কবি সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেসার টাঙ্গাইল
মহকুমার বিন্নাফৈর গ্রামে তাঁর মাতুলালয়ে। তাঁর পৈতৃক বাড়ী ছিল ঢাকা জেলার মাণিকগঞ্জ মহকুমার বুতুনি
গ্রামে। পিতা মুকুন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
কবি মাণিকগঞ্জের সন্তোষ-জাহ্নবী হাই স্কুল থেকে এনট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার মেট্রোপলিটান
কলেজ থেকে এফ.এ. (ফার্স্ট আর্টস) পাশ করেন। এর পর তিনি কলকাতার সিটি কলেজ থেকে বি.এ. পাশ
করেন।
কিছুকাল সিটি কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করার পরে তিনি কৃষ্ণকুমার মজুমদারের “সঞ্জীবনী” পত্রিকার
সম্পাদনা করেন। কৃষ্ণকুমারের মডত্যুর পরে তিনি “হেরাল্ড” পত্রিকার সম্পাদকের কাজ করেন প্রায় বছর
তিনেক। এর পরে তিনি বিভিন্ন স্থানে কাজ করেন।
তাঁর লেখা ও কবিতা প্রকাশিত হয়েছে “স্টেটসম্যান”, “বেঙ্গলী”, “নব্যভারত”, “জন্মভূমি” প্রভৃতি পত্রিকায়।
তিনি বহু স্বদেশী গানও রচনা করেছিলেন। দুর্ভাগ্যক্রমে আমরা তাঁর মাত্র দুটি গান সংগ্রহ করে এখানে
তুলতে সমর্থ হয়েছি। তিনি কোনও গ্রন্থ প্রকাশ করেছিলেন বলে জানা যায় না।
আমরা কবির একটি গান পেয়েছি, কবি দিলীপ কুমার বসু সম্পাদিত “গান” নামক “একটি স্বদেশী-গানের
সঙ্কলনের” ৩য় সংস্করণ থেকে। ১ম সংস্করণটি প্রকাশিত হয়েছিল ১৩১৩ বঙ্গাব্দে (১৯০৬), ব্রজকিশোর রায়
চৌধুরী দ্বারা ১৯০১ সালে প্রতিষ্ঠিত মৈমনসিংহের সুহৃদ-সমিতির পক্ষ থেকে। ১৯০৯ সালে যে সব স্বদেশী
কার্যকলাপে সমপৃক্ত সমিতির উপর নিষেধাজ্ঞা জারি হয়, এই সমিতি তাঁদের অন্যতম ছিলেন। বইটি
প্রকাশিত হয়েছিল বঙ্গভঙ্গের সরকারি ঘোষণার পরে। যদিও আমরা জানি যে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দেলন,
ঘোষণার তারিখের অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল।
কবির সংক্ষিপ্ত পরিচিতি লিখতে গিয়ে কবি দিলীপ কুমার বসু, ২০২০ সালে প্রকাশিত, তাঁর
সম্পাদিত “গান” নামক “একটি স্বদেশী-গানের সঙ্কলনের” ৩য় সংস্করণ (১ম সংকলন ১৯০৬) এ লিখেছেন . . .
“১৯৬৩তে জীবিত, কলকাতায় থাকেন, বহু স্বদেশী গান লিখেছেন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন,
কৃষ্ণকুমার মিত্রের ম়ত্যুর পর হেরাল্ড পত্রিকার সম্পাদক নিযুক্ত হয় তিন বছর সেখানে কাজ করেছেন, নানা
কাজের পাশাপাশি স্টেট্সম্যান, বেঙ্গলী, নব্যভারত, জন্মভূমি ইত্যাদিতে প্রবন্ধ আর কবিতা লিখেছেন, তবু
হেমচন্দ্র ভট্টাচার্য রচিত মাতৃবন্দনা (১৯৬৩) বইটির বাইরে ওঁর সম্বন্ধে কোনো উচ্চারণ নেই, এ ব্যাপারটা
ভারী আশ্চর্যের।”
আমরা কৃতজ্ঞতা জানাই “গান” বইটির সম্পাদক কবি দিলীপ কুমার বসু এবং প্রকাশক কুবোপাখি প্রকাশন
(+৯১৯৪৩২১৩৩৯৯১) এর কাছে তাঁদের এই সাধু প্রচেষ্টার জন্য। মিলনসাগরে কবি দিলীপ কুমার বসুর
কবিতার পাতায় যেতে এখানে ক্লিক করুন . . . ।
কবি সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দেহত্যাগ সম্বন্ধে আমাদের কিছু জানা নেই।
এই কবি সম্বন্ধে কোনও তথ্য ও কবির ছবি যদি কেউ আমাদের পাঠান তা হলে আমরা প্রেরকের নাম
উল্লেখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবো।
আমরা মিলনসাগরে কবি সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতা ও গান তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে
দিতে পারলে এই প্রচেষ্টার সার্থকতা। এই পাতা তাঁর প্রতি মিলনসাগরের শ্রদ্ধার্ঘ্য।
কবি সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
উত্স -
- দিলীপ কুমার বসু সম্পাদিত “গান” নামক “একটি স্বদেশী-গানের সঙ্কলনের” ৩য় সংস্করণ।
- হেমচন্দ্র ভট্টাচার্য সংকলিত ও সম্পাদিত “মাতৃবন্দনা” (১৯৬৩)।
কবির দুইটি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ৭.২.২০২০
...