| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| আপনার ছোট শালী তোরে বিভা দিল | বিধাতার মনের যত সফল করিল || পলাইয়া চল ভাই দক্ষিণ ময়না | তোর বিভা দিনু আমি করিয়া মন্ত্রণা || পাত্র আইলে অনেক পাইবে অপমান | পলাইয়া চল ভাই লইয়া পরাণ || দক্ষিণ ময়না মোর আছয়ে বসতি | কর দিয়া সর্ব্বকাল করহ রাজতি || রাজা বলে কর্ণসেন তুমি বড় ভাই | নিরবধি সাধ করি তোর মুখ চাই || লুকাইয়া বিভা দিনু পাত্র নাই জানে | একথা শুনিলে তোর বধিবে পরাণে || বিধাতার ঘটন খন্ডিতে নাই পারি | বচন বলিতে খসে নয়নের বারি || এত শুনি কর্ণসেন বলে জোড় কর | চিরদিন মনে জানি তোমার নফর || বড় সাধ আছিল থাকিব রাঙ্গা পায় | বিধির নিবন্ধ তাহা খন্ডন না যায় || নফর বলিএ রেখ আপনার মনে | কান্দে কর্ণসেন রায় অঝোরনয়নে || দুই জনে কোলাকুলি মধুর বচন | কর্ণসেন বলে ভাই ছয় মাসের গন || রাজা বলে যাহার যাহাকে থাকে মনে | নয়নের আড়ে দেখে ছয় মাসের গনে || সূর্য্যের কিরণ লক্ষ যোজন অন্তর | উদয় হইতে পদ্ম ফুটে মনোহর || দুপক্ষ যোজন চন্দ্র সর্ব্ব লোকে কয় | জলে বসে কুমুদ হাসিএ কথা কয় || কেমনে কুমুদ ফুটে যদি দেখা হয় | বিদায় হইলা সেন রাজার সভায় || বিদায় হইলা রায় শ্বশুর চরণে | নিজ পরিবার নিল অনেক যতনে || কল্যাণী মাণিকী সাঙ্গ ধায় নরপতি | পালাইয়া যায় রায় ময়না বসতি || বলদ-শকটে ধন নিলেক তুলিয়া | রাজার বচনে যায় রায় পালাইয়া || পাছুআন করে রায় গৌড় সহর | বড় গঙ্গা পার হৈল রমতি নগর || শীতলপুর বালীঘাট পশ্চাৎ করিয়া | তারাদিঘী গোলাঘাট দক্ষিণ রাখিয়া || ময়না নগরে গিয়া দিল দরশন | জয়পতি মন্ডল আর যত প্রজাগণ || রায় কর্ণসেনে আসি করিল সম্ভাষ | পান ফুল দিয়া রাজা করিল আশ্বাস || প্রমাণ অর্দ্ধেক ক্রোশ রাজার বসত | পরিসর বাজার আঠার গন্ডা পথ || তিন-সন্ধ্যা বাজারে বিকায় নানাধন | সের সের বেচে গুয়া চামর চন্দন || সুখে ঘর করে লোক লয়্যা পরিবার | নানা ধনে বিভূষিত রাজার বাজার || নগরে পড়িল সাড়া আল্য মহারাজ | বাড়ী ঘর মন্দির সকল করে সাজ || কৌতুকে রহিল রায় লয়্যা পরিজন | লেখে পড়ে জয়পতি মন্ডল বিচক্ষণ || রায় কর্ণসেন রহে ময়নার গড় | কাঙুর মহিমে তথা গৌড়ের নাবড় || মোকাম অনেক দিন গন্ডকীর ধারে | আট মাসে তার জল পার হৈতে নারে || দিবসে দিবসে জল বাড়ে আট তাল | পাত্র বলে বিদেশে বঞ্চিব কতকাল || মহিম না হল ফতে কাঙুরের হানা | নুকায়্যা দিলাম আমি গন্ডকীতে থানা || তম্বু-ঘর নষ্ট করে ভাঙ্গিয়া কানাত | সিফাই খনক যত নিল দ্রব্য জাত || নস্কর ফিরিল পুন গৌড় সহর | পরাজয় মনে করে গৌড়ের পাতর || নিরঞ্জনের মায়া কহনে নাঞি যায় | অনাদ্যমঙ্গল দ্বিজ রূপরাম গায় || গৌড় সহরে পাত্র দিল দরশন | সন্ধ্যাকালে ভূপতি করিল সম্ভাষণ || পাত্র বলে শুন রায় বচন আমার | গন্ডকী নদীর জল কেবা হয় পার || পার হৈতে নারিনু মাগিনু পরাজয় | এত বলি বিদায় হৈলা নিজালয় || আপনার ঘরে গিয়া দিল দরশন | শোভা করে পাটশালে কম্বল আসন || পাটশালে বসিতে অনেক পাল্য ভেট | নামজাদা সিফাই চরণে মাথা হেট || দন্ড কত বিলম্ব করিল পাটশালে | জননীর কাছে গেল ভিতর মহলে || . রঞ্জার বিবাহ পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |
