| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| সকল সংসার বলে লাউসেন ধর্ম | এবার জানিব আমি ভাগিনার মর্ম || তবে যদি অঘোর বাদল ভাঙ্গে নাঞি | বাসুলি পূজিব তোরে যে করে গোসাঞি || রাজা বলে লাউসেন ধর্মে দেহ মন | কলি অবতার তুমি পতিতপাবন || ধর্মপূজা হেতু বাপু হৈল সর্বনাশ | অনেক দিবস নাঞি রবির প্রকাশ || তুমি আজি সংসারে জীবন ধন বাপ | দূর কর আপনি লোকের পরিতাপ || ভালমত আপনি মানাবে ধর্মরাজা | আমার বদলে তুমি কর ধর্মূজা || রাজার বিনয়বাণী হেঁটমাথে নিল | প্রভুর গাজন ঘরে দরশন দিল || বিধিমতে আছিল বাইতি হরিহর | ভাই ভাই বলিয়া লাউসেন জোড়কর || অঙ্গহীন পূজা দিল গৌড়ের ভূপতি | তোমা হেতু পরিপূর্ণ হব বারমতি || এত বলি ধর্ম পূজে সদা শুচি মন | কর্পূর পাতর আনি দিল আয়োজন || সাধিল অনাদ্য পূজা দিয়া পুষ্পজল | আপনি ভাঙ্গিয়া গেল অঘোর বাদল || ঝড় বৃষ্টি দূর হৈল রবির প্রকাশ | গোউড়ের লোক যত হইল উল্লাস || দূর হৈল অকাল ধর্মের বাজিখেলা | তরণি প্রকাশ পাইল দ্বিপ্রহর বেলা || দরবার করিয়া বৈসে রাজা গৌড়েশ্বর | বারভূঞা বসিল সমুখে মন্ত্রিবর || রাজার দরবারে আসি বৈসে দুই ভাই | কেহ অনুমান করে কানাই বলাই || বারভূঞা ভূপাল লাউসেন মুখ চায়| দরবারে বসিয়া কেহ হরিগুণ গায় || লাউসেন জীবন দিল বলে সর্বজন | দুই ভাএ নরপতি দিল অভরণ || কস্তুরী চন্দন দিল পারিজাত মালা | রূপের প্রতাপে হৈল রাজসভা আলা || পাত্র বলে মোর মুন্ডে পড়িল বজ্জর | রাজভূষা পাইয়া দুভাই যায় ঘর || কোন রূপে রঞ্জাকে করিব আঁটকুড়ি | কতদিনে পেলাইব ময়নার হাঁড়ি || পশ্চিম উদয় হেতু দিব পাঠাইয়া | সেখানে মরিব বেটা নব খন্ড হয়্যা || নিবেদন করে পাত্র রাজার চরণে | কি কারণে ভাল ভাল বল লাউসেনে || শনিবারে বাদল ভাঙ্গিল শনিবারে | তাড় বালা তবে কেন লাউসেনকুমারে || মন দিয়া শুন রাজা পূর্ণ সমাচার | তোমা লঞা বিপাক পড়িল আর বার || অঙ্গহীন গোউড়ে ধর্মের পূজা দিলে | দাদুর ঘাটার দিন পাটা খসাইলে || পূর্ণ পূজা না পাইল ব্রহ্ম সনাতন | অকার্য হইল বড় আমিষা ভোজন || সবংশে হইব রাজা ধবল পাখর | এত দূর রাজতি তোমার নৃপবর || এত শুনি রাজার বদনে বাক্য নাহি | উপদেশ ইহার পাইব কার ঠাঞি || পাত্র বলে শুনহ নৃপতি মহাশয় | বার দন্ডে যদি দেখ পশ্চিম উদয় || হাকন্ড উদয় সেই যদি দেখ রায় | তবে এই আপদ বালাই দূরে যায় || ধর্মপদ কোকনদ মত্ত মধুব্রতী | দ্বিজ রূপরাম গান ব্রহ্ম যুগপতি || একথা শুনিঞা রাজা মনে সবিস্ময় | কোন দেশে কেবা দিব পশ্চিম উদয় || উপদেশ ইহার বলিবে বর্তমান | পাত্র বলে মহারাজ কর অবধান || পূরবের রাউল পশ্চিমে অস্ত যায় | পশ্চিমের উদয়ে অনাদ্য পূজা পায় || কে যাবে উদয় দিতে বল নৃপবর | তার বাক্য বল তুমি দরবার ভিতর || পাত্র বলে যেজন মাহিনা বস্যা খায় | সেজন থাকিতে বল অন্য কেবা যায় || বোলে চালে যেবা পরে বস্ত্র অলঙ্কার | যেজন বড়াঞি করে বসিয়া দরবার || পশ্চিম উদয় দিতে সে করু পয়ান | লাউসেন বিদায় কর হাথে দিয়া পান || পাত্রের বচন শুনি মহারাজা কয় | তবে তুমি দিতে চল পশ্চিম উদয় || অস্তগিরি চল বাপু পশ্চিম উদয় দিতে | হাথে ধরি মহারাজা লাগিল কান্দিতে || রাজার বচনে মহাপাত্র সায় দিল | জোড়হাথে লাউসেন বলিতে লাগিল || কোন দেশে হাকন্ড কেমনে তথা যাব | কোন দেশে কেমনে ধর্মের দেখা পাব || সলিলে পাথর ভাসে হরি গীত গায় | তার বাড়া অসম্ভব শুনি বিপরীত || পশ্চিম যাইতে নাঞি আমার শকতি | ঘোড়ার রাউত মুঞি নহি যুগী যতী || আগু হয়্যা বলে পাত্র আগুনের কণা | এখন শুনিয়া কথা কান্দেন ভাগিনা || এখনি বলিলে আমি ঘুচানু বাদল | অস্তগিরি যাত্যে কেন গাএ নাঞি বল || গৌড়েশ্বর শুনি এত হৈল কোপমন | লাউসেন-কর্পূর নেহালে বদন || তুমি কর আমার উদ্ধার অনুব্রত | মোর বংশে তুমি যেন হৈলে ভগীরথ || এত বলি দিল রাজা গায়ের কাবাই | রাজার সমুখে তবে কান্দে দুই ভাই || দরবারে বসিয়া কেহ নাঞি কয় কথা | পঞ্চম দিনের শশী হৈল মহীলতা || . ****************** . অঘোরবাদল পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
