| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| তিন জন ভোজনে বসিব একবারে | তবে আমি অন্ন খাব কহিল তোমারে || তুমি মুখে অন্ন দিলে আমি মুখে দিব | তবে যদি নাঞী খাও লঙ্ঘন করিব || সন্ন্যাসীর কথা শুনি হরিচন্দ্র বসে | তিন থালে অন্ন দ্রব্য মদনা পরশে || ঠাকুর বলেন রাখ আপনার তরে | তবে দেহ রাজাকে আমাকে তার পরে || তিন থালে অন্ন দ্রব্য করিলা সাজন | খুরি বাটি পরিপূর্ণ মাংসের ব্যঞ্জন || মাংসের ব্যঞ্জনে হাথ দিলা মায়াধর | আপুনি রাজার থালে দিলেন বিস্তর || মাংস খাও মহারাজা মনের পীরিতে | ঘুষিবে আমার গুণ কায় মন চিত্তে || আপুনি ধর্ম্মের নামে কৈলা নিবেদন | হাথে ধব়্যা গন্ডুষ সঙরে জনার্দ্দন || গন্ডুষ করিলা রাজা হরিষ অন্তরে | মুখে মাংস তুলিতে সন্ন্যাসী হাথে ধরে || জানিল জানিল রাজা তোমার শকতি | তোমার সমান দাতা নাঞী ছিল খিতি || ধন্য ধন্য করে দেখ্যা অসুর দেবতা | হরিচন্দ্র সমান সংসারে নাঞী দাতা || সন্ন্যাসী বলেন রাজা আমি মায়াধর | অর্জ্জুন-সারথি আমি রাজরাজেশ্বর || শুন গো মদনা তুমি বড় ভাগ্যবতী | দেখিল নয়নে তোর দড় একমতি || বর মাগ হরিচন্দ্র সুন্দরী মদনা | সফল করিব তোর মনের বাসনা || এত শুনি রাজা রানী চরণে পড়িল | ধর্ম্ম বল্যা এতক্ষণ তোমারে চিনিল || পুত্রশোকে আকুল নাহিক পরিজ্ঞান | লুইটন্দ্র বাছা মোর দেহ বরদান || সন্ন্যাসী বলেন তোর লুইচন্দ্র আছে | বালক মিশালে খেলে গাজনের কাছে || আদ্যের গাজনে খেলে হাথে লয়্যা ভেটা | আমি কি ভক্ষণ করি তোর লুঞা বেটা || এত শুনি গাজনে ধাইলা রাজা রানী | লুঞা লুঞা বল্যা ডাকে চক্ষে পড়ে পানি || বাপধন বাছা কোথা খোলা-ডাই বলে | লুইচন্দ্র তখন ধাইয়া পড়ে কোলে || আঁচল ধরিয়া লুঞা হাসে খল খল | মদনা বুকের মাঝে ঝাপিয়া আঁচল || লক্ষ লক্ষ চুম্ব দিলা পুত্রের বদনে | রাজা রানী হরিষ আনন্দ বড় মনে || কোলে কব়্যা বাছাকে উল্লাস কথা কয় | চুম্ব দিয়্যা বদনে বদনে রানী রয় || নয়ান ভরিয়া বাপু দেখি চাঁদমুখ | এতক্ষণে ঘুচিল মহাদুঃখ || লুইচন্দ্র বলে শুন দয়ার জননী | আমার লাগিয়া তুমি কেন্দে মর কেনি || লুঞা লুঞা বল্যা যখন কান্দ অনুছলে | তখন বসিয়া আমি সন্ন্যাসীর কোলে || তবে লুইচন্দ্র বলে শুন গো জননী | জিয়ন্ত থাকিতে তুমি কেন্দ্যা মর কেনি || দয়ার সাগর বড় সন্ন্যাসী ঠাকুর | তুমি ত পাগল হয়্যা বলিলে নিঠুর || দোষ মেগ্যা লহ গিয়া সন্ন্যাসীর পায় | বেটা কোলে কব়্যা রানী নাচিয়া বেড়ায় || বাছা বাছা বলিয়া বদনে চুম্ব দেই | মদনার কোলে হতে রাজা কেড়ে নেই || কোলে কব়্যা ভূপতি বদনে চুম্ব খায় | আনন্দসাগরে ভাসে হরিচন্দ্র রায় || পুনরপি ঠাকুর সভাকে দিলা বর | হরিচন্দ্র হরষিত অমরা নগর || ধর্ম্মের মায়া কহনে নাঞী যায় | অনাদিমঙ্গল দ্বিজ রূপরাম গায় || . ****************** || লুইচন্দ্র পালা সমাপ্ত || . পাতার উপরে . . . মিলনসাগর |
