| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| শহর লুটিতে আইল কাঙুর ভুপতি | পালায় গৌড়ের প্রজা না দেখি পদ্ধতি || ডাকাডাকি বলে পাত্র শুনি শিঙ্গা কাড়া | বচন বলিতে ভাঙ্গে বাহাত্তর পাড়া || দুরদুর লোক যত পালায় সত্বরে | পালাইতে পথ খুঁজে রাজা গৌড়েশ্বর || ষোল পাত্র বারভূঞা হইল কম্পিত | লঘু হৈল বলবুদ্ধি সমর পন্ডিত || রাজা বলে কোথা গেল পাত্র মহামদ | কেহ নাই দূর করে বিষম আপদ || পাত্র আনিবারে রাজা পাঠান পালকি | বেগে ধায় বেহারা বিপদ বড় দেখি || পালকি রাখিল মহাপাত্রের সমুখে | রাজার হুকুম পায়্যা বসিল কৌতুকে || পুনর্বার রাজার দরবারে দরশন | হাথে ধরি বলে তারে আপনি রাজন || কাগজ হিসাব তোরে বকশিস সকল | রক্ষা কর জীবন আইল কর্পূরধল || পাত্রমহামদ বলে মনঃকথা নাঞি | নফর পাঠায়্যা দিব কর্পূরধলের ঠাঞি || কাঙুরের ভূপতি আমার আজ্ঞাকারী | অকাল অনর্থ শুরু নিবারিতে পারি || আশ্বাসিয়া বসিল রাজার বরাবর | দরিয়ার মুখে ধায় পাত্রের নফর || নিষেধ বচনে বাদ্য হৈল নিবারণ | সভা করি বৈসে পুন গোউড় রাজন || বারভূঞা বসিলেন আর দলবল | দ্বিজ রূপরাম গান অনাদ্য মঙ্গল || দূর হৈল গৌড়ের দুরন্ত পরমাদ | আনন্দে ভূপতি শুনে অক্রুর-সম্বাদ || অক্রুর আরোহি সুখে পুরট বিমান | কৃষ্ণসঙ্গে লীলারঙ্গে মধুপুরে যান || বিমান যমুনাতীরে বিলম্ব করিল | সিনান লাগিয়া ত্বরা জলেতে নাম্বিল || ডুব দিতে জলে দেখে বলরাম হরি | পুনরপি বিমানে দেখিল কংস-ঐরী || অসম্ভব অক্রুর গণিল মনে মন | মহাসুখী মথুরা নগরে দরশন || কুবলয়-নিধনে সভার লোক কান্দে | অধ্যায় সমাপ্ত হৈল পাঠক পুথি বান্ধে || মনে যুক্তি করে তবে গৌড়ের নাবড় | লাউসেন পাঠায়্যা দিব কাঙুরের গড় || ভাগিনা হইতে নষ্ট হৈল কংসাসুর | এবার ভাগিনা দিব পাঠায়্যা কাঙুর || অবশ্য নিধন হব কর্পূরধলের রণে | রঞ্জাবতী আটকুড়ি হৈল এতদিনে || মনে অনুমান এত করিল বিস্তর | নিবেদন করিল রাজার বরাবর || দশবার কর্পূরধল আইল গোউড়ে | লাউসেন পাঠায়্যা দেহ কাঙুরের গড়ে || অধিকার নাই তথি এ বার বত্সর | কর্পূরধল নাঞি দেই কাঙুরের কর || বলবন্ত একি হৈল কর্পূরধল রাজা | যার সখা আপনি অভয়া দশভূজা || ঘরে বস্যা লাউসেন ভাগিনা ক্ষেম খায় | আজ্ঞা কর আপনি কাঙুর যেন যায় || ভাগিনার যোগ্যতা জানিব এইবার | হস্তিবধ করিয়া পাইল পুরস্কার || পাত্রের বচন শুনি রাজা সায় দিল | কাঙুর মহিম হেতু পরোনা লিখিল || রাজা বলে শুনরে কোটাল ইন্দ্রজাল | আন গিয়া লাউসেন ময়নার মহীপাল || এক দন্ড কথার বিলম্ব নাঞি সয় | বিদায় হইল বেগে দক্ষিণ বিজয় || প্রণাম করিয়া শিরে বান্ধিল পরোনা | ধাতক বিদায় হৈল দক্ষিণ ময়না || নৌকায় হইল পার ভৈরবীর জল | দিবস রজনী ধায় মাহিনার বল || কালিনী গঙ্গার জল নাএ পার হয়্যা | ময়না নগরে দূত উত্তরিল গিয়া || অযোধ্যা-সমান দেখে ময়না নগর | চালে চালে পুরট নেতক মনোহর || শহরে শহরে শুধু রণতুর কাড়া | আশি বাজার ছাড়াইল বিশাশয় পাড়া || বার দিয়া বস্যাছে ময়নার তপোধন | হেন বেলা ইন্দ্রজাল দিল দরশন || রাজার সমুখে গিয়া প্রণাম করিল | আগু হয়্যা রাজার পরোনা হাথে দিল || তিনবার লাউসেন পরোনা বন্দি শিরে | মোহর ভাঙ্গিয়া পত্র পড়ে ধীরে ধীরে || . ****************** . কাঙুরযাত্রা পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
