| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| লম্ফ দিয়া অম্বরে উঠিল দুই বীর | ঐমনি উতারে অসি সন্ধানে সুধীর || বিজলি সঞ্চরে যেন শিরে ঘোরে ঢাল | অসি হানে ইছাই ময়নার মহীপাল || পুনরপি ইছাইরে হানে এক চোটে | ভূমে মুন্ড পড়িতে ঐমনি কান্ধে উঠে || রঙ্কিণী ভবানী মুখে বলে ঘনে ঘন | কোনকালে ব্যর্থ নহে দেবীর বচন || কাটামুন্ড জোড় লাগে ভবানীর বর | লাউসেনের উপর ধনুকে জুড়ে শর || শর হানে সমরে সন্ধান ষোল ধার | বাণে বাণে দুই বীরে ঘোর অন্ধকার || বসুমতী ছাইল আকাশ গাছপালা | শরে শরে সন্ধান সংসারময় আলা || বাণে বাণে কাটাকাটি বিষ্ণুপদতলে | দেবতা কৌতুক দেখে বসিয়া বিরলে || পঞ্চাশ হাজার শর ব্যর্থ গেল রণে | ভবানীর কল্পনা ইছার পড়ে মনে || ধনুকে ইছাই জুড়ে ভবানীর বাণ | আকাশ পাতাল মহী কাঁপে মঘবান || হাতে শর ধনুক সমুখরণে কয় | এবার লাউসেন তোর জীবন সংশয় || বোলচালে কল্পনা করিলে এতকাল | এই শর সম্বর ময়নার মহীপাল || এবার এ শর যদি রণে ব্যর্থ যায় | তবে জানি ধর্মরাজা তোমারে সহায় || এত বলি টঙ্কার বাঁ হাতে ধরে চাপ | তথি শর জুড়িল সাক্ষাত কালসাপ || শরের গর্জন শুনি সংসার কম্পিত | সিঞ্চিয়া আকর্ণ পাণি বলে বিপরীত || ধর্মঠাকুর এবার সঙর মনে মনে | গোবর্ধন ধরি যেন রাখিল গোধনে || অর্জুন রাখিল যেন সুধম্বার শরে | মনে কর সেজন এবার যেন তরে || এত শুনি লাউসেন সাহস বড় মনে | একুবারে কাট্যা পাড়ে বত্রিশ পাটনে || বিপর্যয় অকালে শবদ হুহুঙ্কার | উভয় সঙ্কট গুরু বলে মার মার || গগনে বসিয়া বলে যত দেবগণ | কেবা জিনে কেবা হারে দেখিব এখন || বাণ এড়্যা দিল ইছা বিজলির লতা | গর্জনে গগন কাঁপে গিরিবরসুতা || লাউসেনের মনে নাঞি মরণের ডর | চল্লিশ পাটনে রাজা কাটে লেই শর || বাণ ব্যর্থ গেল যদি লাউসেন কয় | অতঃপর গোয়ালা তোমার নাঞি জয় || এতদিনে বিধাতা তোমারে হৈল বাম | অপরূপ সঙ্গীত রচিল রূপরাম || এইরূপ দুবীরে ঢেকুর কাটাকাটি | মেলাপাড়া জুড়িল সন্ধান পরিপাটি || ইছাই বীরের মুন্ড যত বার কাটে | না পড়িতে অবনী আপনি মুন্ড উঠে || অসম্ভব অকাল অজয়া ঢেকুরগড়ে | ধর ধর শবদে সঘনে শিঙ্গা পড়ে || স্নান পূজা ধ্যান নাঞি দুজনার মনে | ফলা ধরি ফলঙ্গ ফিরিয়া চলে রণে || মরিলে না মরে বীর গোয়ালানন্দন | সুরাসুর বাখানিল লঙ্কার রাবণ || কেহ বলে কদাচ ঢেকুরে দেখি জয় | দেবতা সকলে যুক্তি করে অতিশয় || কেহ বলে ইছা বীর হইল অমর | সভা ভাঙ্গি দেবতা যাইতে চায় ঘর || আনে বলে আদ্যপূজা না পাইল গোসাঞি | ঢেকুর নহিলে জয় পশ্চিম উদয় নাঞি || বিষ্ণু বলেন এ গড়ে ঈশ্বরী যতক্ষণ | ত্রিভুবনে কেবা আছে ইছাএ দেই রণ || বিধাতা বরুণ ইন্দ্র যদি যুদ্ধ দিব | তথাপি ইছাই বীর জিনিতে নারিব || এই গড় রাখিয়া ঈশ্বরী যদি যান | কলিযুগে ঠাকুর অপূর্ব পূজা পান || এহার উপায় সৃষ্ট কর দেবগণ | হেঁটমুখে রহিলা ঠাকুর নিরঞ্জন || পড়িল আপার চিন্তা দেবতা সভায় | হনুমান বীর বলে অনাদ্যের পায় || যেই দেবালয় আছে গণেশ জননী | সেইখানে বিধাতাকে পাঠাহ আপনি || বড় লজ্জা পাইব ব্রহ্মার দরশনে | ঢেকুর রাখিয়া যাব কৈলাস ভুবনে || ভাসুর দেখিয়া ভঙ্গ দিবেন ভবানী | অজয়া ঢেকুর জয় তবে হয় জানি || অনন্ত বাসুকি বলে এই যুক্তি সার | আপনি চলিলা বিধি দেউল দুয়ার || চারিমুখে চারিবেদ মরালবাহন | অরুণ অম্বর পরিধান বিচক্ষণ || দুর্গার দেউলঘরে দরশন দিল | বিমান রাখিয়া ব্রহ্মা দুয়ারে বসিল || ভাসুর দেখিয়া দেবী লজ্জায় ব্যাকুল | আপনি পলায়্যা যান ভাঙ্গিয়া দেউল || দেহারা ভাঙ্গিয়া দেবী দূরে দরশন | স্তব করে চরণকমলে দেবগণ || সহস্রলোচন বলে যত সুরাসুর | কৈলাস ভুবন চল রাখিয়া ঢেকুর || অজয়া জিনিলে হয় পূর্ণ বারমতি | সত্যের আমিনি তুমি গঙ্গার সংহতি || একদন্ড ইছাই রাখিয়া যাহ ঘর | কি বলিব শঙ্কর কার্তিক লম্বোদর || এত শুনি ভবানী বলেন ক্রোধমুখী | চিকুরে সহস্র ফণা গলায় বাসুকি || দেবী বলে দেবতা সকল ঘর যাও | পূজা বিনে বিদেশে বিশেষ দুঃখ পাও || শুন বাপু বরুণ তোমারে বলি দড় | কার্তিক গণেশ হৈতে ইছা মোর বড় || বড় পুত্র ইছা বীর অনুজ গণাই | বিধাতা ঢেকুরে কেন আপনি গোসাঞি || . ****************** . ইছাইবধ পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
