আগরওয়ালির পদটির ভাষা সম্বন্ধে সতীশচন্দ্র রায়ের উদ্ধৃতি - পাতার উপরে . . .
মুসলমান বৈষ্ণব কবি আগরওয়ালির পদের ভাষা সম্বন্ধে শ্রীশ্রীপদকল্পতরুর সম্পাদক সতীশচন্দ্র রায় তাঁর
গ্রন্থের ৫ম খণ্ডে, পদকর্ত্তৃগণের পরিচয়ে লিখেছেন . . .
“আগরওয়ালির ক্ষুদ্র ২৮৩৪ সংখ্যক পদটীর (পদকল্পতরুর) ভাষা বাঙ্গালার তথাকথিত ব্রজ-বুলী কিংবা
বিদ্যাপতির খাঁটি পদের মৈথিল ভাষা নহে ; উহা ব্রজ-ধামের প্রাচীন ব্রজ-ভাষা বটে। পদকল্পতরু গ্রন্থে ব্রজ-
ভাষারও দুই চারিটা পদ আছে। দাক্ষিণাত্য ব্রাহ্মণ গোপাল ভট্ট মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য ছিলেন, তিনি
প্রথম যৌবনে সন্ন্যাস গ্রহণ করিয়া মহাপ্রভুর উপদেশে ব্রজে বাস করেন ; তিনি বাঙ্গালা বা মৈথিল ভাষা
বোধ হয় ভালরূপে জানিতেন না। তখন পর্য্যন্ত বাঙাগালার তথাকথিত ব্রজ-বুলী ভাষার সৃষ্টি হয় নাই।
গোপাল ভট্ট ব্রজ-ধামের তত্কাল-প্রচলিত ব্রজ-ভাষায় পদ-রচনা করিয়াছেন। তাঁহার রচিত ১০৮৮ ও ২৮৩৩
সং ব্রজ-ভাষার পদদ্বয় পদকল্পতরুতে উদ্ধৃত হইয়াছে। আগরওয়ালির রচিত ২৮৩৪ সংখ্যক পদের সহিত
উহার অব্যবহিত পূর্ব্ববর্তী ২৮৩৩ সংখ্যক গোপাল ভট্টের পদের তুলনা করিলেই অভিজ্ঞ পাঠক বুঝিতে
পারিবেন যে, আগরওয়ালির আলোচ্য পদের ভাষাও ব্রজ-ভাষা বটে।
উত্তর পশ্চিমাঞ্চলের দিল্লী ও আগরা প্রদেশের মুসলমানদিগের মধ্যেও সে সময়ে ব্রজ-ভাষায় কবিতা রচনা
করা একটা প্রথা হইয়া পড়িয়াছিল। মোগল সম্রাট আকবর ও তাঁহার একজন মনসবদার নবাব আব্দুল রহীম
খান্-খানা ব্রজ-ভাষায় কবিতা রচনা করিয়া গিয়াছেন (মিলনসাগরে, আব্দুল রহীম খান্-খানা বা রহীম-এর
হিন্দী কবিতা পড়তে এখানে ক্লিক করুন . . . )। সে সময়ে মুসলমান কবিরও নিতান্ত অভাব ছিল না।
রসখান নামক একজন বৈষ্ণব মুসলমান কবির উত্কৃষ্ট ব্রজ-ভাষার কবিতাবলী এখনও হিন্দী-সাহিত্যে
কৃতবিদ্য হিন্দুস্থানী পণ্ডিতগণ সর্ব্বদা মুখে মুখে আবৃত্তি করিয়া থাকেন। আমাদের এখন ধারণা হইতেছে যে,
সমভবতঃ আগরওয়ালি উত্তর-পশ্চিমাঞ্চলের কোন বৈষ্ণব মুসলমান কবি ছিলেন ; কেন না, বাঙ্গালী কোনও
মুসলমান কবি হইলে তিনি বাঙ্গালার ব্রজ-বুলী ভাষায় পদ রচনা করিতেন ; তাঁহার পক্ষে ব্রজ-ভাষায়
পদরচনা সম্ভবপর হইত না। ব্রজধামে বিশেষ খোঁজ করিলে বোধ হয় আগরওয়ালির পরিচয় ও তাঁহার
অন্যান্য পদাবলীও মিলিতে পারে।”
আমরা মিলনসাগরে কবি আগরওয়ালি-এর বৈষ্ণব পদাবলী আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
কবি আগরওয়ালি-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ৯.৪.২০১৭
পরিবর্ধিত সংস্করণ - ২৭.১.২০১৮
...
কবি আগরওয়ালী - আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস সংকলিত পদকল্পতরু গ্রন্থে তাঁর একটি মাত্র
পদ রয়েছে (পদসংখ্যা ২৮৩৪)। সতীশচন্দ্র রায় তাঁর সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ১৯২৭ সালে
প্রকাশিত, পঞ্চম খণ্ডের ভূমিকায় লিখেছেন . . .
“ভণিতা দর্শনে ইঁহাকে মুসলমান বলে জানা যায়। ইঁহার দেশ-কাল কিছু জানার উপায় নাই। এই একটি মাত্র
পদ পাঠ করিয়া ইঁহার কবিত্ব সম্বন্ধে কিছু বলা অন্যায় ; কিন্ত এই একটী মাত্র কবিতাই ইঁহার বৈষ্ণবতার
প্রকৃষ্ট নিদর্শন। শ্রীরাধাকৃষ্ণের ব্রজলীলার মাধুর্য্য যে একজন মুসলমান কবির অন্তরে প্রবিষ্ট হইয়া তাঁহাকে
বিমোহিত ও শ্রীরাধাকৃষ্ণের প্রেমের ভিখারী করিয়াছিল---এই কবিতাটী তাহার সুস্পষ্ট প্রমাণ এবং ইহাই এই
কবিতার বিশেষত্ব।”