কবি লক্ষ্মীকান্ত মণ্ডলের কবিতা
*
পুকুরের রোদে
কবি লক্ষ্মীকান্ত মণ্ডল

গুগলি ছাড়াতে ছাড়াতে রোদকে পোষ মানাতে শিখে গেছে
চম্পকী ঠাকুমা, কালো কুঁচকে যাওয়া পিঠের উন্মুক্তে
আব্রু খুঁজতে যেও না আর - ঝিঙেফুল দোলে পুকুরের রোদে -
আর বুকের ভেতর বেড়ে ওঠা মুক্তার সাদায় স্বপ্নযুদ্ধের আত্মপীড়ন,  
পথ ঝাঁট দেওয়া ছায়া পড়ে জলে - আশঙ্কা ঘিরে ধরে ঠোঁটের কাঁপুনি,  
এই মাটির যুবতি থেকে প্রচণ্ড জীবনের মহাবৃত্তে অবধারিত
এক নিরক্ষরেখায় --

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
গগন মানে আকাশ নয়
কবি লক্ষ্মীকান্ত মণ্ডল

সজনেপাতা পাড়ছে দোলনের মা,  হাতে জড়িয়ে থাকা
বাতাসকে কোমরে বেঁধে কুড়িয়ে নিচ্ছে সবুজ কাঁপনগুলি -
আঁকশিটা ঝুলছে প্রশাখার যন্ত্রণায় -
টালির ফাঁক দিয়ে বের হচ্ছে ধোঁয়া ; আর উত্তপ্ত কড়াইয়ের
শব্দে অঢেল তৃষ্ণা ; হাতের চুড়ির সুন্দরে সূর্য টুকরো টুকরো
ভেঙে যাচ্ছে মেঘের বাইরে , যদিও বিষ্ণুপুরের গভীরে জল আর
জলায় থৈ থৈ গগন -
গগন মানে আকাশ নাও হতে পারে  ;  দুপাশে জমিন অথবা
জলের পাড়ে কিছু রান্নার উপকরণ মাত্র
খিদেটা প্রকাশ করে না কখনো

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মন্থন
কবি লক্ষ্মীকান্ত মণ্ডল

এতো পতনের মাঝে কান্নাটা রয়ে গেছে এখনও
সেই চোখের জলে চাঁদ ফোটে
ফোটে রোদ
আর আমার অসুখ দেখা যায়
যা লুকিয়ে আমি কেবল ভেসে গেছি
বাস্পের মাঝে সাবধানী হাঁস
পালক ঝাড়তে ঝাড়তে ঢুকে যাচ্ছি
অলিগলি সর্পিলতার মোহে
যন্ত্রনা কামড়াচ্ছে অনন্ত জিজ্ঞাসায়

আমি শুয়ে আছি মহাকালের রমনের তলায়

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ফাগুন
কবি লক্ষ্মীকান্ত মণ্ডল

হাতে সেজুঁতি ও মাথায় দুপুরের সাঁতার নিয়ে
হাঁটে নীল রমনীর মিহিসুর ; পায়ের তলায়
শুকনো নদীর বসন্ত সময়, পিপাসা দোলে-

জলাভাব বোরোচাষে ঢুকে যায়
মায়াটানের উত্তরা বাতাস
হাঁটে সে, পরখ করে ফাটলের কালোদাগ
ভাঙ্গা ভাঙ্গা শব্দ নয়ন, সামলায় রোদের পুরুষ-
দূরত্ব অনেক, যা ভাবিনি কখনও আমার ছায়ারা
হেঁটে যায় ফাগুনের অতিমর্মরে--

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
অনাদি
কবি লক্ষ্মীকান্ত মণ্ডল

মাটির চোখে চোখ রেখে কথা বললে
আলো পাহাড়ের ভাঁজে লতিয়ে ওঠে ঢেউ,
শব্দের সাদারঙে নিঃসঙ্গতা ডাক দেয় ইশারায়
হাওয়া ফুরানো ক্লান্তির কথা ভাবতে নেই-
বিষণ্ণ শিখার হৃদয়ে জন্মান্তরের যত ঋন
উড়িয়ে দেয় আঁচল,
বাতাসে বাতাসে বিষাদ ভাসে
সেই সরোদ শুষে নিতে মাথার উপর রোদ
নিম্নদেহে গুল্মময় অপরাহ্ন পেরিয়ে কত দীর্ঘ---
নিজেকে উজাড় করে দেবার উড়ন্ত পাখির মহিমা
হারিয়ে যাওয়া শব্দ আলোয় পূর্ণ হয়ে ওঠে
বাঁশির শীতকাতর, খানাখন্দ ভরা মেঘের অভিযান

সব স্রোতের শব্দ জমিয়ে রাখে মানস বৃক্ষের আনন্দ—

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর