| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| গোয়ালানন্দন ছিল সাক্ষাত সুরথ | যার ভক্তিভাব হেতু দেখিল জগত || শঙ্কর বলেন গৌরী শুন মন দিয়া | বলিব বিশেষ বাণী বিরলে বসিয়া || রাবণ সমান ভক্ত নাঞি ত্রিভুবনে | মহামুনি বাল্মীকি লিখিল রামায়ণে || দশ মুন্ড কাটিয়া তোমার পূজা দিল | রাম অবতারে সেঙ নিধন হইল || নানা উপদেশে শোক করিল সান্তন | দ্বিজ রূপরাম গান ভাবি নিরঞ্জন || কৈলাসে রহিলা যদি পার্বতী শঙ্কর | লাউসেন লঞা কিছু শুনহ উত্তর || সুধন্বা সমান বীর সর্বজন ঘোষে | পরিপূর্ণ জগত হইল যার যশে || জয় জয় ঢেকুরে সঘনে শিঙ্গা পড়ে | দেবতা পূজিল ধর্ম অজয়ার গড়ে || পরিণাম সোম ঘোষ করিল গমন | নানা ধনে লাউসেন করে সম্ভাষণ || সম্ভাষ করিল যদি ময়নার রায় | বিটঙ্ক বচনে বীর কালুকে গছায় || বিশাশয় কাএস্ত ভান্ডারে দন লিখে | রাবণের সম্পদ সমান সব দেখে || তিনদিন ঢেকুরে করিল বিলম্বন | লাউসেন আশ্বাস করিল সর্বজন || তৈলাত করিল অশ্ব অন্ডির পাখর | পুনর্বার যাত্রা কৈল গোউড় শহর || অপরঞ্চ ভূপাল ঈষত ভূঞা রাণা | সোম ঘোষ গোয়ালা সংহতি বন্দখানা || অশ্ব আগে ধায় কালুসিংহ বীরবল | পাল হৈল লাউসেন অজয়ার জল || শিঙ্গা কাড়া টমক ফুকরে রামকেলি | সঘনে ফলঙ্গ সারে শাখা সুখা ঢালী || পাঁচদিন ঢেকুরে গোউড়ে গতায়াত | চতুর্থ বাসরে পাল্য রাজার সাক্ষাত || দলে বলে বস্যাছে পঞ্চম গৌড়েশ্বর | বারভূঞা বর্তমান গৌড়ের পাতর || জোড়া শিঙ্গা সারে কালু সদর নিশান | তেঘাই টমক কাড়া শুনি পঞ্চতান || হেনবেলা রাজার দরবারে দরশন | পরিত্যাগ সৈন্ধব সত্বরে বিলক্ষণ || অশ্ব হেতু শাখা সুখা রহিল বাহির | রাজাকে প্রণাম করে লাউসেন বীর || একে একে সম্ভাষ করিল ভূঞাগণ | রাজার সমুখে বৈসে রঞ্জার নন্দন || সোম ঘোষ গোয়ালা রাজারে ভেট দিল | বারভূঞা লাউসেনে ধন্য ধন্য বৈল || রাজা বলে সোম ঘোষ সমাচার কি | কম্পমান ভূপতি পাবকে যেন ঘি || বন্ধু বলি বিস্তর বঞ্চিলে এই ঠাঞি | আমা প্রতি বিংশতি বত্সর দেখা নাঞি || মনে সাধ ছিল বুঝি গৌড়ের রাজতি | চাকর কুকুর বেটা এতদূর মতি || আজ্ঞা দিল আপনি কম্পিত কলেবর | বন্দখানা রাখ গিয়া দ্বাদশ বত্সর || এমত কহিল যদি অবনীর নাথ | নিবেদএ লাউসেন মাথে জোড়হাত || অধম দেখিয়া ক্রোধ ক্ষেমা দেহ মনে | পরিতোষ ভূপতিরে কৈল নানা ধনে || অজয়ার গণিল বেবাক ইরশাল | এতদিনে ঢেকুরে পাইল ঠাকুরাল || লাউসেন পাইল ভূষা অষ্ট অলঙ্কার | সমাদরে বলিল বিশেষ সমাচার || পাত্র ভাবে মুন্ডে মোর পড়িল বজ্জর | লাউসেন বিদায় হৈল ময়না নগর || রাবণ জিনিয়া যেন রাম আল্য দেশে | দক্ষিণ ময়না রাজ্য সেইরূপ ঘোষে || জনক জননী তবে করিল সম্ভাষ | পূর্ণ হৈল সভার মনের অভিলাষ || এইখানে বহু গীত সভে বল হরি | রথভরে ধর্মরাজ চল স্বর্গপুরী || নাএক পাইয়া ধর্ম হবে ধ্বজাবল | দ্বিজ রূপরাম গান ধর্মের মঙ্গল || . ****************** || ইছাইবধ পালা সমাপ্ত || . এই পাতার উপরে . . . মিলনসাগর |
