দিনের দিন্ সবে দীন হয়ে পরাধীন! অন্নাভাবে শীর্ণ, চিন্তাজ্বরে জীর্ণ, অপমানে তনু ক্ষীণ! সে সাহস বীর্য নাহি আর্যভূমে, পূর্ব গর্ব সর্ব খর্ব হলো ক্রমে, চন্দ্র-সূর্য-বংশ অগৌরবে ভ্রমে, লজ্জা-রাহু-মুখে লীন! ১ | অতুলিত ধন রত্ন দেশে ছিল, যাদুকর জাতি মন্ত্রে উড়াইল, কেমনে হরিল কেহ না জানিল, এম্নি কৈল দৃষ্টিহীন! ২ | তুঙ্গ দ্বীপ হ'তে পঙ্গপাল এসে, সারা শষ্য গ্রাসে যত ছিল দেশে, দেশের লোকের ভাগ্যে খোসা ভুষি শেষে, হায় গো রাজা কি কঠিন! ৩ | তাঁতি, কর্মকার, করে হাহাকার, সূতা জাঁতা টেনে অন্ন মেলা ভার--- দেশী বস্ত্র অস্ত্র বিকায় নাকো আর, হ'লো দেশের কি দুর্দিন! ৪ | আ'জ যদি এ রাজ্য ছাড়ে তুঙ্গরাজ, কলের বসন বিনা কিসে রবে লাজ? ধ'র্বে কি লোক তবে দিগম্বরের সাজ---বাকল্, টেনা, ডোর, কপিন? ৫ | ছুঁই সূতো পর্যন্ত আসে তুঙ্গ হ'তে ; দীয়াশলাই কাটি, তাও আসে পোতে ; প্রদীপটি জ্বালিতে, খেতে, শুতে, যেতে ; কিছুতেই লোক নয় স্বাধীন! ৬ |
উমার কারণে প্রাণে যে যাতনা নিশিদিনে, মা হ'তে বুঝিতে চিতে, ছলিতে না, ---দিতে এনে | প্রাণ কাঁদে তাই সদাই কাঁদি, কৈসাসে তাই যেতে সাধি, রেখেছো তো বছরাবধি প্রবোধি ছল-বচনে | উমা ভাবে মা পাষাণী, লোকেও কয় পাষাণী রাণী, আমি যে পাষাণ-অধিণী, এ কাহিনী কেই না জানে | কায়া তব পাষাণ বোলে, অন্তরেও কি পাষাণ হোলে? অমন মেয়ের মায়া ভুলে, রহিলে গিরি কেমনে? "কৈলাসে যাই" বোলে যেতে, শিবের দোষ এসে শুনাতে, "শরতে আসবেন পুরেতে" --- বোলে ভুলাতে! (ভালো), আমি যেন অবোধ নারী, যা বুঝাও তাই বুঝি গিরি, আনিতে গৃহে কুমারী, তোমার কি সাধ হয় না মনে?