| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| রূপরামের ধর্ম্মমঙ্গল বন্দনা পালা || ধর্ম্ম-বন্দনা || উর ধর্ম্ম আমার আসরে || কাতর কিঙ্কর ডরে আসরে স্মরণ করে তেজ ধর্ম্ম বৈকুন্ঠ-নগর | বিড়ম্বনা দন্ড কত দেখ নাট শুন গীত আপনি আসরে কর ভর || মজিয়া বিদ্যার রসে পড়ি শুনি নানা দেশে নাহি জানি গীতের সরণি | আপুনি করিয়ে দয়া দিলে ধর্ম্ম পদছায়া আমি মূর্খ কি বলিতে জানি || এক ব্রহ্ম সনাতন নিরাকার নিরঞ্জন নিয়ম করিতে কিছু নাঞি | কিবা রূপ গুণ কথা হরি হর ইন্দ্র ধাতা যত কিছু আপিনি গোসাঞি || ধবল অঙ্গের জ্যোতি ধবল আসনে স্থিতি ধবল বরণে বাড়ি ঘর | ধবল ভূষণ শোভা অনুপম মুনিলোভা আলো কৈলে পরম সুন্দর || কে জানে তোমার ভেদ ব্রহ্ম সমাতন বেদ পান্ডব বংশের যদুমণি | তুমি জল তুমি স্থল অপরূপ বুদ্ধিবল যোগরূপে জন্মিলা আপনি || এক রূপ নানা ঠাঞি নিয়ম করিতে নাঞি জাজপুর আদ্যের দেহারা | দেবতা অসুর নর সবে হৈয়া স্বতন্তর পরিপূর্ণ কৈল ঘরভরা || বালুকা নদীর তটে পূজা করে পাণিপুটে চারি পন্ডিত পূজে নিরঞ্জন | মনে পড়ে জয়ধ্বনি দূরে হৈতে শব্দ শুনি জয় জয় সআল ভুবন || হরিচন্দ্র মহারাজা আনন্দে করিল পূজা পুত্র কাটি দিল বলিদান | মদনা তাহার রানি চক্ষে না পড়িল পানি আদ্য পূজা দিল সাবধান || বিষম ধর্ম্মের ঘর দেখি বড় লাগে ডর একমন হৈলে হয় পার | দুই মন করে যদি তারে বাম হয় বিধি আচম্বিতে পড়ে মহামার || উর উর ধর্ম্মরাজ পরিপূর্ণ কর কাজ দান পতি আছে মুখ চেয়্যা | মনে বড় করি ভয় না জানি কেমন হয় পার কর আপুনি আসিয়া || আমি শিশু অল্পজ্ঞানী ভাল মন্দ নাহি জানি দোষ গুণ সকলি তোমার | রূপরাম গান গীত ধর্ম্ম হইল হরষিত পথে দেখা দিল করতার || অনাদ্যের পদতলে দ্বিজ রূপরাম বলে দয়া কর পতিতপাবন | ধর্ম্মের আদেশ পান দ্বিজ রূপরাম গান হরি হরি বল বন্ধু জন || **************** || ঠাকুরাণী-বন্দনা || বন্দো মাতা নারায়ণী কামরূপ কাত্যায়ণী করালবদনী হৈমবতী | শিবানী ইন্দ্রাণী শিবা ক্ষেমদাত্রী কালজিহ্বা দূর কর দাসের দুর্গতি || উমা কাত্যায়ণী গৌরী রণমধ্যে দিগম্বরী সর্ব্বাণী শূলিনী শৈলসুতা | শাকম্ভরী শুদ্ধমতি কর-জোড়ে করি স্তুতি তুমি দেবী হরিভক্তি-দাতা || শঙ্করী শূলিনী কালী গলে দোলে মুন্ডমালি সঙ্গে দানা চৌষট্টি যোগিনী | শ্রবণে কুন্ডল দোলে মণিময় হার গলে অঙ্গছটা উদয় তরণি || তিল ফুল জিনি নাসা পীযূষ জিনিয়া ভাষা মুক্তামণি দশনের পাতি | সুবাসিত গন্ধ বায় কত শত অলি ধায় মধুপান মনের পিরীতি || ঘোর ভীমা ভয়ঙ্করী বিশ্বরূপা খড্গেশ্বরী দুর্গতিনাশিনী হর-জায়া | তেজিয়ে হরের ঘর ঘটেতে করহ ভর দেহ দুর্গা চরণের ছায়া || ভার-অবতারের হরি তেজিয়ে বৈকুন্ঠপুরী জন্ম লৈল দৈবকী-জঠরে | তার পক্ষে-বল হয়্যা শিবারুপী মহামায়া পার কৈলে যমুনার নীরে || যবে হৈল মন্বন্তর দেবতার হৈল ডর বলবান হইল অসুর | শিবশক্তি নারায়ণী সকল পুরাণে শুনি তাহারে বধিয়া কৈলে চুর || রক্তবীজ মহিষাসুর সময়ে করিলে চুর হুহুঙ্কারে ধুম্রলোচন | চন্ড মুন্ড আদি বীর কেহ নহে রণে স্থির একে একে করিলে নিধন || নানা বর্ণের বাদ্য বাজে অষ্ট নায়িকা সাজে ব্রহ্মাণী রুদ্রাণী কপালিনী | শুম্ভ নিশুম্ভ রণে বধিলে অসুরগণে তুমি জয়া দনুজদলনী || ইতিহাস রামায়ণে যবে রাম গেল বনে সীতা চুরি করিল রাবণ | রঘুনাথ জোড়-হাথে সেবিল সমর-পথে তবে রাবণ সবংশে নিধন || করজোড়ে করি স্তুতি বন্দো মাতা ভগবতী পূর্ণ কর নায়কের বাসনা | ধর্ম্মের আদেশ পান দ্বিজ রূপরাম গান যারে হৈল দৈবের ঘটনা || |