কবি গোপী - শুধু "গোপী" নামের কোনো পদকর্তার সন্ধান পাওয়া যায় নি। "গোপী" ভণিতার একটিই মাত্র পদ বৈষ্ণবদাস সংকলিত শ্রীশ্রীপদকল্পতরুতে রয়েছে।
গোপী ভণিতার আরেকটি পদ আমরা পেয়েছি নৃসিংহচন্দ্র মুখোপাধ্যায় বিদ্যারত্ন সম্পাদিত “সাহিত্য- সংহিতা” পত্রিকা-র ১৩০৯ বঙ্গাব্দের আষাঢ়-শ্রাবণ সংখ্যায় (জুলাই-আগস্ট ১৯০২খৃষ্টাব্দ) প্রকাশিত, আবদুল করিম সাহিত্যবিশারদের “অপ্রকাশিত প্রাচীন পদাবলী” প্রবন্ধে ২০৭-পৃষ্ঠায়, চট্টগ্রামের কোন পুঁথি থেকে পাওয়া পদ। এই পদকর্তা “গোপী” ও বৈষ্ণবদাসের পদকল্পতরুর “গোপী”, সম্ভবত এক ও অভিন্ন ব্যক্তি নয়।
তবে "গোপীকান্ত" এবং "গোপীরমণ" নামের দুই পদকর্তার পদ পদকল্পতরুতে রয়েছে। গোপী এ দুজনের যে কারও ভণিতা হতে পারে। চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সমস্ত জীবন ধরে, ১৮৭০ সাল পর্যন্ত সংগৃহীত এবং তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু” সংকলনেও একজন গোপীকান্ত বসুর পদ রয়েছে। গোপী ভণিতার পদকল্পতরুর পদটি তাঁর লেখা কি না তাও গবেষক ও বিশেষজ্ঞরা ভেবে দেখতে পারেন।