হিমযুগ শেষ হলে                        
কবি সুজিত বসু
মিলনসাগরে প্রকাশকাল ৪.১.২০১৯।
                                       
হিমযুগ শেষ হলে বসন্ত আসার
কথা ছিল আকাশের নীলে
হিমযুগ শেষ হলে যে ভালোবাসার
প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে
তাকে শুধু বুকে নিয়ে গড়েছি আশার
ছোট একটি প্রমোদ তরণী
হিমযুগ শেষ হলে সাগরে ভাসার
কথা ছিল, সে কথা রাখো নি

হিমযুগ শেষ হলে বিদেশি ভাষার
প্রেমের কবিতা তুমি দেবে
বলেছিলে উপহারে, হঠাৎ পাশার
দান উলটে ঘর বাড়ি কেঁপে
ওঠে শুধু থরোথরো, অকালে আষাঢ়
আনে জলপ্রপাতের ধারা
গম্ভীর মুষল শব্দে, যে ঘরে বসার
কথা ছিল সে ঘরে পাহারা
দেয় আজ শত্রুপক্ষ, খ্যাতি ও পশার  
ভূমিতে লুণ্ঠিত পড়ে আছে
চতুর্দিকে কুসুমের পাপড়ি খসার
ম্লান শব্দ, হাত কাটে কাচে
আসবে না, তবু প্রেম ও ভালোবাসার
প্রতীক্ষায় প্রহরকে গোণা
হিমযুগ শেষ হলে বসন্ত আসার
কথা ছিল, বসন্ত এলো না।

.                  ******************                 
.                                                                             
সূচীতে . . .   


মিলনসাগর
কবি অধ্যাপক সুজিত বসুর কবিতা
*