কবি আব্দুল ওয়াহিদ-এর বৈষ্ণব পদাবলী
*
জ্বলিল জ্বলিল জ্বলিয়া উঠিল প্রেমেরি আগুনি লেগেছে গায়
কবি ইয়াকুল আব্দুল ওয়াহিদ
এই পদটি ১৯৪৫ খৃষ্টাব্দে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি” গ্রন্থের ৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ বিরহ॥
জ্বলিল জ্বলিল জ্বলিয়া উঠিল প্রেমেরি আগুনি লেগেছে গায়।
জ্বলিল অঙ্গ জ্বলিল প্রত্যঙ্গ, জ্বলে পুড়ে সাঙ্গ হায় হায় হায়॥
হৃদয় জ্বলিয়া হয়েছে আলীয়া প্রাণনাথ কালিয়া রহিল কোথায়।
ডাকি বারে বারে না চাহিল ফিরে, কঠিন কি হয় রে হৃদয় তার॥
ধারে নাহি আসে কাছে নাহি বাসে ভাল নাহি বাসে সে গো আমায়।
বন্ধু সামরায়, যার পানে চায়, তার মন কাড়িয়া নিল চক্কের ইসারায়॥
ওয়াহিদেরি পানে চাহে আড় নয়নে না জানি কি মনে তাও তো বুঝা দায়॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি আ
ব্দুল ওয়াহিদ
-এর পরিচিতির পাতায় . . .
*
আমার মন চায় সর্বদায় যৈবনদান প্রেম খেলায়
কবি ইয়াকুল আব্দুল ওয়াহিদ
এই পদটি ১৯৬৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গুরুসদয় দত্ত ও ডঃ
নির্মলেন্দু ভৌমিক সম্পাদিত, “শ্রীহট্টের লোকসঙ্গীত” সংকলন, বৈষ্ণব পদাবলী, ৯৯-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।
আমার মন চায় সর্বদায় যৈবনদান প্রেম খেলায়
কিন্ত, প্রেমিক পাওয়া দায়॥
আর প্রেমিক রসিক তালাস১ করি গো
ও সই, ফিরিতেছি বাঙ্গালায়।
এগো, বলছি যারে পাইনা তারে গো---
প্রাণ জ্বলে প্রেম-জ্বালায়॥
আমি মরছি প্রাণে, সবে জানে গো---
কালিয়ার পিরিতের দায়।
ধাক্ধাকাইয়া২ জ্বলছে আনল
নিবাইতে আর শক্তি নাই॥
আর যার জন্যে মন টানে গো---
ও সই, সেই নাহি ফিরিয়া চায়।
আকুল কইল, প্রাণে মাইল---
জী’তে৩ মইলাম, হায় রে হায়॥
দুই নয়ানে বহে বারি গো---
ও সই, বুক ভাইসে৪ পাতালে যায়।
এগো, নয়নজলে গঙ্গানদী---
কোম্পানীয়ে জা'জ৫ চালায়॥
আর ইয়াকুল আব্দুল ওয়াহিদ গো বলে---
ও সই, বৃথা কেনে আইলাম দুনিয়ায়।
এগো, রইলাম কেনে, মইলাম না সই
বাঁচিয়া কোনু৬ স্বার্থ নাই॥
১ - তল্লাস, ২ - ধিকি ধিকি করিয়া, ৩ - জীবিত অবস্থাতে, ৪ - ভাসিয়া, ৫ - জাহাজ, ৬ -
কোনো।
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি আ
ব্দুল ওয়াহিদ
-এর পরিচিতির পাতায় . . .