| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| যাহ যাহ দুয়ারী বিলম্বে কার্য নাই | পারণার ভিক্ষা মাগে আপনি গোঁসাই || শিবের বচন শিঙ্গা জোড়হাথে নিল | অন্তঃপুরে রাজার সমুখে দেখা দিল || বলিল শিবের বাণী ভূপতির আগে | কোথাকার ভিখারী পারণা সজ্জ মাগে || রাজা বলে কহ গিয়া ভিখারীর তরে | আজি কেবা ভিক্ষা দিব রাজা নাই ঘরে || জোড়হাথে নিল মাথে রাজার বচন | ভিক্ষুক সদনে দ্বারী করে নিবেদন || রাজা ঘরে নাই আজি ভিক্ষা দিবে কে | আপনার ঝুলি কাঁথা সম্বরিয়া নে || ঘাড়ধাকা মারিয়া বাড়ীর বারি করে | তরুতলে দেখা দিল পার্বতী-গোচরে || পার্বতী বলেন প্রভু তুমি মায়াধারী | সেবকে সম্পদ দিয়া আপনি ভিখারী || অবধানে শুন প্রভু ভকত-বত্সল | আমার সেবক আছে বাঘ কামদল || হোর দেখ লোহার খাঁচায় বন্দী আছে | এত বলি পার্বতী শঙ্কর গেল কাছে || হরগৌরী দেখিল শার্দূল বিচক্ষণ | কান্দিতে কান্দিতে বলে করুণা বচন || পার কর বিষম সঙ্কটে পশুপতি | শঙ্কর বলেন বাঘে সাক্ষাত পার্বতী || শিব বলেন শার্দূল তোমাকে দিব বর | আজি হৈতে রাজা তুমি জালান্দা ভিতর || অকপটে শিব যদি বাঘে বর দিল | সুমেরু পর্বতে যেন বজ্জর পড়িল || শঙ্কর বলেন গৌরী শুন মন দিয়া | খাঁচার কুলুপ তুমি দেহ ঘুচাইয়া || বর দিনু এই বাঘে তোমার বচনে | অভয়া বলেন তবে অভয় চরণে || বর পায়্যা বৃকাসুর হয়্যা গেল ছাই | এমন গুণের নিধি কোথা গেলে পাই || কোথা গেল মেঘনাদ রাজা দশানন | প্রত্যয় না পাই মনে তোমার বচন || এত বলি খাঁচার কুলুপ খসাইল | শিবের সমুখে তথা ঈশ্বরী রহিল || বেগে নিঃসরিল বাঘ নাঞি পাই সাড়া | শিবের বলদ দেখি তারে দিল তারা || শিব বলে রক্ষা কর গণেশের মা | মহামায়া বাঘের কোমরে দিল পা || কৈলাস পর্বত পাইল পার্বতী শঙ্কর | দ্বিজ রূপরাম গান অনাদ্যের বর || কর্পূর বলেন শুন মোর নিবেদন | কহিব বাঘের কথা তুমি দেহ মন || এইরূপে বাঘটি শিবের পায়্যা বর | অকস্মাৎ রাজা হৈল জালান্দা ভিতর || লুট কব়্যা খায় বাঘ চৌরাশি বাজার | গরু মহিষ খাইয়া করিল একাকার || ছাগল গাড়র খায়্যা একাকার করে | নিরন্তর বেড়ায় সভার ঘরে ঘরে || কুম্ভকার বর্ণিক বারুই ধব়্যা খায় | সন্ধ্যাকাল হইলে তাঁতির বাড়ী যায় || তাঁতি ভাই তাঁত বোনে ঘন মাথা নাড়ে | লম্ফ দিয়া বাঘটি ধরিল তার ঘাড়ে || বুকের কলিজা খায় দিয়া চুমকুড়ি | সুতা পেলি বটুনি পালায় গুঁড়িগুঁড়ি || কুম্ভকার ঘর যায় অপরাহ্ন কালে | ঘরের ভিতর পড়ে বিদারিয়া চালে || যুবতী বালক ধরে যুবা আর বুড়া | চিবাইয়া ঐমনি দশনে করে গুঁড়া || মালীঘরে দেখা দিল তিন পর রাতি | সাত বেটা খাইল তার আর দশ নাতি || ঘরে ধরে মানুষ গোধন ধরে মাঠে | বাঘ বাঘ বলিতে ব্রহ্মার বল টুটে || অরুণ-উদয়ে দেখা নাপিতের ঘরে | জয়দূর্গা বলি বাঘ বসিল দুয়ারে || কার খায় কলিজা বসিয়া মাঝবুকে | কার লোহ পান করে চঞ্চল চমুকে || একে একে ধব়্যা খায় গুয়ালার পাল | কুশমেট্যা বাগদি দুয়ারে দিল শাল || ঘোড়াশালে ধব়্যা খায় রাউতের ঘোড়া | দরশন দিল তবে মিঞাদের পাড়া || বাঘ দেখ্যা বিবি যত আইউই বলে | দেখহ বাবাজী মিঞা বাঘ পাছে গেলে || বিবি রাখ্যা তরাসে পলায়্যা যায় বান্দী | লুকায়্যা রহিল গিয়া মরাই-র সান্ধি || এইরূপে বাঘটা মহিষ গরু খায় | নিশিযোগে ঘরে ঘরে বুলিয়া বেড়ায় || জালান্দার পালায় বিস্তর লোকজন | বাঘ বধিবারে রাজা করিল সাজন || বিশাল দুন্দুভি ঘোর বাজে বিপরীত | অসুর দেবতা যত মনে চমকিত || কানে কান বিস্তর সাজিল হাথিঘোড়া | ঢালী পাইক বন্দুকী ধানুকী ফলা খাঁড়া || . ****************** || বাঘজন্ম পালা সমাপ্ত || . এই পাতার উপরে . . . মিলনসাগর |
