ঘিরে ধরার মরসুমে,মৌসুমি মুখে অধরা কয়েকটি কথা কাঁপে অধরে--
বাঁশপাতা, ওগো সই, তোমাকে পড়তে কোনদিন পারি নি ; যৌবন বাতাসে তুমি যে অস্থির হয়েছিলে,তার রহস্য হারিয়ে গেছে,এখন জ্যোৎস্নায় চুপ করে বসে থেকে দেখি,বাঘের দুটি চোখ থেকে বেরিয়ে কে যেন খেলা করে, তুমি কি তার খবর জানো ?
আর কখনও ওদিকে যাব না বাঁশবনে ডোম কানা হব না,-- তবুও আমার মৃতদেহটি একদিন ডোমেরাই জ্বালিয়ে দেবে, বাঁশবনের পাশের চিতায়--
সব জেনেও, তোমাকে বলা হয় নি, একবার নেমে এসো, জ্যোৎস্নায় বাঘের চোখের সামনেই,আমরাও খেলি বেপরোয়া, বিপজ্জনক খেলা
ওগো বাঁশপাতা, ক্রমশ বয়স স্থির হয়ে যাবে, তুমি যে অস্থির হয়েছিলে সে কথাকেও ঘিরে ধরবে মরসুমের শীতলতা