| কবি মহারাজা জগদিন্দ্রনাথ রায়ের কবিতা |
| অসময়ে কবি মহারাজ জগদিন্দ্রনাথ রায় ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৬ খৃষ্টাব্দ) প্রকাশিত, কবির “সন্ধ্যাতারা” কাব্যগ্রন্থের প্রথম কবিতা। মালতী-বিতানে ফুটেছিল ফুল, গাঁথিনি তখন মালা, প্রভাতে উঠিয়া রাখিনি সাজায়ে তোমার পূজার থাল ; কত বসস্ত গিয়াছে বহিয়া, পূর্ণিমা নিশি কত,--- তব বন্দনা গাহিতে পারিনি আমার মনের মত ; তোমারে বসাতে পাতিনি আসন, হয়নিক দীপ জ্বালা, সময়ে সাজায়ে রাখিতে পারিনি তোমার বরণ-ডাল ; তোমারি আশায় উৎসুক মনে সারিয়া সকল কাজ, তব পথ চাহি বসিয়া থাকিনি ওগো মোর রাজ-রাজ ! তবুও করুণা করেছ আমায়--- এসেছ আমার দ্বারে, দুই হাত মোর দিয়াছ ভরিয়া মাণিকের সম্ভারে, উৎসব-বাঁশী বাজায়ে এসেছ বর-বেশ করি স্বামি,--- মরণ বেলায় তোমারেই প্রভু বরিয়া নিলাম আমি। গোধুলি এসেছে জীবনে আমার, আঁধার আসিছে নেমে, পরাণে ‘ললিত’ 'আশাবরী' যত --- সকলি গিয়েছে থেমে, আলোক-পুলক নাহিক যে আর, অমার আঁধার আসে ; দুর্দ্দিনে যদি জীবন-বন্ধু এসেছ আমার পাশে --- না হয় মোদের হয়নি মিলন দিবালোকে ওগো প্রিয়, তোমার স্নেহের চির-নির্ভর অন্ধকারেই দিও ! না হয় নাইগো বহু উপচার তোমার পূজার তরে --- নয়ন সলিলে অভিষেক করি লব হৃদয়ের ’পরে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| চিরাগত কবি মহারাজ জগদিন্দ্রনাথ রায় ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৬ খৃষ্টাব্দ) প্রকাশিত, কবির “সন্ধ্যাতারা” কাব্যগ্রন্থের কবিতা। যেদিন ছিল মলয়ানিল, পিকের কল-তান, বিহগ-রবে প্রভাতে যবে খুলিত দুনয়ান, সুনীল নভে চাহিয়া যবে দিগন্তের পারে --- বসিয়া ধ্যানে উদাস মনে খুঁজেছি যেন কারে ; বন-বিতানে মধুপ-গানে জুড়াত যবে কান, বিহান সাঁঝে হৃদয় মাঝে বাজিত যবে গান,--- তখন তুমি কোথায় ছিলে ওরে কাঙ্গাল মোর--- রাজার ধনে দিতাম ভরে রিক্ত ঝুলি তোর ! মলয় আর বহেনা হেখা, ফাগুন দিন নাই--- বসন্তের পুস্পশোভা এখন কোথা পাই? মালতী-যুথি বকুল যত ঝরিয়া গেছে সব, নীরব আজি কুঞ্জবনে বিহগ-কলরব ; সুচিরাগত অতিথি, কেন এমন দিনে এলে? ফিরিতে হবে বুঝি বা আজ আঁখির জল ফেলে ! . **************** . সূচীতে . . . মিলনসাগর |