বলি ও টুকুর বাপ --- এই সক্কাল বেলা ঐ ভাঙাচোরা, জং ধরা সাইকিলটো লিয়েঁ কী হবেক? হুঁশ আছে কিছু .... মেয়ে জামাই আসবেক আজ সক্কাল সক্কাল বাজারটো তো করতে হবেক।
হুঁশ আমার আছে গিন্নী মেয়েমানুষ তু বুঝবি কী ! হিসেব করিস কোথা হতে আসবে গরম ভাতে ঘি। পাম্পে ত্যেলের দামটো একশো ট্যেঁকা মোটরসাইকিলটো চালাব কী গিন্নী হাতে লাগচে ছ্যাঁকা।
বলি ও টুকুর বাপ তুমি সাইকিল চড়তে পারবা? তোমার শরম লাগবেক লাই ... ওটো চড়তে? ক্যানে , শরম ক্যানে লাগবেক? কাম কাজের বহর লাই, হাতে লাইকো ট্যেঁকা একশো ট্যেঁকা তেল্যের দাম, ঘুরবে কী করে চাকা?
সোজা করে বলতো দেখি টুকুরমা বলতে কী চাস? সক্কালবেলা অকারনে ক্যানে মরদটোরে খোঁচাস?
মনে আছে টুকুর বাপ এই সাইক্যেলটোর কুথা আজও মনে দগদগে ঘা পেরানে লাগে ব্যাথা। মোটরসাইকেলটো দ্যায়নাই বলে পাঠিয়ে দিয়েছিলে বাপের বাড়ি এ কুথাটো এ জেবনে কী আমি ভুলতে পারি?
ও সব কথা ভুলে যা টুকুর মা কবে কী হয়েচে টুকুর বাপ তা বাদে আর কী কিচু চেয়েচে ?