রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          ঠাকুরাণী বন্দনা     
.          চৈতন্য বন্দনা    
.          সরস্বতী বন্দনা     
.          বিপ্র বন্দনা      
.          দিগ্ বন্দনা    
২   আত্মকাহিনী    
৩   স্থাপনা পালা    
৪    আদ্য ঢেকুড় পালা    
৫    রঞ্জার বিবাহপালা     
৬   লুইচন্দ্র পালা     
৭   শালেভর পালা    
৮   লাউসেনের জন্মপালা      
৯   লাউসেন চুরিপালা    
১০ আখড়া পালা     
১১ ফলানির্মাণ পালা     
১২ মল্লবধ পালা      
১৩ বাঘজন্মপালা     
১৪ বাঘবধ পালা      
১৫ জামতি পালা      
১৬ গোলাহাটপালা      
১৭ হস্তিবধপালা      
১৮ কাঙুরযাত্রাপালা      
১৯ কলিঙ্গাবিভাপালা     
২০ লৌহগন্ডারপালা       
২১কানড়াবিভাপালা      
২২অনুমৃতাপালা     
২৩ ইছাইবধপালা     
২৪ অঘোরবাদলপালা     
২৫ জাগরণপালা     
২৬ স্বর্গারোহণপালা     
|| ধর্ম্ম-বন্দনা ||

উর ধর্ম্ম আমার আসরে ||
কাতর কিঙ্কর ডরে         আসরে স্মরণ করে
তেজ ধর্ম্ম বৈকুন্ঠ-নগর |
বিড়ম্বনা দন্ড কত          দেখ নাট শুন গীত
আপনি আসরে কর ভর ||
মজিয়া বিদ্যার রসে       পড়ি শুনি নানা দেশে
নাহি জানি গীতের সরণি |
আপুনি করিয়ে দয়া        দিলে ধর্ম্ম পদছায়া
আমি মূর্খ কি বলিতে জানি ||
এক ব্রহ্ম সনাতন           নিরাকার নিরঞ্জন
নিয়ম করিতে কিছু  নাঞি |
কিবা রূপ গুণ কথা        হরি হর ইন্দ্র ধাতা
যত কিছু আপিনি গোসাঞি ||
ধবল অঙ্গের জ্যোতি      ধবল আসনে স্থিতি
ধবল বরণে বাড়ি ঘর |
ধবল ভূষণ শোভা          অনুপম মুনিলোভা
আলো কৈলে পরম সুন্দর ||
কে জানে তোমার ভেদ    ব্রহ্ম সমাতন বেদ
পান্ডব বংশের যদুমণি |
তুমি জল তুমি স্থল         অপরূপ বুদ্ধিবল
যোগরূপে জন্মিলা আপনি ||
এক রূপ নানা ঠাঞি         নিয়ম করিতে নাঞি
জাজপুর আদ্যের দেহারা |
দেবতা অসুর নর            সবে হৈয়া স্বতন্তর
পরিপূর্ণ কৈল ঘরভরা ||
বালুকা নদীর তটে         পূজা করে পাণিপুটে
চারি পন্ডিত পূজে নিরঞ্জন |
মনে পড়ে জয়ধ্বনি        দূরে হৈতে শব্দ শুনি
জয় জয় সআল ভুবন ||
হরিচন্দ্র মহারাজা          আনন্দে করিল পূজা
পুত্র কাটি দিল বলিদান |
মদনা তাহার রানি         চক্ষে না পড়িল পানি
আদ্য পূজা দিল সাবধান ||
বিষম ধর্ম্মের ঘর            দেখি বড় লাগে ডর
একমন হৈলে হয় পার |
দুই মন করে যদি          তারে বাম হয় বিধি
আচম্বিতে পড়ে মহামার ||
উর উর ধর্ম্মরাজ              পরিপূর্ণ কর কাজ
দান পতি আছে মুখ চেয়্যা |
মনে বড় করি ভয়          না জানি কেমন হয়
পার কর আপুনি আসিয়া ||
আমি শিশু অল্পজ্ঞানী         ভাল মন্দ নাহি জানি
দোষ গুণ সকলি তোমার |
রূপরাম গান গীত              ধর্ম্ম হইল হরষিত
পথে দেখা দিল করতার ||
অনাদ্যের পদতলে             দ্বিজ রূপরাম বলে
দয়া কর পতিতপাবন |
ধর্ম্মের আদেশ পান            দ্বিজ রূপরাম গান
হরি হরি বল বন্ধু জন ||

.  ******************     
.                                                                    
পাতার উপরে . . .   


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
বন্দনা পালা