কবি রতিরাম দাস - এই কবি সম্বন্ধে ১৯৫৫ সালে প্রকাশিত প্রিয়নাথ জানা সম্পাদিত বঙ্গীয় জীবনীকোষ ১ম খণ্ড থেকে জানা যায় যে এই কবির “সারগীতা” বা “গ্রন্থরসামৃত” সপ্তদশ শতকে শ্রীমদ্ভাগবতগীতার প্রথম প্রাপ্ত অনুবাদ। রতিরাম দাসের গুরু শান্তিপুর নিবাসী রাধাচরণ ঠাকুর ছিলেন নরোত্তম দাসের প্রশিষ্য বেহারী তর্কালঙ্কারের শিষ্য। গুরুর আজ্ঞায় রতিরাম দাস গীতা-পাঁচালী রচনা শুরু করেন।
সপ্তদশ শতকের কবি হওয়ার সুবাদে ইনি রাধামোহন ঠাকুরেরও পূর্ববর্তী কবি ছিলেন।
নৃসিংহচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত “সাহিত্য সংহিতা” পত্রিকার আষাঢ়-শ্রাবণ, ১৩০৯ সংখ্যায় (জুন-জুলাই ১৯০২), আবদুল করিম সাহিত্যবিশারদের “অপিরকাশিত প্রাচীন পদাবলী” প্রবন্ধে এই কবির চারটি পদটি পেয়েছি। সেখানে পাদটীকায় আবদুল করিম মহাশয় এই কবির উপরোক্ত “সারগীতা” নামক গ্রন্থের উল্লেখ করেছেন।