| কবি বাসুদেব ঘোষ এর বৈষ্ণব পদাবলী |
| আওল পৌষ মাহ অতি দারুণ ভণিতা বাসু / দাস ভুবন কবি বাসুদেব ঘোষ এই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালার ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ৪০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ অথ পৌষ মাহ॥ আওল পৌষ মাহ অতি দারুণ তাহে ঘন শিশির নিপাত। থরহরি কম্পে কলেবর পুনপুন বিরহিনী পড় উতপাত॥ সজনি আর কি হেরব গোরামুখ। গণিগণি মাহ বরিখ অব পূরল ইথে পুন বিদরয়ে বুক॥ তোমারে কহিয়ে পুন মরমক চিত হৃদি মাহা কর বিসোয়াস। গৌরবিরহজ্বরে ত্রিদোষ হয়াছে যারে তারে কি ঔসূধ অবকাশ॥ এত সুনি কাহিনী নিজ সব সঙ্গিনী রোইরোই সব জন ঘেরি। বাসু বলে ভুবনে ধৈরজ করহ মনে গৌরাঙ্গ আসিবে পুনু বেরি॥ এই পদটি ১৯৯২ সালে প্রকাশিত, ডঃ চিত্রা রায়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পি-এইচ.ডি. কলা (বাংলা) উপাধির জন্য প্রদত্ত গবেষণা নিবন্ধ (সৌজন্যে শোধগঙ্গা ওয়েবসাইট, https://shodhganga.inflibnet.ac.in ) “বৈষ্ণব সংস্কৃতি ও সাহিত্যে গোবিন্দ, মাধব ও বাসুদেব ঘোষ”, ৭ম অধ্যায়, বাসুঘোষের পদাবলী সংকলন, ৭৭৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। চিত্রা রায় পদটিকে “সন্দিগ্ধ পদ” হিসেবে রেখেছেন। আওল পৌষ মাহ অতি দারুণ তাহে ঘন শিশির নিপাত। থরহরি কম্পে কলেবর পুন পুন বিরহিনী পড় উতপাত॥ সজনি, আর না হেরব গোরামুখ। গনি গনি মাহ বরিখ অব পূরল ইথে পুন বিদরয়ে বুক॥ তোমারে কহিয়ে পুন মরমক চিত হৃদি মাহা করো বিসোয়াস। গৌর বিরহ জ্বরে ত্রিদোষ হয়্যাছে জারে তারে কি ঔসূধ অবকাস॥ এত সুনি কাহিনী নিজ সব সঙ্গিনী রোই রোই সবজন ঘেরি। বাসু বলে ভূবনে ধৈরজ করহ মোনে গৌরাঙ্গ আসিবে পুনু বেরি॥ এই পদটি “দাস ভুবন” ভণিতায়, আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব , দ্বাদশমাসিক বিরহ, ১৮০০-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। আওল পৌষ মাহ অতি দারুণ তাহে ঘন শিশির-নিপাত। থরহরি কম্পি কলেবর পুন পুন বিরহিনী পড় উতপাত॥ সজনি আর কি হেরব গোরা-মুখ। গণি গণি মাহ বরিখ অব পূরল ইথে পুন বিদরয়ে বুক॥ ধ্রু॥ তোমারে কহিয়ে পুন মরমক বেদন চিত মাহা কর বিশোয়াস। গৌর-বিরহ-জরে ত্রিদোষ হৈয়াছে যারে তাহে কি ঔসূধ অবকাশ॥ এত সুনি কাহিনি নিজ সব সঙ্গিনি রোই রোই সব জন ঘেরি। দাস ভুবন ভণে ধৈরজ ধরহ মনে গৌরাঙ্গ আসিবে পুন বেরি॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |