| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| কাঙুরগড় আপনি সাজিলে কতবার | নব লক্ষ নারিল গন্ডকী হৈতে পার || আমি কোন ছার বীর আর মন্দমতি | কেমনে মহিম যাব কাঙুর বসতি || এত শুনি বলে তবে পাথ মহামদ | লোকে বলে ভাগিনা বিক্রম বিশারদ || তবে যদি কাঙুর মহিম নাঞি যাবে | পরিণামে হেথায় প্রলয় দুঃখ পাবে || তিন সন ময়নার বেবাক কর নিব | তারপর দারুণ পাথর বুকে দিব || মাতুল বচন প্রতি লাউসেন কয় | কাঙুর মহিম যাত্যে কার মনে ভয় || অবশ্য মহিম যাব কামতার গড় | বিদায় হইল বীর রাজার নিয়ড় || রাজভূষা প্রসাদ বান্ধিল ফুলপান | ঘোড়ার রাউত বেগে কাঙুর পয়ান || কাড়া শিঙ্গা টমক নিশান পরিপাটি | গোউড় রাখিয়া পাছু পাইল রসভাটি || পাছু হইল দেখাদেখি মজিলিসপুর | রাজভাটি বাসুরী দক্ষিণ থাকে দূর || বিনতানগর যায় পশ্চাত করিয়া | গন্ডকী নদীর তীরে উত্তরিল গিয়া || সমুদ্র সমান নদী তরঙ্গ পর্বত | পারাপার নাই তথি তরণীর পথ || উত্তরিল লাউসেন গন্ডকীর ধারে | দেখিল কাঙুরগড় তাহার উপারে || চারিদিগে গন্ডকী কাঙুর তার মাঝে | সমুদ্রের মধ্যে যেন লঙ্কাগড় সাজে || পাথরের গড় দেখি পর্বতের আভা | মেঘের বরণ জিনি করিয়াছে শোভা || সশঙ্কিত হইল ময়নার তপোধন | দ্বিজ রূপরাম গান দৈমন্তীনন্দন || উত্তরিল লাউসেন গন্ডকীর তীরে | জোড়হাথে কালুবীর বলে ধীরে ধীরে || পার হৈতে নারিব গন্ডকী বিপর্যয় | এহার উপায় চিন্তা কর মহাশয় || বর্ণাবর্ণ উষ্ণ জল কেহ নারে খাত্যে | সপ্তনদী শুনি যেন যমালয় যাত্যে || শুন্যাছি পিতার মুখে বল্যাছিল আজা | নদীখানি পারাত্যে নারিল কোন রাজা || ঈষত পবনে বড় তরঙ্গ আপায় | নাই চলে তরণী ঐমনি তল যায় || পঞ্চতীর্থ মধ্যে বলে প্রধান গন্ডকী | এহাতে উদ্ধার হৈল পঞ্চম পাতকী || পূর্ণতীর্থ গন্ডকী পন্ডিত-মুখে শুনি | এহার উপায় তুমি কহিবে আপনি || কালুর বচন শুনি লাউসেন হাসে | আশ্বাস করিল পার হইব অনাসে || পার হৈতে নাই ভেলা অপরঞ্চ না | গয়া গঙ্গা গন্ডকী ধর্মের দুই পা || এত বলি বসিল গন্ডকী নদীতীর | লঙ্কা প্রতি সিন্ধুকূলে যেন রঘুবীর || রণকাড়া তেঘাই সঘনে শিঙ্গা পড়ে | সর্বজন উত্তরিল গন্ডকীর তড়ে || তবে ধর্ম পূজেন ময়নার তপোধন | নিরমল পূজার করিল আয়োজন || আনন্দে পূজিল ধর্ম ষোল উপাচারে | স্তব করে লোটায়্যা অবনী বারে বারে || ধর্মের পিরিতে সেন দিল অর্ঘ্যদান | আচম্বিতে বৈকুন্ঠে জানিলা ভগবান || অন্তরযামিনী প্রভু জানিল ধিয়ানে | সবিনয় আপনি বলেন হনুমানে || পার হৈতে গন্ডকী না পারে লাউসেন | আপনি তাহার তরে উপদেশ দেন || ধর্মপাল রাজার বলিবে উপাক্ষান | করজাপ্য সমুদ্র-কাটারি যেন পান || প্রভুর বচন বীর নিল হেঁটমাথে | মনগতি উত্তরিল সেনের সাক্ষাতে || . ****************** . কাঙুরযাত্রা পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
