| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| সপিন্ড নাহিক দিলে বত্সর অশুচি | মাছি পোক ডাঁশ যেন পুতিগন্ধ রুচি || বৈদেশী রাজার পায়ে কর নিবেদন | তবে বিভা বত্সর দিবস বিলম্বন || কন্যার বচন শুনি কর্পূরধল রায় | লাউসেনের কাছে তবে ধীরে ধীরে যায় || বিশেষ বারতা বলে করি জোড়হাত | অবধানে শুন রাজা ময়নার নাথ || অনেক পড়িল রণে জ্ঞাতিবন্ধুজন | না জানি কতেক দিনে হবেক দাহন || শোকে তনু মলিন মরমে বড় শাল | জ্ঞাতির প্রধান কত মৈল মহীপাল || আর কত কত মৈল জ্ঞাতির প্রধান | সপিন্ড নইলে কেবা দেই কন্যাদান || বত্সর বিলম্ব কর ময়নার রায় | কন্যাদান দিয়া দেশে করিব বিদায় || এত যদি শুনিল ময়নার তপোধন | মনে করে কেমনে বত্সর বিলম্বন || জোড়হাথে বলে কালু এহার উপায় | হেনই দিবসে মনে কর ধর্মরায় || দ্বিজ রূপরাম গান সখা নিরঞ্জন | আলস্য তেজিয়া হরি বল বন্ধুজন || কালুর বচনে রাজা ধর্ম মনে করে | পতিত পাবন প্রভু পার কর মোরে || সমরে পড়িল সেনা যদি প্রাণ পায় | কলিযুগে তোমার খিয়াতি রহি যায় || এক মনে ধর্ম যদি কৈল সঙরণ | হেনবেলা বৈকুন্ঠে জানিলা নিরঞ্জন || আজ্ঞা দিল সহস্র লোচন মায়াধর| অমৃত বরিষ গিয়া কাঙুর-ভিতর || অনুমতি পাইল যদি দেবতার রায় | জলদ সংহতি করি কাঙুরেতে যায় || রুহিণী কুন্ডের জল নিলেক তুলিয়া | বরিষণ পীযুষ কাঙুর দেশ গিয়া || আচম্বিতে মেঘ ডাকে নাহিক সঞ্চার | ঈশানে ঊরিল করি ঈশ্বর আন্ধার || মন্দ মন্দ সঘনে অমৃত বরিষণ | অভিষেক করে যেন দেবব়্যা ব্রাহ্মণ || প্রবাল মুকুতা হীরা বরিষয়ে পাট | ছমাসের মড়া উঠে বলে হান কাট || গায়ে জামাজোড়া উঠে সিফাই সর্দার | মৃত সেনা প্রাণ পাইল বলে মার মার || রণভেরী দুন্দুভি চৌদিকে বাদ্য বাজে | ঢালী উঠে ফলঙ্গ সারিয়া ঘন গাজে || কত কত হাথি ঘোড়া পাইল জীবন | সুধা পারশনে হৈল নৌতন চেতন || যার চক্ষু খায়্যাছিল গিধিনি শুকিনি | সুধা পরশনে তার নৌতন লোচনি || যত সেনা মব়্যাছিল পাইল প্রাণদান | সবিস্ময় সকল সংসার হৈল আন || উঠিল কুঞ্জর ঘটা যেন কাদম্বিনী | বিনা মেঘে শস্য যেন পুরিল অবনী || দুবরাজ প্রাণ পাইল নরসিংহ রায় | ঐ কালু বলি কেহ উঠিয়া পালায় || লাউসেন নাম বলি সর্বজন কয় | কেহ বলে অবতার জানিল নিশ্চয় || কেহ বলে এমন সপনে দেখি নাঞি | রামরূপ অবতার যেমন গোসাঞি || কর্পূরধল রাজা বলে আমি ভাগ্যবান | এই দন্ডে লাউসেনে দিব কন্যাদান || বড় সুখ সম্পদ সভার ঘরে ঘরে | আনন্দের সীমা নাই কাঙুর নগরে || রাজার মহলে বাজে ব্যালিশ বাজনা | কত কত দেশে দেশে উঠিল ঘোষণা || ধাওাধাই লোক যত আনে আয়োজন | কলিঙ্গার অধিবাস করে শুভক্ষণ || প্রতিহার আইল পন্ডিত পুরোহিত | নিবেদিল যত কিছু বেদের বিহিত || শুভক্ষণে কন্যার করিল অধিবাস | দ্বিজ রূপরাম গান অনাদ্যের দাস || . ****************** . কলিঙ্গবিভা পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
