মাৎসর্য
কবি সুজিত বসু

নীলাভ বিষ গলায় নিয়ে এই যে আমি জ্বলি
শীতল দেহে অগ্নিস্রোত বহায় ঘনতুঁতে
এ বুঝি ছাই ভস্মমাখা শ্মশান অঞ্জলি
বাকি যা ছিল রত্ন সব কেড়েছে দস্যুতে

ডিভিডি ফ্রিজ তরুণী আর টিভির মায়াজালে
বদ্ধ যারা বৃথা কি তাদের জন্য দীপশিখা
জ্বালিয়ে আমি দগ্ধ হবো, তারা কি জানে কিছু
আগুন হাতে খুঁজেছে ফিরে তৃষিত মরীচিকা

আমি যা কিছু পারিনা তাকে লুকোতে শুধু বৃথা
ছদ্মবেশে খুঁজেছি ফিরে ধাতব জড় সোনা
যা কিছু সব অন্যে পাবে, পাবো না আমি কিছু
এ কথা ভেবে ভিক্ষা নিই সোনালি যন্ত্রণা

ডাক্তারেরা জানে কি ছাই বুকে এ যে কি ব্যথা
অপারেশনে পড়েনি ধরা কখনো কোনো ছুরি
অথচ আমি সঠিক জানি বুকে কি আছে বিঁধে
সারা জীবন খেলে চলেছি মিথ্যে লুকোচুরি

এখানে এই তুষার দেশে চতুর্দিকে হিম
নিভোবে জ্বালা বলেই আসা, ডিসেম্বরেও রোদ
কেন যে এলে শত্রু হয়ে, শরীরে উত্তাপ
আমি রাখিনি কথা, তুমি ভেঙেছো প্রতিরোধ।

.                  ******************                 
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
কবি অধ্যাপক সুজিত বসুর কবিতা
*
মোহ
কবি সুজিত বসু

মদ মেয়েছেলে টাকাকড়ি জ্ঞান কাকে
সোনার সিংহাসনে
বসাবো জানি না,রক্ত শুকিয়ে সাদা
শরীরে, অসুখ মনে

যা খুব সরল তাকে নিয়ে অকারণ
মোহান্ধ জটিলতা
হৃদয়ে যা ছিল জমানো মূল্যবোধ
মিথ্যে প্রতিটি কথা

স্বার্থ স্বার্থ চিৎকার করে ওঠে
সার্থক বন্ধুরা
ব্যর্থ, তলাই গভীরে, দেখিনি আজও
সার্থকতার চূড়া

মায়ার বরফে, মোহের তুষার ফ্রিজে
জমে আছে এ জীবন
কখনো স্বপ্নে হীরক শরীর নারী
কখনো ইলেকট্রন

.                  ******************                 
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
*
শরৎ
কবি সুজিত বসু

ছলনা তুমি বলো না কত দেখাবে ক্রূর খেলা
শরতে নীল আকাশে কেন উল্কা ধূমকেতু
বাতাস স্থির, পাতারা ধীর, কাঁপে না, ভাঙে সেতু
ওপারে যাওয়া হয় না তার, এপারে কাটে বেলা

কাশের বন কাঁপে যখন খুশির হিল্লোলে
আকাশে সাদা কাশের মতো ভাসে মেঘের ভেলা
কি নিষ্ঠুর বেদনা তার মনে যে সুর তোলে
ছলনা তুমি জেনেও কেন খেলেছো ক্রূর খেলা !
     
রাস্তাঘাটে পুজোর ধূম, বাজারে হাটে সোনা
ঝলমলায়, অলস পায়ে পুরুষ নারী চলে
প্রতিটি ঘরে ঐকতানে গানের মূর্ছনা
একার তার প্রতিমা ডোবে বিসর্জনে জলে

ছলনা তুমি বলো না আর  দেখাবে কত খেলা
জ্বালালে তাকে, ভাসালে, দিলে শরতে অবহেলা।

.                  ******************                 
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
*
সুজাতা তোমার হাতে
কবি সুজিত বসু

বকের পালক রোদ্দুরে জ্বলে সুজাতার হাতে সোনা
আমি ছুটে আসি বহুদূর থেকে, এ আমার মাধুকরী
ভিক্ষার ঝুলি পেতে বসে করি করজোড়ে প্রার্থনা
দশকুড়ি গ্রাম আমাকে দাও না, বারবার পায়ে পড়ি

দশ গ্রাম আজ তিরিশ হাজারে বিকোচ্ছে আমি জানি
সকালে চায়ের সঙ্গে কাগজে দেখেছি খবর তাজা
পৃথিবীর সব দেশেরা করছে সোনারূপো আমদানি
তুমি দেবী আমি ভক্ত তোমার, করবো বলবে যা যা

চুরি জোচ্চুরি ভণ্ডামি আর তহবিল তছরুপ
কিছুতে হবোনা পিছপা, আমাকে আজ তুমি দাও দীক্ষা
ভালোবাসাটাসা অনেক হয়েছে, তোমার প্রেমিকা রূপ
অনেক দেখেছি, আজ শুধু দাও টাকা কামানোর শিক্ষা

টাকার বদলে এ তুমি কি দিলে, মধুর বাটিতে বিষ;
জ্বলে গেল গলা, জ্বলে গেল বুক, জ্বলে গেল দুই ঠোঁট
আধো ঘুম আধো জাগরণে আমি জ্বলেছি অহর্নিশ
কেন এসেছিস লাইন মারতে, মস্তান বলে ফোট

সোনা পেলাম না, রূপো পেলাম না, সুজাতা তোমার হাতে
লুকোনো ছুরির বাঁটে লেখা ছিল আমার সর্বনাশ
দিন কেটে যায়, রাত কেটে যায় অকরুণ সংঘাতে
প্রেমট্রেম কিছু নেই এ জীবনে, দানবী চৈত্রমাস।

.                  ******************                 
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
*
সুজাতা তোমার সঙ্গে
কবি সুজিত বসু

সুজাতা তোমার সঙ্গে আজকে একটি ওয়ালজ নৃত্যে
মৃদু ঘূর্ণনে ঘুরে যেতে চাই স্টিরিওতে বলো বাজনা
কোনটা বসাবো, জানুয়ারী মাসে এই মস্কোর শীত যে
সহ্য হয় না আর কেন জানি সারা বুক ভরে কান্না

চেপে বসে যায় বাষ্পের মতো আর পদার্থবিদ্যা
গবেষণাতেও মন তো বসে না, সুজাতা তোমার সঙ্গে
চলো বরফের বৃষ্টিতে ভিজি, হিমেল তুষারে সিক্তা
হলে তুমি বড়ো কষ্ট কি পাবে, তুমি পশ্চিমবঙ্গে

কোথায় রয়েছো জানাও এখনই, আমি রুশী প্রহেলিকা
ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে চলে যাবো এরোফ্লোটের প্লেনে
শিরিয়েমিতেভা বন্দরে জ্বালো কপালের লাল শিখা
সতর্কতার নিষেধকে আমি গ্রাহ্য করি না জেনে

কাচখণ্ডকে রত্ন ভেবে যে ভুলের প্রায়শ্চিত্ত
এতদিন করা হয় নি বলেই হাত কেটে ভাসে রক্তে
একগলা জলে দাঁড়িয়েও আজও রয়ে গেছি অতৃপ্ত
নবাবের মতো কবে যে বসাবে আমাকে বুকের তখতে

মুষ্টিযুদ্ধ জানি না তবুও তোমাকে যে করে চুম্বন
যে তোমাকে টানে মায়াচুম্বকে, তাকেই বিরাশীসিক্কা
ঘুষি মেরে দেবো চলো নেচে আসি ফুরোবার আগে যৌবন
সুজাতা আমায় আজ শুধু দাও এই অন্তত ভিক্ষা

আমি জানি চোখ কোটরে ঢুকেছে কণ্ঠার যত হাড়
বেরিয়ে প্রকট আশোভনভাবে, রুক্ষ কেশর চুল
উড়ে উড়ে জটা বেঁধেছে মাথায় কতদিন যেন ফুল
ছুঁই নি ক্লিষ্ট, উপবাসী আছি কতদিন  অনাহার

তুমি সন্ন্যাসী বুদ্ধকে দিলে অন্ন পানীয় তুলে
আমিও তৃষিত প্রতি রাত্তিরে জ্বলে মরি প্রতিদিন
যতই থাক না টেবিলে ভদকা শ্যাম্পেন ড্রাই জিন
সুজাতা তুমি কি ছোঁবে না আমায় চাঁপার কলি আঙুলে !

.                  ******************                 
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
*
সুখ অ-সুখ
কবি সুজিত বসু

দিদির সঙ্গে বেগুন ক্ষেতে
দুপুরবেলা চড়ুইভাতি
রাতে মাকে বলছি কেঁদে
দেখাও না নক্ষত্র স্বাতী

সূর্য ডোবা বিকেল কাটে
আনন্দ আর শিহরণে
ক্রিকেট খেলা কলেজ মাঠে
পড়ার কথা নেই তো মনে

বৃষ্টি আসে আকাশ জুড়ে
শিল কুড়োনো সন্ধে বেলা
বেদনা যে হৃদয় খুঁড়ে
দিদির সঙ্গে আমার খেলা

পড়শি মেয়ের জামার তলায়
উপচে ওঠা বুকের উঁকি
দেখার জন্য ভীষণ ঝুঁকি
আগুন বুকে আগুন গলায়

স্কুল পেরিয়ে কোএড কলেজ
সরছে দূরে স্মৃতির বাড়ি
ম্লান করে দেয় সূর্যের তেজ
শিল্পা ঘোষের হলুদ শাড়ি

লাইব্রেরিতে স্বর্গ পাওয়া
শক্তি সুনীল শঙ্খ অলোক
বইছে মনে পদ্য হাওয়া
ভালো কিংবা মন্দ যাহোক

লোভের ডাকাত হঠাৎ আসে
বন্ধু সেজে ছদ্মবেশে
আমায় সে খুব ভালোবাসে
তাই তো আমার সঙ্গে মেশে

প্রশ্ন করে তুই কি সুখী
আসলে তুই ভীষণ বোকা
সুখ যে বিশাল তার কিছুকি
জানিস ! সত্যি রইলি খোকা

এই দেখে যা নীল ছবিটা
এই দেখে যা টাকার থলি
পুড়িয়ে দে তোর
trash কবিতা
চেন না সুখের অলি গলি

সুখ মানে যে ধন ধান্য
সুখ মানে যে নগ্ন নারী
সবাই যাকে করবে মান্য
সেই তো সুখের পথ দিশারী

একটু শুধু শিখতে হবে
জোচচুরি আর ধাপ্পা বাজি
সুখী যে তুই হবি কবে
শিখিয়ে দেব এখন আজই

তখন থেকে শিক্ষা শুরু
খুঁজতে থাকি সুখের চাবি
করি যেমন বলেন গুরু
মূল্যবান বা হাবিজাবি

তখন থেকে জেট গতিতে
ছুটতে থাকা ছুটতে থাকা
গ্রীষ্ম বর্ষা এবং শীতে
পথ যদিও একটু বাঁকা

হঠাৎ দেখি অ -সুখ ঘরে
বন্দী ; কোথায় সুখের চাবি
ঘরটা ভেঙ্গে ঘূর্ণি ঝড়ে
কেউ কি আমায় নিয়ে যাবি?

.                  ******************                 
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
*
স্বর্গ থেকে দূরে
কবি সুজিত বসু

ঝিনুক ঝিনুক ছিল ইহুদি কপিশ চোখে, শীর্ণা দেহে তার
বয়ে যায় ঝরনা হয়ে গুঁড়ি গুঁড়ি স্বেদবিন্দু, অশ্রুর কণিকা
ইজরায়েলের ডাকে বাড়ির বরফচূড়ো  প্রবল সোচ্চারঃ
দীর্ঘশ্বাস কুয়াশায় অস্বচ্ছ কাচের দ্বার, লৌহ যবনিকা;
কি নামে যে ডাকা ভালো, লুদা, মিলা, রাশিয়ানে ‘প্রিয়া’
যে বক্ষবন্ধনী ফাঁস গলায় বসেছে চেপে, বন্ধন বন্ধন;
যে কটাক্ষ বজ্র হয়ে জ্বালিয়েছে কুঞ্জবীথি চন্দনের বন
তার বাণে বিদ্ধ হতে লুদমিলা বিষম অনীহা
কোন সে কে রাজপুত্র কবে নিয়ে পালঙ্কে যে শোবে
মখমল বিছানায় ফুলশয্যা কবে চোখে কুহকী প্রলাপে
এনে দেবে উন্মাদনা, কবে যে কবোষ্ণ হয়ে উচ্ছ্বাসে বিক্ষোভে
পবিত্র জাহ্নবী হবে, এখন কুটিরভরা নিঃস্বতার পাপে
এ পাপ তোমার ন্য়, এ পাপ আমার নয়, এ নয় কারুর
আমরা সবাই আছি লুদমিলা স্বর্গ থেকে বহু বহু দূর।

.                  ******************                 
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
*
বেলা বয়ে যায়
কবি সুজিত বসু
মিলনসাগরে প্রকাশকাল ৪.১.২০১৯।

বেলা বয়ে যায়, বিকেল ঝিমোয়, সন্ধ্যের নেই দেরি
বেলা বয়ে যায়, বৃথা তন্দ্রায় ভালো না কালক্ষেপ
বয়ে যায় বেলা, শেষ হয় মেলা, ওপারে যাওয়ার ফেরী
ফেলেছে নোঙর, মনের পাথরে মাথা খুঁড়ে আক্ষেপ

গত মুহূর্ত অতীতের দিকে অনেক দূর তো গেল
কিছুই হলোনা, শরতের সোনা রোদ্দুর দিল ফাঁকি
ভেসেছি উজানে, টেলিফোন কানে লাগিয়েই শুনি হ্যালো
মৃত্যু বলছি, আপনার আর কয়েক মিনিট বাকি

বলে দিই জোরে রঙ নম্বরে কেন ফোন করছেন?
আমার এখন হবে না সময়, শরীরের ক্ষয়ে জানি
রেখেছেন পদচিহ্ন, তবুও দূর পাল্লার ট্রেন
পাঠালেও  আমি চড়বোনা, নই এতটা অসাবধানী

বেলা বয়ে যায়, বৃথা লজ্জায় সময় নষ্ট আর
করবো না, বুকে অপূর্ণ আজও দিগবিজয়ের তৃষা
বেলা বয়ে  যায়, আর দেরি নয়, পড়ে থাক সংসার
দূর নীহারিকা থেকে ইশারায় ডেকে যায় মোনালিসা

.                  ******************                 
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
*
অলির জন্য মন্দির
কবি সুজিত বসু
মিলনসাগরে প্রকাশকাল ৪.১.২০১৯।

অর্কেস্ট্রার সুরে বেজে যায় যে মূর্ছনা
তাতে ভেসে ওঠে শুধু বিষাদের প্রতিচ্ছবি
অতীতে আকাশে ছড়ানো সূর্যোদয়ের সোনা
এখন সেখানে রক্ত মাখায় অস্তরবি

সে কোন ধূসর অতীতে দিয়েছি প্রতিশ্রুতি
অলির জন্য মন্দির গড়ে তার প্রতিমা
বসাবো বেদীতে, প্রয়োজনে দেবো আত্মাহুতি
তা শুধু ছলনা, পেরিয়েছি অপযশের সীমা

অলির জন্য মন্দির গড়ে জ্যোৎস্নারাতে
ভেবেছি সাজাবো নৈবেদ্যের বরণডালা
কবে ভুলে গেছি, এখন নিজেকে প্রশ্নাঘাতে
ক্ষত বিক্ষত করেও মেটে না মনের জ্বালা

অজান্তে কবে ঘটেছে নিজের পদচ্যুতি
দুষ্ট গ্রহের মতো আর্থিক শিথিল জটা
গ্রাস করে নেয়, স্বপ্নে কেবল লাল মারুতি
বুকে বাসা বাঁধে পাখির ধূসর বিষণ্ণতা

শ্রাবণের উত্তাল নদী হয়ে খরস্রোতা
বয়ে যেত প্রেম বন্যার মতো গুঞ্জরণে
অলির জন্য মন্দিরে ছিল পবিত্রতা
দেখাতো বিজন স্বর্গের  পথ উত্তরণে

ডিনামাইটের ধ্বংসলীলায় সে মন্দির
উড়িয়ে দিয়েছি, হয়েছি ভীষণ স্বেচ্ছাচারী
ঘরে ভেসে আসে জলজ কুমির অশান্তির
বুকের বেদীতে এখন শুধুই পণ্যা নারী

.                  ******************                 
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
*
আরম্ভ করেছ খেলা
কবি সুজিত বসু
মিলনসাগরে প্রকাশকাল ৪.১.২০১৯।

শুরু হবে, শুরু হবে, শুরু হয়ে যাবে খেলা, তবে জাদুকর
আরম্ভ করেছ খেলা আশ্চর্য তাঁবুর মধ্যে, আলোর তূণীর
বাসের গহন থেকে ছুটে যায় অন্যখানে, ঝিমঝিম ভার
অলস তন্দ্রার মেঘ ছুঁয়ে ছুঁয়ে জমে যায় এবং টুপির
গভীর অন্তর থেকে ভেসে ওঠে ফিতে চুড়ি রঙিন রুমাল
দেশলাই চৌখুপি থেকে তুহিন তুষারময় রক্ত গাঢ় লাল।

দিন হয় রাত হয় রাত থেকে দিন হয় রাতদিন দিন
জলপাই গাছের ঘন পাতাগুলি স্থির হয়ে ঘন বনস্থলী
ঝিরঝির ঝরে যাওয়া বৃষ্টির ফোঁটার মতো আলোর পিদ্দিম
নিথর জ্বালাও তুমি জাদুকর, আর আমি চলে যাই, চলি
সঘন ধূমের গন্ধে চোখ জলে ভরে আসি, দেখে নিই ক্ষীণ
মুখরিত নগরীর রাজপথে মৃত্যুমুখী এক চাঁপাকলি।

.                  ******************                 
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
*