও মন অবশ এখন নানান গ্লানির পক্ষাঘাতে
কৃষ্ণচূড়া গাছে গাছে ফুল আগুনের সমারোহে কোথায় ছিলে আগুন যখন জমলো শীতে ইন্দ্রিয়রা কেয়াপাতার নৌকো কবে ভাসিয়েছিলাম, মিথ্যে মোহে সংজ্ঞাবিহীন করে আমার সব কেড়েছে দস্যু ওরা
কোকিল দোয়েল ময়না আরো কত পাখির কলধ্বনি মিষ্টি হয়ে বাজে তবু আয়না ধরে ভীত কে ও! অমঙ্গলের স্পর্শ নিয়ে ঘরে কবে ঢুকলো শনি বসন্ত কি দেখতে এলে জরায় শিথিল মৃতদেহ!
এখনও অনেক যুদ্ধ জয় করা বাকি উষ্ণায়নে পরিশ্রান্ত পৃথিবী মায়ের মুখ দূষণের কালো বিষ হৃদয়ের প্রতি কোণে কোণে জলকণা বয়ে আনে প্রতিদিন নতুন অসুখ মধুর কয়েক বিন্দু সুখাবেশ তবু আজও গভীর গোপনে উদাস নদীর তীরে আজও ঘুরি বিকেলে একাকী এখনও অম্লান হাসে নবজাত শিশুদের দল সবুজ কিশোরী মুখ ভেজা আজও ভোরের শিশিরে আজও স্বপ্নে ভেসে আসে মায়াবী যুবতী এখনও পবিত্র আছে বৃষ্টিধারা, ঝরনাদের জল অহল্যা অরণ্য কিছু বিষাক্ত নয় আজও মানুষের ভিড়ে জীবন মেশায় আজও মিঠেকড়া লাভ আর ক্ষতি হলুদ ভোরের ঘুম ভাঙায় এখনও এসে নীলকণ্ঠ পাখি এখনও অনেক যুদ্ধ জয় করা বাকি
সারাদিন টিভি দেখছি আমি আর ছোট ঝিমলি সোনা স্টার আর জি টিভির সিরিয়াল জানে অনজানে তারা আর কমান্ডার নিয়ে হল কত আলোচনা মাঝে মাঝে যৌন দৃশ্য, বাচ্চাকে বোঝাতে হবে মানে।
ছোট পর্দা জুড়ে খালি বাজিকর শাহরুখ খান শিল্পা শেঠি কাজলের লাস্যময় পপ ডিসকো নাচ এছাড়া বাগানে বনে ছুটোছুটি, জুহু বিচে স্নান একের শরীর থেকে আরেক শরীর নিচ্ছে আঁচ।
আজকাল বাচ্চারাও বুঝে যাচ্ছে কাকে বলে কিস সেকসি কাকে বলে তাও দেখিয়েছে কারিশমা কাপুর একটু একটু করে গলা জ্বলে যায়, মুখে শঙ্খবিষ নজরুল রবীন্দ্রনাথ থেকে আমরা আছি বহুদূর।
মাঝে মাঝে বোর করছে দাঙ্গা টাঙ্গা, খুচরো কিছু খুন একটা দুটো ভুমিকম্প, রেল আর প্লেন দুর্ঘটনা নব ঘোরালেই সব সাফসুফ, কেউ বলছে আপনারা হাসুন গুজবে দেবেন না কান, প্রতিবেশী দেশ দিচ্ছে মিথ্যে প্ররোচনা।
এ পর্যন্ত সব ঠিক, শুধু ভাবছি হয়তো ঝিমলি সোনা একদিন ভোরে উঠে প্রশ্ন করবে বাপি কে ছিলেন পাখির নীড়ের মতো চোখ তাঁর, বনলতা সেন ? আপনারা জানেন আমি সত্যি বলছি আশ্চর্য হবো না।
এখন প্রতীক্ষা এই, বড়োই বিধুরছায়া প্যারিস স্টেশনে, মাত্র একটি দিন বড়ো মায়া দিয়ে ঢেকেছিলে তুমি মোহময়ী ফরাসি বাদামি চুলে ঘন মোহাচ্ছন্ন করে ব্রিজিত তরুণী সমস্ত ফ্রান্সের ছায়া শরীরে জড়ালে, যেন ইফেল টাওয়ারে ক্লান্তির প্রতিমামুখ ঝুলেছিল, ঝুলেছিল ঝুলন্ত উদ্যান যেরকম ঝুলে থাকে এলোচুলে এলোচুলে, আমি ব্যাবিলনে হঠাৎ এসেছি যেন ক্ষণিকের আগন্তুক, এমন সময়ই চলে যাবো শোকাচ্ছন্ন সীন নদীতীর ছেড়ে, হীরে পান্না চুনি তোমার মুকুটে থাকে, প্রাচীন যুবতী তুমি, কুয়াশা হাওয়ারে বলে যাবো ন্ম্রলঘু, যেন তারা গির্জা জুড়ে নরম লজ্জায় বিছোয় গভীর ছবি, ভ্যানগগ লুভরের চিত্রপট জুড়ে ছড়িয়েছে যেরকম রঙিন মিহির জাল, আর লন্ডনের টেমসের তীক্ষ্ণতা ছুরি বেঁধে না, বেঁধে না বুকে, প্যারিস মায়ায় পাঠালে বাহিকা করে এ কাকে আশ্চর্যময়; সোনার মুকুটে যদি বা ছড়াতে কাঁটা, তাহলে ঘনান্ধ বুকে এ রাত্রিসন্ধ্যায় হতোনা বিষাদধ্বনি, যা নিয়ে আপ্লুত এই চলে যাওয়া দূরে।
ঠোঁটের দুফাঁকে মুক্তোর সারি, বুকের শঙ্খগিরি সোনা রোদ্দুরে ঝলসে উঠতো হীরকের দীপ্তিতে শরীরকে বিভ্রমে মনে হতো স্বর্গে ওঠার সিঁড়ি অঞ্জলি ভরে দিয়েছো, বদলে কিছুই পারিনি দিতে
কাশিরস্কায়ার নির্জন পথ হিমেলি তুহিন রাতে ম্লান জ্যোৎস্নায় মায়াবিনী, আমি তার আহ্বানে সাড়া না দিয়ে পারিনি, পথের প্রান্তে পৌঁছেই করাঘাতে ক্ষতবিক্ষত শরীরে বয়েছে গভীর রক্তধারা
আমাকে আহত দেবতা যে তুমি ভেবেছিলে আমি জানি সান্ত্বনাভারে আনত লাজুক স্বর্ণকলস তুলে অমৃত পান করালে যাকে সে গরলের সন্ধানী দেবতার ছলে মন্দিরে শুধু এসেছিল পথ ভুলে
শরীরে তখন ঝরনা মাতাল, শুধু বৃষ্টির গুঁড়ি গলা ফেটে যায় ধূধূ তৃষ্ণায়, কি দারুণ যন্ত্রণা ফুটতে না দিয়ে দুপায়ে মাড়িয়ে গিয়েছি গোলাপ কুঁড়ি পাথর নুড়িতে ভরিয়েছি ঝুলি, চিনতে পারিনি সোনা
এখন এখানে রুক্ষ ধূসর পথে পথে মরুভূমি তৃষ্ণায় গলা কাঠ, তবু নেই কাছে পিঠে নলকূপ কোথায় যে দেবদাসীরা লুকোলো, কোথায় লুকোলে তুমি মহাপাপী আমি, আতঙ্কে আর জ্বালাতে পারিনা ধূপ
প্রবঞ্চনার নীলাভ গরল নিবিড় সংগোপনে বুকের বেদীতে ধরায় ফাটল, একবার শুধু তুমি ক্ষমা করে দাও তানিয়া আমাকে, যে পাপ আমার মনে তুমি না সরালে আমাকে যে দূরে সরায় জন্মভূমি।
কবিতা আর লিখিনা আমি, কবিতা আর নয় কাগজ কলম মিথ্যে শুধু অবশ হাতে ধরা লিখতে গেলেই মনের মধ্যে অসংখ্য সংশয় পরিবেশটাই বদলে গেছে, শরীরে আজ জরা কবিতা ছিল মাধুরীদির মৌঝরা যৌবন কলেজ মাঠে ম্লান বিকেলে শিল্পা ঘোষের শাড়ি কবিতা ছিল দীঘার তীরে গভীর সে ঝাউবন তার বদলে এখন মনে রিক্ত বালিয়াড়ি একফালি ওই চাঁদের মতো রত্না বসুর নাভি আধঝলকে ,কবিতা দিয়ে প্রেমের তখন জয় সকাল বিকেল সন্ধ্যে রাতে টাকার কথা ভাবি এখন শুধু ;টাকার জ্বরে পোড়ে শরীর মন বহু বছর আগেই বিদায় নিলেন সরস্বতী সঙ্গে নিয়ে সাহিত্য আর সত্যজিতের ছবি কিছুই তাতে যায় আসেনা কিইবা এমন ক্ষতি ব্যাংকে জমুক অনেক টাকা ; নাইবা হলাম কবি লক্ষ্মী দেবীর আরাধনায় কাটুক না জীবন বিল গেট্স আর আম্বানিকেই করবো পুজো রোজ হঠাৎ কেন মধ্যরাতে অদ্ভুত এক ভয় সর্বস্ব গেল আমার ; বন্ধ সুখের খোঁজ সরস্বতী গেলেন ; তবু লক্ষ্মী এলেন না তো স্বপ্নে দুজন দেবীই বলেন কাঁদো সুজিত কাঁদো
যে রক্তচন্দন টিপ কপালে দিয়েছো তুমি সুজাতা আমার তা থেকে চন্দন শুধু ঝরে ঝরে গুঁড়ো গুঁড়ো রক্তে যায় মিশে এখন রক্তের মধ্যে হিম তুষারের কণা মাইনাস তিরিশে জমে আছে ঘনঘোর, ভেঙে যায় ঘর, ভাঙে প্রাসাদের দ্বার। সুজাতা যতই ভাবি চলে যাবো, চলে যাবো এসপ্লানেডের মেট্রো সিনেমার সেই অন্ধ ঘরে, রাস্তা দিয়ে ডবলডেকার কোমল হিল্লোলে শুধু বয়ে যাবে, তুমি আমি সেই নির্ঝরের ধারাস্রোতে ভেসে যাবো, ভুমিকম্পে কেঁপে ওঠে নদীর দুপার।
যে নিজেই স্বেচ্ছাবন্দী, যে আত্মনির্বাসনে সুখ শিহরণে কেবল কম্পিত হয়, ঝুলে থাকে ফাঁসিকাঠে, গলা যার ফ্রেমে আটকানো, তুমি তাকে অদ্ভুত কটাক্ষে বেঁধো গভীর সপ্রেমেঃ লোডশেডিঙের জ্যোৎস্না ছড়াও যতই তবু বিদিশার নিশা জুড়ে থাকে কোলকাতা, সুজাতা তোমাকে আজ নিখাদ চুম্বনে আবদ্ধ করার পথে বাধা হয়ে জেগে আছে টাকাকড়ি ভিসা।
মানুষের মুখ আর কখনো দেখিনা ; ওখানে ভীষণ ভাবে শ্যাওলা জমেছে বহু ব্যবহৃত বই ; উইপোকা খায় তাকে কুরে কুরে খায় জানালার গ্রিলে পুরু ধুলো আস্তরণ মানুষের মুখ আর কখনো দেখিনা ; কখনো দেখিনা মেঘ জ্বলন্ত বিদ্যুত রেখা বৃষ্টিপাত অশান্ত মুখর মানুষের মুখ ঢাকা ঘুমন্ত লজ্জায় উইপোকা খায় তাকে ;কেটে কেটে খায়
গগন বিদারী নেই ভূমি কম্প বন্যা কালবৈশাখীর ঝড় ও মুখে এখন আর ভালোবাসা মুক্তো নেই প্রেমের ঝিনুক বিপ্লবের রক্ত চুনি বীরত্বের পান্না ত্যাগ ক্ষমার প্রবাল গভীর বেদনা জ্বালা ব্যথা দুঃখ সুখ অত্যাচার সয়ে সয়ে মানুষের মুখ এখন চেতনাহীন নিস্তেজ পাথর ; নয় দীপ্ত প্রতিবাদে নিস্তরঙ্গ দীঘি : চোখে জ্বলে না হীরের ছটা ঘৃণা আর্তনাদে জল স্থল অন্তরীক্ষ কাঁদে মানুষের মুখ আর এখন দেখিনা
ওখানে ভীষণ ভাবে শ্যাওলা জমেছে জানালার গ্রিলে পুরু ধুলো আস্তরণ তবুও আমার ভাঙ্গে না যে স্বপ্নঘোর প্রতীক্ষায় উন্মুখ জীবন হয়তো আগ্নেয় গিরি জেগে উঠবে ; হবে বিস্ফোরণ বয়ে যাবে লাভা স্রোত ; ভেসে যাবে ধুলোর জঞ্জাল বিশীর্ণ পাতার স্তুপে লেলিহান অগ্নি শিখা তরঙ্গ উত্তাল দলিত মথিত করে আলোড়নে জাগাবে এ প্রশান্ত সাগর রাস্তায় বেরোলে চোখে পড়বে না শুধুই কংকাল
প্রতীক্ষায় দিন যায় দিন চলে যায় মানুষের মুখ তবু সাজে না তো যুদ্ধের সজ্জায় উইপোকা খায় তাকে কুরে কুরে খায় বেঁচে আছি ভাল আছি খুব ভাল আছি গোরস্থানে যতটুকু ভাল থাকা যায়
মানুষের মুখ দেখব ভেবে কাটে প্রতীক্ষায় সারা রাত সারাটা সকাল ; কেবল নিজেকে করি প্রবঞ্চনা ঘুরে ঘুরে খেলি কানামাছি পাগলের মত কাঁদি পাগলের মত দুঃখে হাসি ; মানুষের মুখ শুধু ঝাপসা হয় মানুষেরা হয় পরবাসী বেঁচে আছি খুব ভালভাবে বেঁচে আছি নিমতলা মহা শ্মশানের কাছা কাছি