| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| চলিতে না পারে রাজা কাঁপে থর থর | শয়ন করিল গিয়া খট্টার উপর || [ মনে বড় সুখ পাইল মল্লিকা কুসুম | শয়ন করিতে বুড়া রাজা গেল ঘুম || ঐরূপে নিদ্রাগত নাই পাই সাড়া | গঙ্গাজলে ভাসে যেন দু মাসের মড়া || বাসঘরে শয়ন করিল নরপতি | নাস বেশ করে [ হেথা ] রঞ্জা রূপবতী || [ শ্রীধর্ম্মের মায়া কহনে নাঞী যায় | অনাদিমঙ্গল দ্বিজ রূপরাম গায় || ] বয়স-গৌরবে রসে নানা পরিপাটি | সমুখে যোগায় দাসী সিন্দুরের বাটি || নারায়ণতৈল চুয়া চন্দন লেপনি | অলঙ্কার পরিল গলায় গরুড়মণি || নাসবেশ করে রানী রঞ্জা বিদ্যাধরী | হীরামন মতি দিয়া দিব্য শোভা করি || পুরটের থোপা দিয়া বান্ধিল সুন্দর | দুসতি চাঁপার মালা তাহার উপর || মদনমোহন তায় মল্লিকার ঝারা | সিঁথীর সিন্দুর জবা দক্ষিণেতে বারা || চন্দনের রেখা দিল সিন্দুরের কোলে | উদয়পতঙ্গ শশী এক ঠাঞী জ্বলে || মোহন কাজল দিল চন্দনের ফোটা | গগনে ঈষৎ যেন কাদম্বিনী ঘটা || নয়ানে পরে রানী মোহন-কাজল | চিনি-চিনি করে যেন সাপের গরল || আনন্দে পরেন রানী অষ্ট অভরণ | সিন্দুরে মাজিয়ে রানী দেখিল দর্পণ || পরিপূর্ণ মাল্য পরে আর রসকাটি | পয়োধর-হার সাজে বড় পরিপাটি || বাসঘরে অভিলাষে নাসবেশ করে | আনন্দহৃদয় নানা অলঙ্কার পরে || বদনসৌরভে অলি পায় পদ্মগন্ধ | তাড়ের উপরে দিল জোড়া বাহুবন্ধ || শঙ্খের উপরে দিল সুবর্ণের চুড়ি | কড়েতে অমূল্য ঝাপা ভালে ভঙ্গ ঢেড়ি || যতনে পরিল রানী কনক-অঙ্গুরী | সদাই সঞ্চরে তায় তরণি বিজরী || পায়ে শোভে পাশুলী অপূর্ব্ব পাতামল | রসাল নূপুরবাজে সহজে উজ্জ্বল || লক্ষ টাকার কাঁচুলি করিল পরিধান | বিচিত্র লিখিল তায় ভারত-পুরাণ || [ বসুদেব বন্দিখানা কংস-কারাগারে | চরণে ডাড়ুকা দড় কপাট দুয়ারে || বন্দিখানা দুসর দৈবকী ঠাকুরাণী | বন্দিঘরে জন্ম নিল দেব চক্রপাণি || চতুর্ভুজ অবতার বনমালা গলে | বিপাকে দেখিয়া কৃষ্ণ বসুদেবে বলে || এই দন্ডে নন্দের মন্দিরে মোরে নেও | যশোদার কন্যা লইয়া কংসঘরে দেও || কহিতে বলিতে কৃষ্ণ বালকমূরতি | বসুদেব গোকুলে চলিলা রাতারাতি || সূর্য্যের নন্দিনী পথে আকুল যমুনা | সেই পথে সারথি হইল ত্রিলোচনা || সেই পথ জলে একা বসুদেব যান | কোলেতে আছিলা কৃষ্ণ পড়িলা নিদান || হায় হায় করে দ্বিজ না দেখে নন্দন | পুনরপি দেখা দিল দেব নারায়ণ || তবে দ্বিজ নন্দের মন্দিরে দরশন | এই সব কাঁচলিতে ভারত লিখন || কৃষ্ণ রাখি কন্যা লইয়া করিল গমন | দৈবকীরে কন্যা লইয়া দিলেক তখন || কোলে দিতে কান্দে দুর্গা কৃষ্ণের ভগিনী | প্রহরী দুয়ারে জাগে অপরূপ শুনি || বারতা পাইতে কংস আল্য কারাগারে | দৈবকীর কন্যা নিল পাবক-সঞ্চারে || পাথরে আছাড় মারে দয়া নাই মনে | হাতে হৈতে জয়দুর্গা উঠিলা গগনে || গগনে উড়িয়া দেবী ডাক দিয়া বলে | জন্মিল তোমার অরি নন্দের গোকুলে || এত বলি ভবানী হইল অন্তর্ধান | রূপরাম ফকির ধর্ম্মের গীত গান || . লাউসেন-জন্ম পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |
