| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| এই মহাপাতকে তোমার রক্ষা নাই | ধর্মপথে থাকিলে বিজয় সর্ব ঠাঁই || কর্ণের সমান তুমি সর্বলোকে গায় | তবে কেন পঞ্চম পাতকী হৈলে রায় || ত্রিভুবনে বেষ্টিত তোমার কীর্তিলতা | প্রতি গাঠি ফল তার অসম্ভব কথা || মনে সাধ কব়্যাছ মনুষ্য হবে আর | অন্নদান করহ পরের উপগার || ধর্মের সেবক ভাল পুরস্কার দিবে | মর্যাদা করিয়া তারে গৌড় পাঠাবে || অবজ্ঞা করহ যদি আমার বচন | সাগরে ফেলিয়া দিব জামতি ভুবন || রামের সেবক আমি রাবণের ঐরি | বিধি বিষ্ণু শঙ্করে সঙ্কোচ নাহি করি || এত বলি সপনে হইল অন্তর্ধান | অবশেষে রজনী কোকিল গাহে গান || শয়ন তেজিয়া শীঘ্র উঠে সর্বজন | ঘন ঘন সভে করে রাম সঙরণ || দরবার করিয়া বৈসে রায় গদাধর | দ্বিজ রূপরাম গান ধর্মের কিঙ্কর|| সভা করি বসিল ভূপতি কুতুহলে | সপনের সম্বাদ সভাতে কিছু বলে || পন্ডিত কুলীন কবি সভে দিবে মন | অপরূপ নিশিযোগে দেখিনু সপন || একজন সপনে শিয়রে বস্যা কয় | বন্দী কেন লাউসেন রঞ্জার তনয় || অরুণ উদয়ে তারে দিব পুরস্কার | গৌড় পাঠাবে তারে রাজার দরবার || আর কত সপন বলিব দুরাক্ষর | ডরে প্রাণ কম্পিত আইল কাল জ্বর || বাক্য শুনি কুলীন পন্ডিত কবি কয় | কালি বন্দী হৈল কোন রাজার তনয় || কেহ বলে দেবতা তাহার পক্ষাবল | সেই অপরাধে কালি দেশে অমঙ্গল || অকালে ঝঞ্ঝনা ঝড়ে কত লোক মৈল | নিশিযোগে নগরে জঞ্জাল বড় হৈল || এই দোষে যতেক অনর্থ অকারণে | বৈদেশী বান্ধিলে কালি পরের বচনে || এই বাণী দরবারে বসিয়া সভে গায় | রাজ্যের সহিত রাজা বন্দিঘরে যায় || যতী সতী সংসার সকল গিয়া দেখে | দ্বিতীয় অর্জুন যেন বিধি চিত্র লেখে || মনুহর মূরতি মদন সমতুল | গাএর বরণ দেখি যেন চাঁপাফুল || ভাবে গদগদ রাজা ধরিল চরণে | দেবতা দ্বিগুণ পূজা দিল লাউসেনে || অষ্ট অভরণ অঙ্গে পরাইল রাজা | কেহ যেন নগরে ধর্মের করে পূজা || পুরস্কার পাইল যদি ময়নার রায় | রাজাকে আশিস দিয়া হইল বিদায় || সর্বকাল সুখে থাক রাজা গদাধর | পাষন্ড জনার মুন্ডে পড়ুক বজ্জর || গৌড় রাজ্য যাইতে বিলম্ব নাই গণে | মনে বড় সুখোধয় পবিত্র বচনে || এত বলি লাউসেন চলিল তুরিত | দুই পায় ধরে রাজা রাজ্যের সহিত || তুমি যারে বাম তার নাঞি থাকে বংশ | অন্তর্যামী বট তুমি মায়াধারী অংশ || মরা যদি প্রাণ পায় জামতি নগরে | কলিযুগে আদ্যপূজা হব ঘরে ঘরে || নিধন বালকে তুমি জীবন্যাস দিবে | প্রকাশ করিয়া গুণ পূর্ণ পূজা পাবে || চরণে ধরিয়া কান্দে বালা যুবা জরা | জাহির করিবে গুণ জিয়াইয়া মরা || এত শুনি বলেন ময়নার গুমমণি | মরা শিশু আন তবে জিয়াব এখনি || এহা যদি এখানে প্রকাশ দিয়া যাব | রাজার দরবারে তবে দুঃখ বড় পাব || নিবেদিল বিশেষ ময়নার নৃপবর | আনিল নিধন শিশু তাহার গোচর || মনে সশঙ্কিত রাখে লাউসেনের আগে | জোড় হাথে ঐমনি রহিল বাম ভাগে || সভামধ্যে নিধন বালকে প্রাণ দেন | ধর্মরাজ সঙরণ করেন লাউসেন || ঐমনি শিশুর অঙ্গে দিল পুষ্পজল | প্রাণ পায়্যা মরা শিশু হাসে খলখল || মরা পাইল জীবন সংসার চায়্যা দেখে | যতী সতী ব্রহ্মচারী ধর্ম বলি লেখে || প্রাণ পাইল যদ্যপি সবার সন্নিধানে | লাউসেন জিজ্ঞাসা করে তার বিদ্যমানে || পূর্ব সমাচার বল পূর্বমুখ হয়্যা | কূয়ায় ফেলিল কেবা কিসের লাগিয়া || জামতির মধ্যে আছে কত মহাজন | এ কথা শুনিবে সভে সত্যের কারণ || সভামধ্যে শিশু বলে শুন এই বাণী | কূয়ায় ফেলিল ঠেলি আমার জননী || সভা সাক্ষী কব়্যা রাজা কোপে কম্পমান | বারুই বৌএর লাউসেন কাটে নাককান || নাক কান কাটে তার মাথার লোটন | যেন সূর্পনখার নাককান কাটিল লক্ষ্মণ || জয় দিয়া লাউসেন গৌড় চল্যা যায় | কর্পূরে হারাল্য পথে দেখা নাই পায় || মাঝগনে কর্পূরে হারাল্য এইখানে | নাম ধব়্যা লাউসেন ডাকে চারিপানে || কোথা গেলে কর্পূর আসিয়া দেহ দেখা | কোনখানে কেমনে বঞ্চিলে ভাই একা || . ****************** . জামতিপালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
