| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| সিফাই সহিত অশ্ব হানে এক চোটে | কৌতুকে বালক যেন ইক্ষুদন্ড কাটে || ঢালী পাকি কত পড়ে সংখ্যা নাহি তার | কালু বীর কৌতুকে বলিছে মার মার || নৌতন রাউত রাণা রণে পড়ে ঠায় | পঞ্চমীর চন্দ্র যেন গড়াগড়ি যায় || রাম রাম শবদ সমরে সভে শুনি | চৌদিগ কাঁপিল ডরে চঞ্চল অবনী || বড় গোলা দুপাশে জলদ যেন গাজে | রণমধ্যে মাতঙ্গ সমরে যেন যুঝে || দড় দড় মহাবীর হানে কাল অসি | দিনে উপনীত হৈল অন্ধকার নিশি || রাজসেনা হানে কাটে ডর ভয় নাই | রণে সখা কালুবীরের শ্রীধর্ম গোঁসাই || গড়ের দুয়ারে বীর একা রণ জোড়ে | কিবা গজ তুরকি রাউত রণে পড়ে || সিফাই সর্দার পড়ে কিবা তার কথা | ঝনঝন রণে পড়ে রাউতের মাথা || সমরে পন্ডিত কত কর্ণের সমান | রণে যুঝি পড়িল সৈয়দ খোরাশান || হাতাহাতি মহারণ গড়ের দুয়ার | রণে ভঙ্গ দিল সেনা পড়িল বিথার || অবশেষে পালায় রাজার সৈন্যগণ | কালুসিংহ বীর তবে জয় হৈল রণ || সমর জিনিঞা বীর সত্বর পয়ান | অসুর দলিয়া যেন মঘবান যান || গন্ডকীর তীরে হোথা লাউসেন রাজা | কালুর কল্যাণে সেন করে ধর্মপূজা || সেন বলে কালু না আইল এতক্ষণ | শাখা সুখা তের দলুই চায়্যা দেখে গন || কেহ বলে যুদ্ধের লক্ষণ পাই গড়ে | শুকিনি গিধিনি কত ঝাঁকে ঝাঁকে উড়ে || কেহ বলে চল যাই গড়ে দিব হানা | রাজা বলে কাঙুর ভিতরে নিব থানা || হেন বেলা আইল কালু যম অবতার | কর্পূরধল ভেট দিয়া করিল জোহার || লাউসেনে ভেট দিল কাঙুর-রাজন | জোড় হাথে বলে কালু জয় হৈল রণ || নিধন করিলু রণে পাঁচ লক্ষ বল | বান্ধিয়া আন্যাছি এই রাজা কর্পূরধল || এত শুনি হরষিত ময়নার রায় | বকশিস করিল জামা উতারিয়া গায় || আসর সহিত ধর্ম তুমি দিবে বর | দ্বিজ রূপরাম গান শ্রীরামপুরে ঘর || দারুণ বন্ধনে তবে কর্পূরধল রায় | নিবেদন করে কিছু লাউসেনের পায় || শুন রাজা লাউসেন মোর নিবেদন | অবিলম্বে দূর কর কঠিন বন্ধন || দারুণ বন্ধনে প্রাণ হয়্যাছে কাতর | বার বত্সরের দিব কাঙুরের কর || কর দিব বেবাক কলিঙ্গা দিব দান | দশ গুণে রূপবতী শচীর সমান || হেন কন্যাদান দিব শুন মহাশয় | ধর্মকথা নিবেদিল অন্যমত নয় || দুঃখী দেখি লাউসেন অমনি দিল সায় | বীর কালু কর্পূরধলে বলে উভরায় || সত্য কর এখানে তুলসী গঙ্গাজল | কলিঙ্গা লাউসেনে দিব এই কথা বল || এই কথা তোমার প্রত্যয় নয় মনে | সত্য করি বল কন্যা দিব লাউসেনে || গঙ্গাজল তুলসী তুলিয়া নিল হাথে | নাম ধরি দান দিব ধর্মের পিরীতে || কালু ডোম রাজার বন্ধন দূর করে | কর্পূরধল বলিল লাউসেন বরাবরে || হেনবেলা কালুসিংহের বলে তাঁর পায় | নফরের দোষ কিছু নাঞি লবে রায় || এইরূপ রাজধর্ম সভার উপর | রাজার লবণ খাই রাজার চাখর || এত বলি তিনবার করিল জোহার | কাঙুরে বসিল লাউসেনের দরবার || . ****************** . কলিঙ্গবিভা পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
