কবি সুকান্ত ঘোষের কবিতা
*
ভগ্ন তপস্বী
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।

প্রিয় এক দস্যি জাহাজ
খ্যাপা সমুদ্রে হারিয়ে যায়

আমি ডুব দিয়ে শুনি—
তার এক-বুক অভিমান

দিগন্তের সম্ভাষণ আমায়
উন্মাদ করে তোলে,

পায়ের নীচে যে এক-ভাগ সে পাষাণী,
এসে বসে মাথায়
সমতল হয়ে যায় পাহাড়
কী দুঃসহ তার সে ভার।

মাটিতে জল ঝরে ;
পিচ্ছিল হয় আরও
বৃথাই সাদা পতাকা তুলে ধরি।
আরও আরও দূরে রাখি চোখ
আর শুনি অনুকারধ্বনি ;

আমার অস্থির অচলতাকে
ব্যঙ্গ করে যায়। যদি মরি,
তবুও জলমগ্ন হতে চাই।
তবুও জলমগ্ন হতে চাই।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
অসভ্য ক্ষুধা
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।

একটা মূর্তি
উন্নয়নের মূর্তি, গৌরবের মূর্তি চৌ রাস্তার মাঝে।

একটা শিশু উলঙ্গ শিশু ক্ষুধার্ত শিশু
তার নীচে ভিক্ষুক সাজে।

শিশুটা অবাক হয়ে তাকিয়ে থাকে
এখনো বন্ধুত্ব না হওয়া মূর্তিটার দিকে,
চারটে রাস্তা কোনোটাই শিশুটার না
চারটে রাস্তা কোনোটাই মূর্তিটার না।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
শাঁখের করাত
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।

কবি শঙ্খ ঘোষকে নিবেদিত

আমিও ভাবি ভাঙবো প্রাচীর
ফুল ফোটাবো শ্মশানময়,
অবাক মৃত্যু থামিয়ে বলে

এ তো আর শঙ্খ ঘোষের কলম নয়!

আমিও ভাবি প্ল্যাকার্ড হাতে
আনি বিপ্লব ভাঙছি ভয়,
হাতে ধরা শব্দ বলে,না

এ তো আর শঙ্খ ঘোষের স্পর্ধা নয়!

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
গোঁজা মিল
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।

কাছাকাছি ছুরি কাঁচি খক খক হ্যাচ্চো
মশা মাছি নাচানাচি এতো কি লুকোচ্চো?
কানাকানি জানাজানি ভুরু করে মার্চ
বিগলিত বিচলিত সার্চ সার্চ সার্চ,
আরে ধর ধর ধাপ্পা ধুর ছাই খাপ্পা
মরি মরি ধরি ধরি ঠুংরি কি টপ্পা ,
গলা কাটা, কাটা ঘুড়ি ট্রোল হরিবোল
ভাইরাল ভাইটাল লোল লোল লোল।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
দুঃখ ভুলে
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।

ইচ্ছে না থাকলেও
আমি স্বপ্ন দেখে ফেলি
প্রতিবাদ করে ফেলি,
ছুয়ে ফেলি ফুল
ধানের শিষের মতো উঠি দুলে,
গেয়ে উঠি গান
আমার দুঃখ ভুলে
তোমার দুঃখ ভুলে
সবার দুঃখ ভুলে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ক্রম - আক্রম
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।

দেখেছি -
ঘর হারানো পাখিদের অস্থিরতা আর
ছায়া হারানো যুগলের বিচ্ছেদ। আজও দেখছি....

শুনেছি -
সাদা চামড়ার দুঃশাসন বোমা গুলি আর
কালো চামড়ার প্রতিরোধে রক্ত আজও শুনছি....

ভেবেছি -
ভাবনাগুলোকে নৌকবিহারে পাঠিয়ে আমি
রোদ্দুর মেখে জলকেলি করি। আজও ভাবছি...….

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কবি মন
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।

কবির খোজ খুবই দরকারি হেথা,
খুবই দরকারি কবির মননশীলতা।

একটা কবি থাকে যদি নেতার ভেতর,
দেশটা হবে মনোরম কাব্যের মতো।

একটা কবি থাকে যদি শত্রু মনে,
আঘাত গুলো ফুল হয়ে যায় আক্রমণে।

একটু কবি আধটু কবি আয় কে হবি?
একটু কবি আধটু কবি প্রাণ জুড়োবি।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আকন্ঠ রক্ত
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।

প্রেমিকের বুকে রক্ত
রক্ত মায়ের চোখে
বাবার জামায় রক্ত
রক্ত বিদ্রোহীর মুখে

পেপার ভেজা রক্তে
রক্তে ভেজা শাড়ি
ধর্মগ্রন্থ রক্তে ডুবে
রক্তাক্ত ঘরবাড়ি

বদ রক্ত রদ শক্ত
মাথায় দাপাদাপি
আকন্ঠ রক্তে ডুবে
মৃত্যুর দিন মাপি

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
দিনের শেষে
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।

রান্না ঘরে ওড়ে না মাছি ;
নারায়ণ এসে জোটে,
আমাদের লক্ষ্মীর সাথে চিরস্থায়ী ভাব।

বারুদের উৎসবে থাকি ;
নিরুত্তাপ শ্রী হীন ঠাটে,
আমাদের ঠোঁটে হাসি চিরস্থায়ী ছাপ।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মনের চলন
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।

শহুরে বৃষ্টি মাটির স্পর্শ পায়না ;
আর মানুষ ভুলে গেছে,
কবেই তার সোঁদা গন্ধ।
অবৈতনিক আবেগ ছল না বুঝে ;
সেজে গুজে অপেক্ষাতে রয়,
চেয়ে দেখে ঘড়ি যে তার বন্ধ॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর