| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| মকরন্দ বোলে রাজা করিল আশ্বাস | মনে লয় অবশ্য তাহার হব দাস || অতিশয় প্রভাতে সজাগ যদি ডাকে | মনে চমত্কার গুরু শমনের পাকে || সদাই সম্বল-চিন্তা চক্ষে নাই দেখি | গোউড় উত্কল যাত্যে মন হৈল পাখি || মিরাসে বিস্তর দিন মিছা দুঃখ পাই | জ্ঞাতিবন্ধু সংহতি ময়না চল যাই || এত শুনি ডুমনী ডাকিল বন্ধুজন | লাউসেন রাজার কাছে দিল দরশন || জোড়হাথে ডোম যত করিল জোহার | ডুমনী রাজার পাএ করে নমস্কার || নয়ান ভরিয়া দেখে ময়নার রাজা | সম্ভাষ করিল যত রমতির প্রজা || লাউসেন বলে শুন লখিয়া ডুমনী | রমতি রাখিয়া চল ময়না-অবনী || সুধন্য দক্ষিণ রাজ্য নীলাচল কাছে | ইহাকে অধিক সুখ আর কোথা আছে || বত্সর সম্বল দিব বসন-ভূষণ | সঙ্গে নিবে জ্ঞাতি বন্ধু সহায় স্বজন || বিনোদ মন্দির দিব মনোহর চূড়া | তাহার উপর দিব সুবর্ণ কুমুড়া || মহাজন বলি যেন সর্বকাল মানে | ভাই বলি কালুকে বসাব সন্নিধানে || অপরঞ্চ ক্ষেম দিব অর্ধেক ময়না | মকর কুন্ডলমণি কানে দিব সোনা || দুই হাথে শঙ্খ দিব শ্রীরাম-লক্ষ্মণ | পান খাবে সদাই পরিবে অভরণ || বড় ভাউজ বলিয়া করিব উপহাস | নতুবা মায়ের তুল্য মনে অভিলাষ || এই কথা শুনিঞা ডুমনী তত্ত্ব কয় | জ্ঞাতি বন্ধু সঙ্গে যাব তোমার আলয় || রমতি গৌউড়ে সাত পুরুষের মাটি | পূর্বাশর রাজার চাকর গুয়াহাটি || অনেক দিবস আছি ডোম তের ঘর | ইবে তত্ত্ব নাই লয় রাজা গৌড়েশ্বর || চাকর রাখিতে যদি নিজ সঙ্গে নিবে | একবার এই তত্ত্ব রাজাকে কহিবে || রাজনিন্দা করি কেন যাব পালাইয়া | সংহতি আপনি লহ রাজাকে বলিয়া || রাজাকে বলিলে পরিণাম ভাল হয় | লবণে জিনিলে তবে ঘরে অন্ন রয় || এ বোল শুনিঞা সেন হরষিত মন | রাজার দরবারে পুন করিল গমন || তরুমূলে কর্পূর বসিল আনন্দিত | লাউসেন দরবার গিয়া হৈল উপনীত || রাজার চরণে গিয়া করিল জোহার | অতি সবিনয় বাণী বলে পুনর্বার || যদি মোরে গৌরব মানিলে গৌড়েশ্বর | বীর কালু ভিক্ষা মাগি ডোম তের ঘর || অশ্ব আগে ধাইতে এমন বীর নাই | দ্বিগুণ লবণ হৈতে বিশাল বড়াই || লাউসেনের বাক্য যদি শুনিল রাজন | হাথে হাথে কালুরে করিল সমর্পণ || বলিতে কহিতে হৈল রমতি বিদায় | অনাদ্য মঙ্গল দ্বিজ রূপরাম গায় || রমতি নগর পুন পাইল লাউসেন | তের ডোম কালুকে ইনাম কিছু দেন || বিরলে কর্পূর সঙ্গে করেন যুগতি | পঞ্চাশ মোহর দিল সভাকার প্রতি || বেপার করিল সভে রমতির হাটে | বিপদ সম্পদ সুখ লিখন লল্লাটে || হেত্যার কিনিল সভে বস্ত্র যথোচিত | পরিবার সঙ্গে চলে ময়না তুরিত || ডুমনী সকল পরে পদ্মপুরী ভুনি | আপনি ডুমনী লখ্যা হেত্যারের ধনী || শাখা সুখা গোড়াইল শূকরের পাল | কর্পূর বলেন দাদা হইল জঞ্জাল || ধর্মের শাসন মহী ময়নানগর | জাতি-অনুসারে ডোম নিলেক শূকর || এই সব কদাচার নারিব দেখিতে | আপনি কালুকে বল আকার ইঙ্গিতে || কর্পূরের কথা শুনি লাউসেন কয় | কালুসিংহ রণজিতা শুন রণজয় || মষি গোরু দিব সভে শূকর বদলে | ইথে আর নাহি কাজ লাউসেন বলে || এত বলি লাউসেন ঘোড়ায় রাউত | তের দলুই সাজিল সাক্ষাত যমদূত || সাতবার মিরাসে করিল দন্ডবত | ধাইল ঘোড়ার আগে দক্ষিণের পথ || কালচিতি ধাবড় ধাইল বাঘরায় | শাখা সুকা বীর কালু অশ্ব আগে ধায় || . ****************** . কাঙুরযাত্রা পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
