রণজিৎ কুমার মুখোপাধ্যায় - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রসোড়ার কান্দি শহরে। পিতা সত্যগোপাল মুখোপাধ্যায় ও মাতা রাম বিলাসিনী দেবী।

কবির শিক্ষাজীবন শুরু হয় রসোড়া অম্বিকা প্রাথমিক বিদ্যালয়ে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন কান্দি রাজ হাই স্কুল থেকে। এরপর কান্দি রাজ কলেজ থেকে বি.এসসি পাশ করে পি. জি. ডি. এড করেন। কবি তাঁর কর্মজীবন শুরু করেন ১৯৭১ সালে শিক্ষক হিসেবে। অবসর গ্রহণ করেন ২০০৮ সালে।

কবির লেখালেখি ছাত্রজীবন ১৯৬২ সাল থেকেই। আজও তিনি নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লিখে চলেছেন।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “শঙ্খ বলাকার সন্ধানে”, “গরম ভাতের গন্ধ”, “নতুন সূর্য” এবং চম্পূচয়নিকা। এ ছাড়া তাঁর সহস্রাধিক কবিতার কিছু বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং অপ্রকাশিত অবস্থায় মলাট বন্দি হয়ে রয়েছে বেশ কিছু। অর্থনৈতিক কারণেই সেগুলো গ্রন্থাকারে প্রকাশ করা সম্ভব হয়নি।

কবি রণজিৎ কুমার তাঁর জীবনে বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে রয়েছে ভগবান দর্শন পত্রিকা থেকে স্বর্ণপদক সহ কবিরত্ন সম্মান, ত্রিনয়নী পত্রিকা থেকে পঞ্চপান্ডব সম্মান, আমেরিকান বায়োগ্রাফিক ইনস্টিটিউট থেকে “২০১০ ম্যান অফ দ্যা ইয়ার ইন ইন্ডিয়া” সম্মান, আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট থেকে ২০১১ সালে স্বর্ণপদক, সানফ্রান্সিসকো ইউনিভার্সিটি ইন ক্যালিফর্নিয়া থেকে ২০১১ সালে “কালচারাল ডিপ্লোমা অফ অনার”। এছাড়া তিনি “বুলবুল সাহিত্য পত্রিকা” থেকে রবীন্দ্র পুরস্কার, নজরুল পুরস্কার, সৌহার্দ্য ও সম্প্রীতি পুরস্কার প্রভৃতি সম্মানে ভূষিত হয়েছেন। এ ছাড়াও তিনি আরো বহু পত্রপত্রিকা থেকে মানপত্র, সম্মাননা সহ সম্বর্ধিত হয়েছেন।

কবি রণজিৎকুমার মুখোপাধ্যায় তাঁর কর্মবহুল জীবন ও কবিতা নিয়ে আমাদের জানিয়েছেন যে তিনি তাঁর অধ্যয়নকালে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য্যর কবিতা পাঠ করে নবম (১৯৬২) ও দশম (১৯৬৩) শ্রেণীতে পড়ার সময় কবিতা লেখার প্রেরণা পান ও তাঁর মনে কবি হওয়ার বাসনা জাগে এবং সেই সময় থেকেই কবিতা লেখা শুরু করেন। ১৯৬৫ সালে কান্দি রাজ কলেজের প্রাচীর পত্রিকায় ও ১৯৬৭ সালে কলেজ ম্যাগাজিনে সর্বপ্রথম তাঁর কবিতা (আমাকে তুমি চেয়ো নাকো) প্রকাশ পায়। কবির মেজদা প্রয়াত দিলীপ কুমার ভট্টাচার্যের অনুপ্রেরণায় ও জীবন কুমার দাস, ও শ্রদ্ধেয় প্রখ্যাত কবি বলরাম রায় চৌধুরীর হাত ধরে তাঁর লিটল ম্যাগাজিনে হাতেখড়ি।

সেই সময় থেকেই স্থানীয় পত্র পত্রিকায় কবির কবিতা প্রকাশ পেয়ে আসছে। পরবর্তীকালে বহরমপুর (মুর্শিদাবাদ জেলা), কৃষ্ণনগর (নদীয়া জেলা), কলকাতা, বর্ধমান জেলার আসানসোল, বীরভূম, মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দার্জিলিঙ, শিলিগুড়ি, মেঘালয়, আন্দামান, বারানসী, পাটনা, উওর ও দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, হুগলি, মধ্যপ্রদেশ, বাংলাদেশ প্রভৃতির বিভিন্ন ক্ষুদ্র পত্র-পত্রিকায় কবিতা প্রকাশ পায়।

কবি এক সময় সাহিত্যিক এম সিরাজুল কর্তৃক সম্পাদিত "বুলবুল" মাসিক পত্রিকার নিয়মিত পর্যালোচক ছিলেন। তাছাড়া আরো অনেক ক্ষুদ্র পত্র-পত্রিকার পর্যালোচনা ও কাব্যগ্রন্থের সমালোচনাও করেছেন। প্রায় তিন শতাধিক লিটল ম্যাগাজিনে কবি লিখেছেন। বাংলাদেশের অনেক পত্র-পত্রিকায় এক সময় তাঁর লেখা বেরিয়েছে, এমন কি বাংলাদেশ যাবার নিমত্রণও তিনি পেয়েছিলেন। এখন ফেসবুকের দৌলতে লিখে চলেছেন এবং বহু সম্মাননা ও মান পত্র পেয়ে চলেছেন।

কর্ম জীবনে দীর্ঘ তিরিশ বছর ধরে ছাতিনা কান্দি গুরুপদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয় পত্রিকার সম্পাদনার কাজ করেছেন।

একদা বামপন্থী চেতনায় বিশ্বাসী কবি, গরিব মানুষের স্বার্থে জনহিতকর সামাজিক কর্মকাণ্ডেও জড়িত থেকেছেন। ফলে সাংসারিক দায়-দায়িত্ব সঠিক ভাবে প্রতিপালন করা তাঁর পক্ষে সম্ভব হয় নি বলে তিনি মনে করেন।

কবির পছন্দ কবিতাও গান লেখা, গান গাওয়া। কবি তাঁর ছাত্রজীবনে এক সময় গান গাইতেন। কর্ম জীবনে স্বরচিত গানে সুর দিয়ে গান গেয়ে প্রশংসিত হয়েছেন বহুবার। সাংসারিক ও অর্থনৈতিক কারণে সঙ্গীতচর্চা করা তাঁর পক্ষে সম্ভব হয় নি।

কবি দীর্ঘ আঠারো বছর ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য ও রসোড়া শাখার সম্পাদক হিসাবে অতি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। চতুর্দিকের দুর্নীতির চাপে এক সময় পার্টির সদস্যপদ ত্যাগ করেন। ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) এর সমর্থক হিসাবে কাজ করে চলেছেন তবে তিনি নাস্তিক ছিলেন না। বর্তমানে সমস্ত যাজন, পূজন ও ভজন করে কাল যাপন করেন। বিভিন্ন পত্র পত্রিকা ও ফেসবুকের পাতায় নিয়মিত অণুকবিতা, কবিতা, অণুগল্প ও নিবন্ধ লিখে অবসর সময় যাপন করে থাকেন।

মিলনসাগরে কবি রণজিৎ কুমার মুখোপাধ্যায় এর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।


কবি রণজিৎ কুমার মুখোপাধ্যায় এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


কবির সঙ্গে যোগাযোগ -
  • যোগাযোগের ঠিকানা :---
    প্রযত্নে- দেবজিৎ মুখার্জী, ৬৫ চূড়ামন চৌধুরী লেন, খটিক তলা, "চারুলতা আবাসন" (মোহনানন্দ দেবায়তনের সন্নিকট), পোঃ বহরমপুর, জেলা - মুর্শিদাবাদ, পিন কোড - ৭৪২১০১।


  • স্থায়ী ঠিকানা :---
    গ্রাম ও ডাকঘর -- রসোড়া, ভায়া - কান্দি, জেলা - মুর্শিদাবাদ, পিন কোড - ৭৪২১৩৬।


  • কবির চলভাষ - +৯১ ৮৫০৯৫৩৮৩০৩

  • কবির হোয়াটসঅ্যাপ - +৯১ ৯৭৩২৪৭০৪৫৮

  • কবির ফেসবুক - https://www.facebook.com/ranjitkumar.mukhopadhyay


উৎস -
  • কবির সঙ্গে সোস্যালমিডিয়ার মাধ্যমে যোগাযোগ।

         


আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



এই পাতার প্রথম প্রকাশ - ৯.১২.২০২১।
এই পাতায় নতুন কবিতা ও পাতার মোবাইল স্যাভ্যি সংস্করণ প্রকাশ- ২৬.৫.২০২৫।
^^ উপরে ফেরত