| কবি নুর মহম্মদের কবিতা |
| ভাবি মনান্তরে কিছুই না পাইরে ভণিতা নুর মহম্মদ, নূর মোহাম্মদ কবি নুর মহম্মদ হুগলী থেকে, যদুনাথ কাঞ্জিলালের তত্ত্বাবধনে প্রকাশিত “পূর্ণিমা” মাসিক পত্রিকা ও সমালোচনীর ১৩০৩ বঙ্গাব্দের পৌষ সংখ্যায় (ডিসেম্বর ১৮৯৬) প্রকাশিত, আবদুল করীম সাহিত্য-বিশারদের “অপ্রকাশিত প্রাচীন পদাবলী” প্রবন্ধ, ২৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি আবদুল করীম সাহিত্য-বিশারদের পূর্ব্ব-পুরুষদের সংরক্ষিত প্রাচীন হস্তলিখিত পুস্তরাশির মধ্যে “মধুমালা” নামক একটি খণ্ডিত পুঁথি থেকে প্রাপ্ত। ॥ গীত - বিভাস॥ ভাবি মনান্তরে, কিছুই না পাইরে, যামিনী ঘোর অন্ধকার। নয়ান-আনন্দে, বিবিধ নির্বন্ধে, দেখিলুঁ বিজুলী আকার॥ হাতে দিয়া নিধি, হরি নিল বিধি, ভাসাইল বিরহ-সাগরে। কুল না পাইলুঁ, ভাসিতে লাগিলুঁ, পড়িলুঁ সাগর মুড়ে॥ বিরহ-সাগরে, ডুবাইয়া মোরে, হরিয়া নিল পুনঃ বিধি। শূন্য রাখি মন, কোন প্রয়োজন, ত্যজিয়া উদ্দেশিব নিধি॥ মনের মরম, কহিলুঁ ভরম, এমন আশা কেন বন্ধু? ভাবি করতার, অন্ধজন হয় পার, তরয়ে ইহ ভবসিন্ধু॥ কোন বিধি দিল, নয়ানে দেখাইল, কেবা লৈয়া গেল ভাঁড়ি। নুর মহম্মদ, ভাবিয়া সে পদ, ভণিল বিরহ লাচারী॥ এই পদটি পৌষ ১৩৬৯ ( জানুয়ারী ১৯৬৯ সালে) ঢাকার বাংলা একাডেমী থেকে প্রকাশিত, আহমদ শরীফ সম্পাদিত “মধ্যযুগের কাব্য-সংগ্রহ”, ২০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। ॥ আফসোস॥ ভাবি মনান্তরে, কিছুই না পাইবে যামিনীর ঘোর অন্ধকার। নয়ন আনন্দে বিবিধ নির্বন্ধে দেখিলুঁ বিজলি আকার॥ হাতে দিয়া নিধি হরি নিল বিধি ভাসাইল বিরহ সাগরে। কূল না পাইলুঁ ভাসিতে লাগিলুঁ পড়িল সাগর মুড়ে॥ বিরহ সাগরে ডুবাইয়া মোরে হরিয়া নিল পুন বিধি। শূন্য রাখি মন কোন প্রয়োজন তেজিয়া উদ্দেশিব নিধি॥ মনের মরম কহিলুঁ ভরম এমন আশা কেন বন্ধু। ভাবি করতার অন্ধ হয় পার তরএ হই ভবসিন্ধু॥ কোন নিধি দিল নয়ানে দেখাইল কেবা লৈয়া গেল ভাঁড়ি। নূর মোহাম্মদ ভাবিয়া সে পদ ভণিল বিরহ লাচারী॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |