কবি অমিত চক্রবর্তী - জন্মগ্রহণ করেন সীমান্ত শহর বনগাঁয়। পিতা নিরাপদ চক্রবর্তী এবং মাতা
বেলা দেবী।
কবির শিক্ষাজীবন কাটে বনগাঁয়। তিনি বি.এ. পাশ করে কলকাতায় কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে কাজ শুরু
করেন। ১৯৮০ তে রাজ্য স্বাস্থ্য দপ্তরের ক্লার্কের চাকুরিতে যোগদান করেন। ২০১৩ সালে অবসর গ্রহণ
করেন। বর্তমানে তিনি বাগুইআটিতে বসবাস করছেন।
কবি 'শিস' পত্রিকার সঙ্গে যুক্ত হন বিগত শতকের সত্তরের দশকের শুরুতে। ১৯৭৪ সালেই রাষ্ট্রীয় সন্ত্রাসের
বিরুদ্ধে সাড়া জাগানো দীর্ঘকবিতার বই 'চাবুক' প্রকাশিত হয়। ১৯৮৬ তে কোন্নগর থেকে প্রকাশিত 'অস্ত্রী'
পত্রিকার মাধ্যমে একলব্য চট্টোপাধ্যায়, মলয় আদক, শম্ভু ভট্টাচার্যকে নিয়ে 'মালোভি কাব্য আন্দোলন' শুরু
করেন। মূলত মিথ, ফোকলোর, ঐতিহ্য, ম্যজিকাল ট্রিটমেন্টের মাধ্যমে কবিতায় তীক্ষ্ণ শ্রেণীচেতনার উন্মেষ
ঘটানোই ছিল লক্ষ্য। বছর তিনেকের বেশী এই আন্দোলন স্থায়ী হয়নি। অবশ্য কিছু প্রশ্ন এই আন্দোলন
তুলেছিল যা এখনো প্রাসঙ্গিক। 'আন্দোলন' কবিতায় তিনি লিখেছেন . . .
"নিজেকে শিক্ষিত করাই আন্দোলনের কাজ
আন্দোলন মানে গভীর আত্মনুসন্ধান
আন্দোলন মানে উত্তরণের একটা পদ্ধতি
আন্দোলন মানে জীবনকে ভালোবেসে খুঁজে পেতে চায় ঘর
তবুও প্রকৃত আন্দোলন শুরু হয় আন্দোলনের পর।"
‘শিস' ছাড়াও কবি 'গঙ্গোত্রী’, ‘পরিচয়’, ‘অনষ্টুপ’, ‘সত্তর দশক’, ‘অগ্রণী’, ‘চড়ুইপত্র’, ‘মাঝি’, ‘নবান্ন’ প্রভৃতি
পত্রপত্রিকায় কবিতা লেখেন।
কবির প্রথম কাব্যগ্রন্থ 'আমি চলে যাব' ১৯৭৪ এ প্রকাশিত হয়। তিনি কিছুকাল 'উল্টো দূরবীন' নামে একটি
পত্রিকা প্রকাশ করেন।
'জনপদ' পত্রিকায় তার 'চড়ুইপত্র' কবিতাটি প্রকাশিত হবার পর 'লিটল ম্যাগাজিন' এর সমার্থশব্দ হিসাবে
'চড়ুইপত্র' শব্দটির যথেষ্ট ব্যবহার লক্ষ্য করা যায়।
কবির রচনাসম্ভারে কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘আমি চলে যাব’ (১৯৭৪), ‘চাবুক’ (দীর্ঘকবিতা ১৯৭৪), মুহূর্ত
ক্ষমাহীন (১৯৮০), ‘চরিত্রের সঠিক প্রতিভা’ (১৯৮৭), ‘হালিশহরের চড়ায় দাঁড়িয়ে’ (১৯৯০), ‘৩০ শে চৈত্রের
পর’ (১৯৯৫), ‘কালসিন্ধুর কবিতা’ (২০১০), ‘নির্বাচিত কবিতা’ (১৯৯৫) প্রভৃতি। তাঁর উল্লেখযোগ্য গদ্য গ্রন্থের
মধ্যে রয়েছে 'অবাধ্য ক্রিয়াপদগুলি', 'মেঘশিশুতল' প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি অমিত চক্রবর্তীর স্বনির্বাচিত কবিতা তোলার অনুমতি পেয়ে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- কবির সঙ্গে সোসিয়াল মিডিয়ায় যোগাযোগ।
কবি অমিত চক্রবর্তীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৩.৬.২০২১ ^^ উপরে ফেরত
...