কবি রূপক ঘোষের কবিতা
*
পরিচারিকা
কবি রূপক ঘোষ
রচনাকাল ১৯শে জ্যৈষ্ঠ, ১৪২৭

বাড়ি বাড়ি কাজ করে,
ছোট মেয়ে ঝুমকো।
বয়সটা হবে বারো,
তার বেশি নয়কো॥

বস্তিতে থাকে মেয়েটি,
চেহারাটা শীর্ণ।
মা বাবা থাকে সাথে,
ঘরখানা জীর্ণ॥

ঘর মোছে, ঝাঁট দেয়,
মুখে হাসি লেগে রয়।
ফুরসত মেলে যদি,
পাকা পাকা কথা কয়॥

এক দিন না এলে,
ঝুমকোর ডাক পড়ে।
এরপর ও না এলে,
গিন্নির রাগ চড়ে।

আমি বলি রাগ কেন?
নাই বা ও আসলো।
মিলে মিশে একদিন,
সবাই কাজ করলো॥

মুখ খানা হাঁড়ি করে,
পাশ থেকে উঠে পড়ে।
সারাদিন গজ্ গজ্,
যাকে পারে মুখ করে॥

তিন দিন পরে কাজে,
ঝুমকো যেই আসলো।
দু-চার কথা তাকে,
শুনিয়েই ছাড়লো॥

কোন কিছু না বলে,
অভিমানে কাজ সারে।
কেন সে যে আসে নি,
জিজ্ঞাসা করে নি তারে॥

মনে মনে ভাবে মেয়েটি,
কি ছিল তার  দোষ?
বাপ টা যে মারা গেছে,
হয়নি মরার বয়স॥

এরপর একদিন ঘটনাটা ঘটলো,
সোনার গলার হার ঘর থেকে হারালো।
চিৎকারে বাড়িময় হই চই জুড়লো,
চুরির ঘটনায় ঝুমকো কে জড়ালো॥

নানা জনে নানা ভাবে,
জেরবার করলো।
কিছুই জানি না বলে,
হাত জোড় করলো॥

এরপরে থানা - পুলিশ,
কত কিছু ঘটলো।
হার খানা না পেয়ে,
জেলে তাকে ভরলো॥

হঠাৎ জানা গেল,
হার চুরি যায় নি।
কোথা যেন রাখা ছিল,
মনে কারো পড়ে নি॥

ছাড়া পেয়ে মেয়েটি বলে,
চুরি আমি করি নি।
গরীব বলে মোরে,
বিশ্বাস কর নি॥

এটাই নিয়ত ঘটে থাকে সমাজে,
লজ্জায় মাথা নত হয় না আমাদের।
অপবাদ দিয়ে থাকি খেটে খাওয়া শ্রেণীকে,
তারপর ও নিয়ে থাকি সেবাটুকু গরীবের॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ওরা
কবি রূপক ঘোষ
রচনাকাল ২৫শে জ্যৈষ্ঠ, ১৪২৭

ওদের মুখ চেনে সকলেই,
এ পাড়ারই ছেলে ওরা।
কি যেন নাম ওদের!
বাবাই, টুবাই, সমীর আরো কারা॥

বেলা হলে জড়ো হয় ওরা,
পাড়ার চায়ের দোকানে।
হাতে নিয়ে কাপ তুফান তোলে ওরা,
আলোচনা চলে রাজনীতি থেকে ময়দানে॥

চেঁচামেচি-হাতাহাতি থাকে না কিছু বাকি,
যদি তর্কটা  হয় শুরু।
মিটমাট হয়ে গেলে,
একসাথে আবার পথচলা শুরু॥

শিক্ষিত ওরা, জোটাতে পারে নি কোন কাজ,
দু-বেলা বাড়িতে মুফতে মেলে গালি -গালাজ।
অচ্ছুত ওরা, পাড়াতে নেই কোন দাম,
বখাটে বলেই জানে এ সমাজ॥

বে-পাড়ার মেয়ে পাশ দিয়ে গেলে,
ছুঁড়ে দেয় বাঁকা কিছু কথা।
পাড়ার মেয়েদের ভুলেও বলে না কিছু,
হেঁট করে থাকে মাথা॥

রকবাজ বলে বদনাম জোটে,
সুনাম করে না কেউ।
আপদে-বিপদে ওরাই থাকে পাশে,
এগিয়ে আসে না আর কেউ॥

ডাকে যদি কেউ ভালবাসা দিয়ে,
গরবে ভরে ওঠে বুক।
ভুলে যায় ওরা লাঞ্ছনা যত,
শ্বাস ভরে নেয় সুখ॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর