কবি প্রবুদ্ধ বাগচী - জন্মগ্রহণ করেন বর্ধমান শহরে। প্রিতা প্রশান্ত কুমার বাগচী, মাতা শ্রীমতী প্রীতিরানী
দেবী।
কবির বাল্য ও কৈশোর জীবন কেটেছে হুগলী জেলার শ্রীরামপুর মহকুমার শেওরাফুলি শহরে। স্থানীয়
সুরেন্দ্রনাথ স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে তাঁর পরবর্তী শিক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে
ফলিত গণিতে স্নাতকোত্তর। জীবিকাসূত্রে কবি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও
সমাজকল্যাণ দফতরের আধিকারিক।
মূলত কবির পিতা প্রশান্ত কুমারের প্রভাবে সাহিত্যের প্রতি আগ্রহ জন্মায়। স্কুল জীবনে অল্পবিস্তর লেখালিখি
দিয়ে হাতেখড়ি হবার পর স্নাতকস্তরে পড়ার সময় থেকেই শ্রীরামপুরের একটি সংবাদ-সাপ্তাহিকে লেখা ও
সাংবাদিকতার সূত্রে জুড়ে যান। ক্রমে কবি বৃহত্তর সাহিত্যজগতের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন।
কবি প্রথমে কবিতা লেখা দিয়ে শুরু করলেও পরে গল্প ও বিভিন্ন বিষয়ে গদ্য লেখায় হাত পাকিয়েছেন।
তাঁর কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে “দেশ” পত্রিকায়। “দেশ” পত্রিকার সংকলনেও গ্রন্থিত হয়েছে তাঁর গল্প।
এক সময় নিয়মিত পুস্তক পর্যালোচনা করেছেন “দেশ” পত্রিকায়। এছাড়া পশ্চিমবঙ্গসহ রাজ্যের বাইরের
নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা গদ্য ও গল্প। কয়েক বছর ধরে “গুরুচন্ডালী” “চার নম্বর
প্ল্যাটফর্ম”, “এককমাত্রা”-র মতো কিছু নামী ওয়েবপোর্টালেও তিনি নিয়মিত লেখেন।
একসময় উত্তর-সম্পাদকীয় কলাম লিখেছেন “একদিন” সংবাদপত্রে, লিখেছেন “বঙ্গদর্শন” পোর্টালে। সাহিত্যের
বিষয় ছাড়াও বাংলা গান, রবীন্দ্রনাথের গান ও নানা সামাজিক বিষয়ের ওপরেও তাঁর লেখা প্রকাশ হয়েছে
“কবিসম্মেলন”, “আরেক রকম” প্রভৃতি খ্যাতনামা পত্রিকায়। তাঁর লেখা পত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে
“আজকাল”, “প্রতিক্ষণ”, “আনন্দ বাজার পত্রিকা” ও “দেশ” পত্রিকায়।
এ পর্যন্ত তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “তৃষ্ণার দ্বিতীয় প্রচ্ছদ” ও “সঙ্ঘ পরিবার”। তাঁর প্রকাশিত গদ্যগ্রন্থের
মধ্যে রয়েছে “কবিতার কাছাকাছি”, “পার্শ্বপ্রতিক্রিয়া”, “ষাটের কবিতা : চিহ্ন ও বিন্যাস”, “কবিতা নিয়ে গদ্য”,
“কেমন আছেন রবীন্দ্রনাথ”, “গীতাঞ্জলিঃ দুই চোখে”, “বাংলা গানের সদর অন্দর”। একমাত্র গল্প সঙ্কলন “দিল
মাঙ্গে মোর ও আরও তেরো”।
তাঁর সম্পাদিত দুটি সঙ্কলন “স্মৃতির তরবারি” (কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়-এর স্মৃতিতে) এবং “ভালবেসে”।
লিখেছেন একটি কিশোর উপন্যাস “হলদিয়া রহস্য”।
লেখালিখির বাইরে তাঁর অবসর কাটে নানা ধরনের বই পড়ে। ইতিহাস-আশ্রিত বইয়ের প্রতি রয়েছে তাঁর
আলাদা আগ্রহ। আর সেই সঙ্গে গান শোনা, মূলত রবীন্দ্রনাথের গানই তাঁর জীবনসঙ্গী।
আমরা মিলনসাগরে কবি প্রবুদ্ধ বাগচীর কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি প্রবুদ্ধ বাগচীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৫.১২.২০২১ ^^ উপরে ফেরত
...