কবি
স্বপ্নকমল সরকারের
কবিতা
*
দাঁড়
কবি স্বপ্নকমল সরকার
ভালোবাসি বললেই ভালোবাসা হয় নাকি?
দ্বিগু-দ্বন্দ্ব-বহুব্রীহি বিবিধ বর্ণমালা ক্রমে ঝরে পড়ে
ছেড়ে সেই ফুল নদী লতা আর আলোর জোনাকি
কখন যে পাখি উড়ে যায়, বসে প্রিয় সেই দাঁড়ে...
.
****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
স্বপ্নকমল সরকারের
পরিচিতির পাতায় . . .
*
আইহোল
কবি স্বপ্নকমল সরকার
দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, দ্যাখো তো!
অনেকক্ষণ অপেক্ষা করছে বেচারি!
আইহোলে বোলতার বাসা, ওপারে অলীক কুয়াশা...
নাই যদি চিনতে পারলে তাকে মিছিমিছি দরজা খুলো না
যা হোক কিছু বলো, অসময় যদি ভাবো, জানাও সেকথা!
সাড়া দাও, হয় দোর খুলে ভেতরে নাও
অথবা বোঝাও তাকে, সাবেক হৃদয় রুদ্ধ
জং ধরা তালা তুমি খুলতে পারলে না
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
স্বপ্নকমল সরকারের
পরিচিতির পাতায় . . .
*
অনলাইন ক্লাস
কবি স্বপ্নকমল সরকার
দুপুরের মেঘ এসে বিকেলে বৃষ্টি ঝরায়
অনলাইন ক্লাস শুরু হয়, অভিপ্রায় ডানা ঝাপটায়
ধারাপাত রেণু রেণু ঝরে পড়ে, ক্লাসরুমে, স্বপ্নের প্রান্তরে
সেখানে আলোর অরণ্যে ভালোবাসা থাকে,পর্ণকুটিরে...
স্ক্রিনে ভেসে ওঠা সেইসব দ্বিগুদ্বন্দ্ব বহুব্রীহি কারক সমাস
কখন যে প্রজাপতি হয়, পাখা মেলে ওড়ে ভেতরের ঘরে
সিলেবাস ছেড়ে মতিচ্ছন্ন মেঘ এসে জানলায় দাঁড়ায়
হাতচিঠি দেয়, ঘাটে নেমে কেয়াফুলে নৌকা সাজায়...
কিছুতেই নিজেকে ভেজাবে না যে
আজ তার, শ্রীরাধার অচিন মনতলে
বরিষণ শুরু হলে, খুব ভেজে সেও
সেই নবধারাজলে...
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
স্বপ্নকমল সরকারের
পরিচিতির পাতায় . . .
*
অভয়ারণ্য
কবি স্বপ্নকমল সরকার
চেয়েছ অধরসুধা কুসুমকুঞ্জ গহীনে
বাসনাঅধীর মনে শুধু ঢেউ ওঠে, বালুচরে ফেনা,
যত বলি তুমি আজ নিলাজ হয়ো না, তবু কেন
ওষ্ঠের উত্তাপ খোঁজো অবেলার নিষিদ্ধ কাননে?
চেয়োনা অধিক কিছু, খড়কুটো তুমি, হৃদয় অনাহুত
কিছুকাল ভেসে যেতে পারো তার বেহুলা মান্দাসে, তারপর
জোনাকি আলোর জ্যোৎস্না-আঁধারে খুঁজো অভীপ্সা অমৃত...
ভাগশেষটুকু পড়ে থাকে ইচ্ছের অধীনে, অন্ধকার কোনে
মরুদ্যান হয় তার বিভাজিকা, সেখানে নন্দনবনে
কুসুম ফুটেছে একা গোলাপি অনাঘ্রাত...
শিশিরস্নাত তাকে তুমি মিছিমিছি নষ্ট করো না
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
স্বপ্নকমল সরকারের
পরিচিতির পাতায় . . .
*
স্বপ্নকল্পদ্রুম...
কবি স্বপ্নকমল সরকার
এসবই কুহক জেনো, ডুবোনদীটির বাঁকে
. স্ফটিকের আকাশে ঝলমলে
আলোর বলয় পেয়ে ইন্দ্রজালে আঁকা সেই বহ্নিলতা...
মেঘ রোদ কিছু কথকতা আর বৃষ্টির অভিলাষ চেয়ে
সেই মেয়ে তোমাকে স্বপ্নে পেয়ে হিজিবিজি কত
. এঁকেছে আলপনা...
অধীনতা প্রিয় নাকি তার? প্রেমিক অভীপ্সার
তরুক্ষীর যত ঝরে পড়েছিল বৃক্ষের ক্ষতে, ওষ্ঠের অমৃত...
সে দৃশ্য মেঘে ঢেকে যাক, স্বপ্ন উড়ুক আকাশে
যা কিছু অসম্ভব, ছুঁয়ে থাকি তাকে, যত অনভিপ্রেত...
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
স্বপ্নকমল সরকারের
পরিচিতির পাতায় . . .
*
সাজঘর
কবি স্বপ্নকমল সরকার
প্রতিটি নাটকের নিজস্ব সাজঘর থাকে,সেখানে
চরিত্রেরা আয়নায় বারবার নিজেকে দেখে নেয়
মেক্আপ ঠিকঠাক করে, ডায়ালগ কপচায়...
যথারীতি মেলোড্রামা উপচে পড়ে ত্রিভুজ ইঙ্গিতে
দুরন্ত সংলাপে অতঃপর ড্রামা তার ক্লাইমাক্স চায়
প্রেমের অর্গল খোলা পেয়ে মঞ্চের আলোআঁধারিতে
নায়িকাটি মনে দোলা দেয়, যথাস্থানে বার্তা পাঠায়
নির্বোধ ভাঁড়টি বুকজলে হাবুডুবু খায়, দর্শক হাসায়...
শেষদৃশ্যে নাটক জমে উঠলে স্টেজের গাছেরাও
হাততালি দিয়ে ওঠে, থতমত প্রম্পটার প্রথামত
খাতাটি হারায়, এরপর যবনিকা পড়ে গেলে স্বপ্নেরা
অন্ত্যমিল ফিরে পেলে কুশীলব ফের গ্রিনরুমে যায়...
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
স্বপ্নকমল সরকারের
পরিচিতির পাতায় . . .
*
ঘাসফুল
কবি স্বপ্নকমল সরকার
বিরহ স্পর্শ করলে নাকি ভালোবাসা পাখি হয়?
দিক ভুলে, ডানা মেলে একদিন ঠিক খুঁজে নেয়
মেঘলা আকাশ, শূন্যের ঝরোখায় বসে আনমনে
সে দেখে অশ্রুনদী, ফেলে আসা স্মৃতির প্রাঙ্গণে
বিরহের আদিগন্ত রোদে ফুটে আছে ঘাসফুল একা
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
স্বপ্নকমল সরকারের
পরিচিতির পাতায় . . .
*
নদী
কবি স্বপ্নকমল সরকার
মোহনার দিকে দু'পা এগোতে না এগোতেই
নদী বলল, থেকে যাই তবে এই সিক্ত হৃদয়েই...
. ফুল লতাপাতা আর কবিতার কুঞ্জবনে
. পাখিদের গান শুনে স্রোতস্বিনী তার
. ঢেউয়ের বলয় দিয়ে বেঁধে দ্বীপকে রেখে দিল
. হৃদয়ের ভাঁজে, এককোণে, পুরাতনী গানে...
এইদৃশ্যে আকাশের মুখভার হলে অভিমানে আহত
মেঘ উড়িয়ে এনে প্রেমিক প্লাবনে ভাসাল সে নদীকে
মেঘের আগুনে পুড়ে ছাই হয়ে ভেসে গেল প্রীতি দুদিনের
. রূপসী নদীটি শেষমেশ মতি ফিরে পেল প্রাণে
. প্রেম ছিল যত তার ভেসে গেল মোহনার টানে...
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
স্বপ্নকমল সরকারের
পরিচিতির পাতায় . . .
*
ঢেউ
কবি স্বপ্নকমল সরকার
গভীরের ঢেউ শুধু নিজেকেই চেনে, সফেন বাসনায়
উথলে ওঠে না, ভাঙে না কখনও তার তপ্ত বালুচরে
তরঙ্গে জড়াবে কেন? জেগে থাকে মিথ্যে অহংকারে...
মুকুটে ফসফরাস মেখেও চেনাতে পারে না নিজেকে
ভেজাতে শেখেনি তট, বোঝেনা অতলের সংকেতও...
দূরত্বের অনুভাব রেখে, আকিঞ্চন স্বভাবে চেয়ে দেখে
ফিরে গেছে ঢেউ, এসেছিল একদিন বুঝি অনভিপ্রেত...
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
স্বপ্নকমল সরকারের
পরিচিতির পাতায় . . .
*
সেতুবন্ধন
কবি স্বপ্নকমল সরকার
নদীর বুকে ঝুঁকে আছে সেতু
জলপিপাসা হেতু...
স্রোতের কাছে নদীর ছিল ঋণ
নদীটি বুঝি স্বেচ্ছাপরাধীন?
নদীর প্রেমে জলে নেমে হাবুডুবু দিন
কাটছে সেতুর, সেও তো এক প্রাচীন অর্বাচীন!
স্বপ্ন তার সাদামাটা, নদীটি রঙিন...
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
স্বপ্নকমল সরকারের
পরিচিতির পাতায় . . .