| ||||||||||||
| বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
| মালিনীকে বিনয় বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র কহ ও লো হীরা তোরে মোর কিরা বিকল করিলি কলে। গড়িল যে জন সে জন কেমন বিশেষ কহ না ছলে॥ হীরা কহে শুন কেন পুন পুন হান সোহাগের শূল। কহিয়া কি ফল বুঝিনু সকল আপন বুদ্ধির ভুল॥ এ রূপ তোমার যৌবনের ভার অদ্যপি না হৈল বিয়া। কোথা পাব বর ভাবি নিরন্তর বিদরে আমার হিয়া॥ যে জনে বিচারে বরিবা তাহারে কোন্ মেয়ে হেন কহে। যে তোমা হারাবে তারে কবে পাবে যৌবন তাহে কি রহে॥ যৌবনে রমণ নহিল ঘটন বুড়াইলে পাবে ভালে। নিদাঘ জ্বালায় তরু জ্বলে যায় কি করে বরিষাকালে॥ দেখিয়া তোমায় এই ভাবনায় নাহি রুচে অন্ন জল। পাইয়া সুজন রাজার নন্দন রাখিনু করিয়া ছল॥ কাঞ্চীপুর ধাম গুণসিন্ধু নাম মহারাজ রাজেশ্বর। তাঁহার তনয় ভূবন বিজয় সুকবি নাম সুন্দর॥ বঞ্চি বার মায় একেলা বেড়ায় করিয়া দিগবিজয়। পথে দেখা পেয়ে রেখেছি ভুলায়ে স্নেহে মাসী মাসী কয়॥ অশেষ প্রকারে কহিনু তাহারে তোমার পণের মর্ম্ম। শুনিয়া হাসিল ইঙ্গিতে ভাষিল নারী জিনা কোন্ কর্ম্ম॥ বুঝিতে তোমার আচার বিচার সে কৈল এ ফুলখেলা। নিজ পরিচয় শ্লোক চিত্রময় লিখিতে বাড়িল বেলা॥ তোমার লাগিয়া নাগর রাখিয়া গালি লাভ হৈল মোর। যাহার লাগিয়া চুরি করে গিয়া সেই জন কহে চোর॥ হীরা এত বলি ছলে যায় চলি আঁচল ধরিল ধনী। মাথার কিরায় হীরায় ফিরায় মণি ধরে যেন ফণি॥ থাক বঁধু লয়ে এই কথা কয়ে অপরাধ হৈল মোর। কৈতে পারি যেই কহিয়াছি তেঁই আমি লো নাতিনী তোর॥ কামানল জ্বেলে যেতে চাহ টেলে নাতিনীঘাতিনী বুড়ী। কেমনে পা চলে মা ভাল মা বলে১ বাপার ভাল শাশুড়ী॥ এস বৈস এয়ো হৌক মেনে যেয়ো বল সে কেমন জন। কি কথা কহিলে কি ফেরে ফেলিলে উড়ু উড়ু করে মন॥ দেখিয়া কাতরা হীরা মনোহরা কহিছে কানের কাছে। রূপের নাগর গুণের সাগর আর কি তেমন আছে॥ বদনমণ্ডল চাঁদ নিরমল ঈষদ গোঁফের রেখা। বিকচ কমলে যেন কুতূহলে ভ্রমরপাঁতির দেখা॥ গৃধিনীগঞ্জিত মুকুতারঞ্জিত রতিপতি শ্রুতিমূলে। ফাঁস জড়াইয়া গুণ গুঁড়াইয়া২ থুলা ভুরু ধনু হুলে॥ অধরবিন্বুর খাইতে মধুর চঞ্চল খঞ্জন আঁখি। মধ্যে দিয়া থাক বাড়াইল নাক মদনের শুকপাখি॥ আজানুলম্বিত বাহু সুবলিত৩ কামের কনকআশা।৪ রসের৫ আলয় কপাট হৃদয় ফণিমণিপরকাশা॥ যুবতীর মন সফরীজীবন নাভি সরোবর তার। ত্রিবলিবন্ধন দেখয়ে যে জন তার কি মোচন আর॥ দেখিয়া সে ঠাম জিয়ে মোর কাম এত যে হৈয়াছি বুড়া। মাসী বলে সেই রক্ষা হেতু এই৬ ভারত রসের চূড়া॥ *********** ১ – পু৩ --- . . .আই মা কি বলে ২ – পু৩ --- চড়াইয়া ৩ – পু২, পু৪, গ, পী, বি --- সুললিত ৪ – পু২ --- কামের কামান আশে ৫ – পু১, পু২, পু৩, পী --- মদন ৬ – পু১ --- তেঞি **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
| বিদ্যাসুন্দর কাব্যের সূচি |