কবি স্বপ্না ঘোষের কবিতা
*
কত ভগবান!
কবি স্বপ্না ঘোষ
রচনা ২৯.৬.২০১৭


কত ভগবান !
বাড়ি মন্দির পবিত্র থান নামকরা তীর্থস্থান কোথায় নয়,
ভগবানকে ঘিরে দেশজুড়ে ভক্তের, ভক্তির প্রবাহ বয়।
কয়েকজন ভগবান নাকি জাগ্রত,
বাকি ভগবানেরা কী ঘুমন্ত, তন্দ্রাচ্ছন্ন ?
দেশজুড়ে যত অভুক্ত শিশুর কান্না-
চারিদিকের, জমাট ভক্তির গায়ে ধাক্কা
খেয়ে ফিরে আসে, ভগবানের কাছে পৌঁছতে
পারে না,
ঈশ্বরবিহীন মন্দিরে চলেছে পুজোপাঠ, সবই কপট ভক্তের মনগড়া।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
অনেকবার দেখেছি
কবি স্বপ্না ঘোষ
মিলনসাগরে প্রকাশ - ৪.৭.২০১৭


আমি অনেকবার আমার মৃত মুখ দেখেছি
একইরকম, কোনও নতুনত্ব নেই
শান্ত চুপচাপ
ওই মুখের দিকে তাকিয়ে ভাবি আমার কী দরকার
এভাবে 'ও'কে নিয়ে ভাবার কোনও মানে হয়!
ঘর জুড়ে শীতল হাওয়া বয়।
বালিকা এসে 'ও'র মাথার কাছে বসে,
ঠাণ্ডা কপাল ও মাথায় হাত বোলায়
প্রতিবার এ সময় বালিকার দু-বিনুনিতে আমার জন্ম মৃত্যু
খেলা করে,
প্রহরের পর প্রহর অতিবাহিত হলে, মৃত মুখ চোখ মেলে।
অবাক দৃষ্টি,
স্থান কাল হৃদয়ঙ্গম হতে, বুঝি একটু সময় লাগে
বালিকা কখন যে গেছে চলে,
মৃত্যু থেকে জীবনে ফেরায় মায়া অতলান্ত এ বেঁচে থাকা ক্রমে অন্য এক বেঁচে থাকায় অঙ্কুরিত।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
হার মেনেছে
কবি স্বপ্না ঘোষ
মিলনসাগরে প্রকাশ - ৪.৭.২০১৭


বিয়েবাড়ি, শ্রাদ্ধবাড়িতে অনেক আত্মীয় দেখা যায়,
কত গল্প হয়।
শ্রাদ্ধবাড়িতে সবাই একটু হালকা রঙের পোশাক পড়েন,
কম জোরে হাসেন
কেউ চিরত‍রে চলে গেলে শ্রাদ্ধ হয় যে।
সবকিছুরই নিয়ম আছে, নিয়ম মেনে কত ভদ্র আমাদের শান্তশিষ্ট সমাজ,
দুঃখদিনে কে কার!
অনুষ্ঠান বাড়িতে হাজিরা দিতে হবে
অনুষ্ঠান বাড়িতে, আত্মীয়দের আবির্ভাবে কত গল্প হয়,
ঘুরে বেড়ায় ঘরময় ঘেঁষাঘেঁষি মানুষ ও মানুষের অলঙ্ঘ‍্য দূরত্ব
পার হতে চাও ?
হার মেনেছে ঝড়ের আশঙ্কাও।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ধ্রুপদী নুর-কে
কবি স্বপ্না ঘোষ
মিলনসাগরে প্রকাশ - ৪.৭.২০১৭


ঝড়ে, ঘরের বাইরে থাকলে
বাতাসের গর্জনে , ভয় পেয়োনা
দুর্যোগে জীবন মেলে ধরে-
দিও তুমি সাম্যবাদকে মর্যাদা
চক্রবৃদ্ধিহারে বেড়ে চলে
রাষ্ট্রের নিষ্ঠুর খামখেয়ালিপনা
জেনো, শাসকেরও বুক কাঁপে
অবলোকন-এ, মুঠিবদ্ধ হাতের রেখা।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
লালরঙ্গন
কবি স্বপ্না ঘোষ
মিলনসাগরে প্রকাশ - ৪.৭.২০১৭


তুমি বলেছিলে, এক থোকা লালরঙ্গন এনে দেবে
আমি খোঁপায় লাগাবো,
অপেক্ষার অন্তে অপেক্ষা ছুঁয়ে রঙ্গন একই আছে-
সজীব লাল, খোঁপাটি খানিক ম্রিয়মাণ।
যে পুকুরপাড়টি ছিল শুধু তোমার আমার, সেখানে
আমাদের যত কথা, ভেসে আছে জলের উপরিতলে
ছিন্নপক্ষ সময়ের বিরহগাথা।
খোঁপাটি ম্রিয়মাণ হলেই বা, না পাওয়াটুকু "পাওয়া" হলে
আমার অঞ্জলি ভ'রে ওঠে, দূরে কোথাও ফুটে থাকা
লালরঙ্গনের সৌরভে।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
কত সহজে মেলে
কবি স্বপ্না ঘোষ
মিলনসাগরে প্রকাশ - ৪.৭.২০১৭


পাতার পর পাতা ঘেঁটে কিছুই তো পাওয়া গেল না
আধার কার্ড রেখেছে কোথাও লুকিয়ে,
চলো আমাদের কাজ হলো 'ও'কে খুঁজে বের করা
নিরপরাধী, তাতে কী, ধরতে হবে, হুকুম আছে


নদীতীরে যুবক আপনমনে ঘুরে বেড়ান
নদী হাওয়া গাছেদের সঙ্গে দিন কাটে কথায় কথায়
কখনও বা ভেজা মাটিতে-
প্রিয় যুবতীর মুখ এঁকে চলেন


---এবার বল তোর সঠিক জাত ও ধর্ম ?
মনুষ্যত্ব,


যুবকের বেওয়ারিশ লাশ পড়ে থাকে নদীতীরে
শোকে অস্থির আকাশ, শুরু হয় তুমুল বৃষ্টিপাত
বৃষ্টি থেমে গেলে, গঙ্গাফড়িং ভাবে
মনুষ্যত্বের পুরস্কার, এ সভ‍্যতায়, কত সহজে মেলে।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
যাঁরা---
কবি স্বপ্না ঘোষ
মিলনসাগরে প্রকাশ - ৪.৭.২০১৭


যাঁরা বাড়ি বয়ে দিতে আসেন শুধুই মানসিক যন্ত্রণা,
তাঁদের জন্য ঘরের দেওয়াল ভেঙে, দিয়েছি চোরকাঁটার বেড়া।
নির্দোষ দেশবাসীকে যাঁরা অকারণ, করে চলেছেন রক্তাক্ত
হৃদয়ে পুষেছি, তাঁদের জন্য এক জাগ্রত বিষধর সর্প।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ফেসবুক, হোয়াটসঅ্যাপে লেখা
কবি স্বপ্না ঘোষ
মিলনসাগরে প্রকাশ - ৪.৭.২০১৭


লিখে চলি, কোনও সম্বোধন নেই,
জানি তোমাকে লেখা তোমার কাছেই যাবে
তবু ফাঁকা
ফাঁকা লাগে।
শেকড়ের দৃঢ়তা কই!
লেখাটুকু যেন ভেসে বেড়ানো কচুরিপানা
আমি পুরনো মানুষের মতো বললাম
পুরনো মানে বাতিল, পিছিয়ে থাকা ?
পিছিয়ে থাকা এ নব্য আধুনিকতায় অবশ্য অপরাধ
হিসেবে গণ্য হবে
সময়ের সঙ্গে প্রতি মুহূর্তে এগোতে না পারলে, তুমি হেরো।
চুলোয় যাক তোমার আমার মন জুড়ে ভেসে বেড়ানো
অক্ষরেরা, কেন যে ডাক-টুকু ছাড়তে চায় না
লিখে চলি, কোথায় সম্বোধন!
বৃক্ষ বোঝে আলগোছে ভেসে বেড়ানো কচুরিপানার-
বেদনাভরা মন।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
আজ এগারোই জ‍্যৈষ্ঠ, বিদ্রোহীকবি তোমাকে প্রণাম
কবি স্বপ্না ঘোষ
মিলনসাগরে প্রকাশ - ৪.৭.২০১৭



তুমি মুসাফির তুমি বিদ্রোহী
তুমি হেঁটে গেলে তোমার হাঁকডাকে পথ জেগেছে
হুশিয়ার কাণ্ডারী।
বিদ্রোহের উঠোন জুড়ে ছিল হাজারো কণ্ঠে
তোমার গান, ভাঙা-গড়ার সুতীব্র আহ্বান
আজ তোমার জন্মদিনে তোমারই গান-এর সুর ছুঁয়ে-
জানালাম তোমাকে আমাদের প্রণাম।


পুনশ্চ- আর দু একটি কথা লিখবো।
তোমার ' লিচুচোর '- এর সেই দুষ্টু বালক আজও পাড়াময়
ঘুরে বেড়ায়
'ও' কাউকে খোঁজে
লিচুগাছটি এবং তোমাকে।

.                   ****************                   
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর